আজ রাত চারটায় মরোক্কোর বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করবে ব্রাজিল। হেক্সা মিশন শুরুর আগে ব্রাজিল দলের ফুটবলারের স্ত্রীরা অভিনব কায়দায় সময় কাটাচ্ছেন। নেইমার, রাফিনিয়াদের সঙ্গীরা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন তাদের হাতের নতুন সাজ-কেউ স্বামীর জার্সি নম্বর এঁকেছেন, কেউ আবার দেশের পতাকার রঙে নিজের হাত রাঙিয়েছেন।
এনদ্রিকের স্ত্রী গ্যাব্রিয়েল মিরান্দা পেশায় ডিজিটাল ইনফ্লুয়েন্সার। বিশ্বকাপে তার কিছু না কিছু করারই কথা। মিরান্দা তার এক আঙুলের নখে এঁকেছেন ১৯ নম্বর। এটি এনদ্রিকের জার্সি নম্বর। বলতে পারেন, এনদ্রিক মাঠে নামার আগেই তার নাম-নম্বর হাতে নিয়ে নেমে পড়েছেন তাঁর সঙ্গী। লুকাস পাকেতার স্ত্রী দুদা ফোরনিয়ে আবার একটু সৃজনশীল পথে গেছেন। চিরাচরিত ‘ফ্রেঞ্চ ম্যানিকিউরে’ সাধারণত নখের ডগায় সাদা রেখা থাকে। তবে পাকেতার স্ত্রী সাদা রঙের জায়গায় দিয়েছেন সবুজ-হলুদ। ব্রুনো গিমারায়েসের স্ত্রী আনা লিদিয়াও একজন ইনফ্লুয়েন্সার। তিনি আবার সরাসরি ব্রাজিলের পতাকার রং বেছে নিয়েছেন তার নখের সাজে। এদিকে ইনফ্লুয়েন্সার ক্যারল ক্যাব্রিনো বেছে নিয়েছেন হলুদ রং, একদম একরঙা স্টাইলে। ক্যাব্রিনো ব্রাজিল অধিনায়ক মারকিনিওসের স্ত্রী।
তবে সবাই যে খুব জটিল ডিজাইনের পথে হেঁটেছেন, তা নয়। নেইমারের সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি সোজাসাপটা বেছে নিয়েছেন একদম সাদা রং। আর সেটা সেরেছেন নখে নয়, নিজের হাতে। আর সবচেয়ে মজার গল্পটা বোধ হয় রাফিনিয়ার স্ত্রী নাতালিয়া রদ্রিগেস বেলোলির। তিনি নিজেই জানিয়েছেন, সময়ের অভাবে নখ ডিজাইন করতে বাইরে যাওয়ার সুযোগই হয়নি! স্বামীর খেলা দেখতে দেশের বাইরে যাওয়ার আগে শেষ মুহূর্তের ব্যস্ততায় রং করানোর সময় বের করতে না পেরে তিনি নিজেই বসে গেছেন নিজের নখ রং করতে।
তবে ব্রাজিলিয়ানদের স্ত্রীদের এই ট্রেন্ড নতুন নয়। ২০২২ কাতার বিশ্বকাপের সময়ই এই ট্রেন্ড আলোচনায় আসে। তখন সামাজিক যোগাযোগমাধ্যম ও ফ্যাশন দুনিয়ায় এই ব্রাজিলিয়ান অ্যাসথেটিক দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছিল, যেখানে জাতীয় দলের জার্সি, দেশের নাম লেখা পোশাক এবং সবুজ-হলুদ-নীল রঙের জিনিসপত্র মূল আকর্ষণ হয়ে দাঁড়ায়। নেইল আর্ট নিয়ে তখন রীতিমতো গাইডলাইনও তৈরি হয়। সবুজ, হলুদ ও নীল নেইল পলিশ একসঙ্গে মিশিয়ে কীভাবে নকশা করতে হবে, তা নিয়ে।
আর এই উন্মাদনা শুধু খেলোয়াড়দের স্ত্রীদের মধ্যেই সীমাবদ্ধ থাকে না। ব্রাজিলের নারীদের অনেকেই এ কাজ করে থাকেন। আর সবার উদ্দেশ্য একটাই—ব্রাজিলের জয় কামনা। বাংলাদেশ সময় আজ রাত চারটায় এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে ব্রাজিল, প্রতিপক্ষ মরক্কো। স্ত্রী-সঙ্গীদের নখ-ডিজাইন কাজে লাগবে তো?
