নজরদারিতে ৩ শতাধিক কর্মকর্তা

সহযোগীদের খবর

নজরদারিতে ৩ শতাধিক কর্মকর্তা

ফন্ট সাইজ:

কালের কণ্ঠ

‘নজরদারিতে ৩ শতাধিক কর্মকর্তা’—এটি দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম। খবরে বলা হয়, সরকারের ভেতরেই সরকারের জন্য অস্বস্তির কারণ হয়ে উঠেছেন এক শ্রেণির কর্মকর্তা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগ, পদায়ন ও পদোন্নতিতে রাজনৈতিক সুবিধা পাওয়া অনেক কর্মকর্তা এখনো প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন।

তাঁদের কারো বিরুদ্ধে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখা, কারো বিরুদ্ধে তথ্য সরবরাহ, আবার কারো বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে বর্তমান সরকারের সময়ও সুবিধাজনক অবস্থানে থাকার অভিযোগ উঠেছে।

এমন পরিস্থিতিতে মাঠ প্রশাসন থেকে সচিবালয় পর্যন্ত প্রশাসনের তিন শতাধিক কর্মকর্তাকে নজরদারিতে রেখেছে সরকার। একই সঙ্গে মাঠ প্রশাসনে বড় ধরনের রদবদলের প্রস্তুতি চলছে। শিগগিরই ২৫ জেলা প্রশাসক (ডিসি) পদেও পরিবর্তন আনা হচ্ছে।

সরকারের আশঙ্কা, প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের মধ্যে আওয়ামী লীগ ঘনিষ্ঠ একটি অংশ এখনো সক্রিয়। মাঠ প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর কিছু কর্মকর্তার ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। তাঁদের কেউ কেউ সরকারের গুরুত্বপূর্ণ তথ্য বাইরে সরবরাহ করছেন, আবার কেউ কেউ নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের নানাভাবে সহযোগিতা করছেন।

সাম্প্রতিক কয়েকটি ঘটনা সরকারের এই উদ্বেগ বাড়িয়েছে। গত ১২ নভেম্বর চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কাছে পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগ প্রকাশ্যে আসে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে তদন্ত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার বিষয়টি আলোচনায় আসে।

গত রবিবার গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রকাশ্যে মিছিল, সমাবেশ ও শোডাউন করেন। লগি-বৈঠা ও দেশীয় অস্ত্র নিয়ে মিছিলের পাশাপাশি বিভিন্ন স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হলেও তাঁদের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে।

ঘটনার পরপরই গোপালগঞ্জের ডিসি মো. আরিফ-উজ-জামানকে প্রত্যাহার এবং এসপি মো. হাবীবুল্লাহকে বদলি করা হয়। এ ছাড়া চুয়াডাঙ্গার ডিসি লুত্ফুন নাহারকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। সরকারের নীতিনির্ধারকদের একটি অংশ মনে করছে, প্রশাসনের ভেতরে রাজনৈতিকভাবে প্রভাবিত কর্মকর্তাদের চিহ্নিত করতে না পারলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং সিদ্ধান্ত বাস্তবায়নে সমস্যা তৈরি হতে পারে। গোপালগঞ্জের ঘটনা সেই আশঙ্কাকে আরো সামনে নিয়ে এসেছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বলেন, ‘প্রশাসনের আট লাখ কর্মকর্তা কর্মচারীর মধ্যে কে কী করছেন, তার প্রতিদিনের গোয়েন্দা প্রতিবেদন পাচ্ছি। এরই মধ্যে দুই জেলার ডিসিকে প্রত্যাহার করা হয়েছে। তাঁদের ব্যাপারে তদন্ত চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমও যাচাই করা হচ্ছে। কোনো কর্মকর্তার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। বর্তমান সরকার এসব বিষয়ে আরো কঠোর হচ্ছে।’

