খাবার সরবরাহে বিধিনিষেধ, ‘ফুড বন্দি’ বলে কটাক্ষ অখিলেশ যাদবের

যন্তর মন্তরে বিক্ষোভ

খাবার সরবরাহে বিধিনিষেধ, ‘ফুড বন্দি’ বলে কটাক্ষ অখিলেশ যাদবের

ফন্ট সাইজ:

দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) চলমান বিক্ষোভকে কেন্দ্র করে জনশৃঙ্খলা বজায় রাখতে বড় প্রশাসনিক পদক্ষেপ নিয়েছে দিল্লি পুলিশ। বিক্ষোভ এলাকা ও আশপাশে অ্যাপভিত্তিক সেবা, খাবার সরবরাহ, ক্যাব সার্ভিস এবং কুইক-কমার্স লজিস্টিকসের চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এ খবর দিয়ে অনলাইন জি নিউজ বলছে, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (বিএনএসএস), ২০২৩-এর ১৬৩ ধারার (আগের ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা) আওতায় দিল্লি ট্রাফিক পুলিশ একটি বিস্তারিত নির্দেশনা জারি করেছে।

এতে বাণিজ্যিক অ্যাগ্রিগেটর প্রতিষ্ঠান এবং সাধারণ নাগরিকদের নিরাপত্তার স্বার্থে বিক্ষোভস্থলের আশপাশে কার্যক্রম সীমিত রাখার অনুরোধ জানানো হয়েছে। ডেলিভারি কর্মীদের নিরাপত্তার কথা বলছে পুলিশ দিল্লি ট্রাফিক পুলিশ জানিয়েছে, এই নির্দেশনার মূল উদ্দেশ্য হলো ভিড়পূর্ণ পরিস্থিতিতে ডেলিভারি কর্মী, চালক এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। তাই যন্তর মন্তর এবং মধ্য দিল্লির নির্ধারিত এলাকায় অপ্রয়োজনীয় চলাচল থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

পুলিশের নির্দেশনায় বলা হয়েছে, জনশৃঙ্খলা, শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নির্ধারিত এলাকায় অ্যাপভিত্তিক প্ল্যাটফর্ম, রাইড-শেয়ারিং সেবা, খাবার সরবরাহ এবং লজিস্টিকস অ্যাগ্রিগেটরদের যানবাহন চলাচল নিয়ন্ত্রণের পরামর্শ দেয়া হচ্ছে।

তীব্র সমালোচনা করলেন অখিলেশ যাদব

সরকারের এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লিখেছেন, “খাবার কেড়ে নেবেন না! (নোটবন্দির পর এবার ‘ফুড বন্দি’)।” তিনি অভিযোগ করেন, বিক্ষোভের অজুহাতে জরুরি সেবার ওপর এমন বিধিনিষেধ অযৌক্তিক এবং সাধারণ মানুষের দুর্ভোগ বাড়াবে।

কনট প্লেসের দোকানপাট সন্ধ্যা সাড়ে ৬টার মধ্যে বন্ধের নির্দেশনা

বিক্ষোভের প্রভাব পড়েছে রাজধানীর অন্যতম বাণিজ্যিক এলাকা কনট প্লেসেও। বৃহস্পতিবার নিউ দিল্লি ট্রেডার্স অ্যাসোসিয়েশন (এনডিটিএ) এক বিজ্ঞপ্তিতে দোকান, অফিস ও রেস্তোরাঁগুলোকে সন্ধ্যা সাড়ে ৬টার মধ্যে বন্ধ করার সুপারিশ করেছে। এনডিটিএ জানিয়েছে, নিউ দিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিলের (এনডিএমসি) চেয়ারপারসনের সঙ্গে আলোচনা ও সুপারিশের ভিত্তিতেই এই নির্দেশনা জারি করা হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন