নেত্রকোণার কেন্দুয়ায় অটোরিকশা ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিয়াস মিয়া (২৫) নামে এক অটোশাচালক নিহত হয়েছেন। শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার পাইকুড়া ইউনিয়নের কেন্দুয়া-পুড়ুড়া সড়কের সোহাগপুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত আরও কয়েকজন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, একটি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা ভারতীয় কম্বলবোঝাই একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গেলে চালক পিয়াস ও যাত্রী বিল্লালসহ আরও একজনকে স্থানীয়রা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে সেখানে চিকিৎসক পিয়াসকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যানবাহন জব্দ করে। এ সময় পিকআপটির চালক ও হেল্পারকে আটক করা হয়। কেন্দুয়া থানার ওসি তরিকুল ইসলাম বলেন, দুর্ঘটনাকবলিত যানবাহন জব্দ করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