নজরদারিতে কারা: নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের তিন আমল থেকে বর্তমান প্রশাসনে থাকা সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, উপসচিব, জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসারসহ তিন শতাধিক কর্মকর্তাকে গোয়েন্দা নজরদারিতে রেখেছে সরকার। বর্তমানে প্রশাসনে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) থাকা কর্মকর্তা, ডিসি (জেলা প্রশাসক) ও সচিব পদে দায়িত্ব পালনকারী কর্মকর্তারা অপতৎপরতা করছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এর মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এমন অভিযোগের ভিত্তিতে দুই জেলার ডিসিকে প্রত্যাহার করা হয়েছে। প্রশাসনে ক্যাডারে কর্মরত সাড়ে ছয় হাজার কর্মকর্তার মধ্যে ভারতে প্রশিক্ষণপ্রাপ্ত রয়েছেন প্রায় আড়াই হাজার। তাঁদের কেউ অতিরিক্ত বিভাগীয় কমিশনার, অতিরিক্ত জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার, সিনিয়র সহকারী সচিব, সিনিয়র সহকারী কমিশনার, সহকারী কমিশনার (ভূমি) এবং মন্ত্রণালয়ের সমমর্যাদার পদে কর্মরত রয়েছেন। তাঁদের কাউকে কাউকে নজরদারির মধ্যে রাখা হয়েছে।

জানা গেছে, ফ্যাসিস্ট সরকারের দোসর হিসেবে প্রশাসনকে ব্যাপকভাবে দলীয়করণ করেছেন। আমলাতন্ত্রের পেশাদারি ভুলে রাজনীতিবিদদের সঙ্গে একাত্ম হয়ে দুর্নীতির মাধ্যমে সম্পদের স্বর্গরাজ্য গড়েছেন। এমন কিছু কর্মকর্তাও সরকারের নজরদারিতে রয়েছেন। এ ছাড়া প্রশাসনে থাকা কর্মকর্তাদের কেউ কেউ আওয়ামী ঠিকাদারদের পুনর্বাসনের চেষ্টা করছেন। তাঁদের বিভিন্ন কাজ পেতে সহায়তা করছেন। প্রকান্তরে তাঁরা আওয়ামী লীগের নাশকতাসহ নানা কাজে অর্থের জোগান দিচ্ছেন। কেউ কেউ বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাধাগ্রস্ত করতে নানা যড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন। এমন কিছু কর্মকর্তাকেও নজরদারিতে রাখা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ১৭ বছরে সরকারের গুরুত্বপূর্ণ দপ্তরগুলোয় কারা কাজ করেছেন, সরকারের গোয়েন্দা সংস্থা তাঁদের তালিকা তৈরি করেছে। গত তিন মেয়াদে আওয়ামী সরকারের মন্ত্রিসভার সদস্যদের পিএস হিসেবে কাজ করেছেন, তাঁদের তালিকা করা হচ্ছে। এ ছাড়া ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের বিতর্কিত নির্বাচনে দায়িত্ব পালন করা ডিসিদের মধ্যে যাঁরা কর্মরত রয়েছেন, তাঁদেরও নজরদারিতে রাখা হয়েছে। যদিও যেসব কর্মকর্তার চাকরির বয়স ২৫ বছর পূর্ণ হয়েছে এমন ২২ জনকে (সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, উপসচিব পদমর্যাদা) বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

নিয়োগের সময়, ব্যাচ ও রাজনৈতিক ঘনিষ্ঠতা নিয়ে প্রশ্ন : ২০০৯ সালের পর আওয়ামী লীগ সরকারের টানা ১৫ বছরে ২৮তম থেকে ৪৩তম বিসিএসের বিভিন্ন ব্যাচের কর্মকর্তারা প্রশাসনসহ বিভিন্ন ক্যাডারে যোগ দিয়েছেন। তাঁদের মধ্যে কেউ কেউ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন—এমন অভিযোগ দীর্ঘদিনের। বিশেষ করে বিসিএস নিয়োগে দলীয় বিবেচনা, প্রশ্নপত্র ফাঁস ও নিয়োগে অনিয়মের অভিযোগ বিভিন্ন সময় উঠেছে। সূত্র জানায়, প্রশাসনের উচ্চ পর্যায়েও আওয়ামী লীগ সরকারের সময় ঘনিষ্ঠতা ও সুবিধা পাওয়ার অভিযোগ রয়েছে অনেক কর্মকর্তার বিরুদ্ধে। কেউ তৎকালীন মন্ত্রী-এমপিদের ব্যক্তিগত কর্মকর্তা (পিএস) হিসেবে দায়িত্ব পালন করেছেন, কেউ মন্ত্রীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। আবার কেউ কেউ গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ কিংবা জনপ্রশাসন মন্ত্রণালয়ে ভালো পদে দায়িত্ব পালন করেছেন। সরকার পরিবর্তনের পরও তাঁদের অনেকে গুরুত্বপূর্ণ পদে বহাল রয়েছেন।

