বিশ্বকাপের মঞ্চে নিজেদের প্রথম ম্যাচের আগে বড় ধাক্কা খেল রেকর্ড পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। চোটের কারণে মরক্কোর বিপক্ষে আজ রাতে সেলেসাওদের উদ্বোধনী ম্যাচে খেলতে পারছেন না পোস্টার বয় নেইমার। দলের কোচ কার্লো আনচেলোত্তি নিজেই এই খবর নিশ্চিত করেছেন।
৩৪ বছর বয়সী নেইমার বেশ কিছুদিন ধরেই পায়ের পেশির চোট সঙ্গে লড়াই করছেন। এখনো দলের সঙ্গে পুরোদস্তুর অনুশীলন শুরু করতে পারেননি তিনি।
আনচেলোত্তি জানিয়েছেন, নেইমার আগামী সপ্তাহে স্কোয়াডের সঙ্গে অনুশীলন শুরু করবেন। ফলে ২০শে জুনের দ্বিতীয় ম্যাচে হাইতির বিপক্ষেও তার খেলা নিয়ে সংশয় রয়েছে। ব্রাজিলের গ্রুপ পর্বের শেষ ম্যাচ ২৪শে জুন, স্কটল্যান্ডের বিপক্ষে।
সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, ‘নেইমার যত দ্রুত সম্ভব সেরে ওঠার জন্য কঠোর পরিশ্রম করছে। আশা করছি, আগামী সপ্তাহে তিনি দলের সঙ্গে যোগ দিতে পারবেন। আমরা যখন নেইমারকে দলে ডাকি, তা শুধু তার মাঠের অতুলনীয় দক্ষতার জন্য নয়। বরং তার অভিজ্ঞতা এবং তরুণ খেলোয়াড়দের ওপর তার ইতিবাচক প্রভাবের কথাও মাথায় রাখি।’
২০২৩ সালের পর চোটের কারণে ব্রাজিলের জার্সিতে আর মাঠে নামা হয়নি নেইমারের। তা সত্ত্বেও চেলসির জোয়াও পেদ্রো বা টটেনহ্যামের রিচার্লিসনের মতো ফরোয়ার্ডদের পেছনে ফেলে বিশ্বকাপে জায়গা করে নেন তিনি। দেশের হয়ে ১২৮ ম্যাচে রেকর্ড ৭৯টি গোল করা নেইমারের এটি চতুর্থ বিশ্বকাপ। তবে ব্রাজিলের হেক্সা মিশনের শুরুতেই তার এই অনুপস্থিতি নিশ্চিতভাবেই ভাবিয়ে তুলবে সেলেসাও ভক্তদের।