সংশ্লিষ্ট ব্যক্তিদের অভিযোগ, এসব কর্মকর্তার একটি অংশ পরিস্থিতি বুঝে নিজেদের অবস্থান পরিবর্তন করেন। আগের সরকারের সময় যেমন সুবিধাজনক অবস্থানে ছিলেন, তেমনি বর্তমান সরকারের সময়ও প্রভাবশালী মহলের সঙ্গে সম্পর্ক রেখে গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন। তাঁদের কেউ কেউ দুই পক্ষের সঙ্গেই যোগাযোগ রক্ষা করে চলছেন। ফলে প্রশাসনের অভ্যন্তরে কারা সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে আন্তরিক, আর কারা রাজনৈতিক যোগাযোগ রক্ষা করছেন, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।

২৫ জেলায় ডিসি পরিবর্তনের প্রস্তুতি : প্রশাসনের মাঠ পর্যায়ে বিভাগীয় কমিশনারদের পরই অবস্থান ডিসিদের। অন্তর্বর্তী সরকারের সময় নিয়োগ পাওয়া ডিসিদের একটি অংশকে এরই মধ্যে পরিবর্তন করেছে বর্তমান সরকার। বাকি অংশকেও পরিবর্তনের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানায়, ২১ জেলায় বর্তমানে বিসিএস ২৪তম ব্যাচের কর্মকর্তারা ডিসির দায়িত্ব পালন করছেন। গত মার্চে তাঁরা উপসচিব থেকে যুগ্ম সচিব পদে পদোন্নতি পেয়েছেন। অথচ ডিসির পদটি উপসচিব পদমর্যাদার। তাঁদের মাঠ প্রশাসন থেকে প্রত্যাহারের নীতিগত সিদ্ধান্ত রয়েছে। এসব জেলায় নতুন ডিসি নিয়োগের পাশাপাশি আরো কয়েকটি জেলায় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে অন্তত ২৫টি জেলায় পরিবর্তনের বিষয়টি আলোচনায় রয়েছে। যেসব জেলায় পরিবর্তনের সম্ভাবনা বেশি সেগুলো হলো—হবিগঞ্জ, ময়মনসিংহ, কক্সবাজার, ঝিনাইদহ, পঞ্চগড়, মাগুরা, সাতক্ষীরা, ঝালকাঠি, নোয়াখালী, চাঁদপুর, পিরোজপুর, চুয়াডাঙ্গা, মানিকগঞ্জ, গোপালগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, ঢাকা, মাদারীপুর, গাইবান্ধা, কিশোরগঞ্জ ও জয়পুরহাট।

ডিসি পদে কোন ব্যাচ অগ্রাধিকার পাবে : নতুন ডিসি নিয়োগের ক্ষেত্রে বিসিএস প্রশাসন ক্যাডারের ২৮তম ও ২৯তম ব্যাচের কর্মকর্তারা অগ্রাধিকারে রয়েছেন। তবে পদায়নের ক্ষেত্রে শুধু জ্যেষ্ঠতা নয়, মাঠ প্রশাসনে অভিজ্ঞতা, দক্ষতা, অতীতের দায়িত্ব পালন এবং বার্ষিক গোপনীয় অনুবেদন (এসিআর) বিবেচনা করা হচ্ছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২৫তম ও ২৭তম ব্যাচের কর্মকর্তাদের মধ্য থেকে আগেও ডিসি নিয়োগ দেওয়া হয়েছে। বর্তমানে ২৫তম ব্যাচের ২৭ জন এবং ২৭তম ব্যাচের ১৬ জন ডিসি দায়িত্ব পালন করছেন। তবে নতুন নিয়োগের ক্ষেত্রে ২৮তম ও ২৯তম ব্যাচের কর্মকর্তাদেরই বেশি বিবেচনা করা হচ্ছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানায়, ডিসি পদের জন্য ২৮তম বিসিএসের ১৬০ কর্মকর্তার সাক্ষাৎকার নেওয়া হয়েছে। তাঁদের মধ্য থেকে ২০ জনকে নিয়োগের জন্য বাছাই করা হয়। পরবর্তী সময়ে ২৯তম ব্যাচের কর্মকর্তাদেরও সাক্ষাৎকার নেওয়া হয়েছে।

প্রথম আলো

‘নাশকতার আশঙ্কা, সতর্ক পুলিশ’—এটি দৈনিক প্রথম আলোর প্রথম পাতার খবর। প্রতিবেদেন বলা হয়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ডিসেম্বর মাস ঘিরে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছেন বলে তথ্য পেয়েছে পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো। গ্রেপ্তার কয়েকজনকে জিজ্ঞাসাবাদ এবং মুঠোফোনের কথোপকথন ও বার্তা বিশ্লেষণ করে তারা এ তথ্য পেয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, সড়ক ও নৌপথে নাশকতা চালিয়ে গোপালগঞ্জসহ আশপাশের চার জেলাকে সারা দেশ থেকে বিচ্ছিন্ন করার পরিকল্পনা রয়েছে দলটির নেতা-কর্মীদের। পাশাপাশি ঢাকায় জমায়েত করার পরিকল্পনাও তাঁদের আছে। তবে পুলিশ সতর্ক রয়েছে।

২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। ডিসেম্বরে তাঁর দেশে ফেরার ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা কর্মসূচি দিচ্ছেন দলটির নেতা-কর্মীরা। পুলিশ বলছে, এসব কর্মসূচি ঘিরে ঢাকাসহ বিভিন্ন জেলায় গাড়িতে আগুন দেওয়া এবং পুলিশের স্থাপনা লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

পুলিশের একটি সূত্র বলছে, মজুরি বাড়ানোর দাবিতে পোশাকশ্রমিকদের সাম্প্রতিক আন্দোলন ঘিরে সহিংসতা এবং দেশের বিভিন্ন এলাকায় নাশকতার ঘটনায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা জড়িত ছিলেন। এসব ঘটনায় গত রোববার সকাল থেকে গতকাল সোমবার সকাল পর্যন্ত শুধু ঢাকায় ২৯ জন নেতা-কর্মীকে গ্রেপ্তারের কথা জানিয়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

সম্ভাব্য নাশকতা ঠেকাতে ঢাকা, গোপালগঞ্জ এবং আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত জেলাগুলো নিয়ে বিশেষ পরিকল্পনা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পুরো ডিসেম্বর এসব এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন থাকবে। সারা দেশে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে। ইতিমধ্যে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির ৬৪ জেলার পুলিশ সুপার, আট মহানগরের পুলিশ কমিশনার ও আট রেঞ্জের ডিআইজিকে এ বিষয়ে বিশেষ বার্তা দিয়েছেন। এতে বলা হয়েছে, যারা সরাসরি নাশকতায় জড়িত, তাদের আইনের আওতায় আনতে হবে।

পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজি) মো. আহসান হাবীব পলাশ প্রথম আলোকে বলেন, ‘তারা কী করতে চায়, সেই গোয়েন্দা তথ্য পুলিশের কাছে আছে। চাইলেই তো আর করতে পারবে না।’ তিনি আরও বলেন, যেকোনো ধরনের নাশকতা মোকাবিলায় পুলিশ পুরোপুরি প্রস্তুত।

ডিএমপির গোয়েন্দা বিভাগ সূত্র জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মোবাইল ব্যাংকিংয়ের লেনদেন বিশ্লেষণ করে পুলিশ জানতে পেরেছে সাম্প্রতিক নাশকতার ঘটনাগুলোতে টাকা দিয়েছেন বিদেশে পলাতক আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যরা। আর দেশে আত্মগোপনে থাকা নেতা-কর্মীরা সমন্বয় করে নাশকতা চালাচ্ছেন।

বেশ কয়েকটি নাশকতার ঘটনার তথ্য বিশ্লেষণ করেছেন পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা। তাঁরা বলছেন, কিছু ঘটনা ঘটানো হয়েছে টাকা দিয়ে লোক ভাড়া করে। আবার কিছু ঘটনায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা সরাসরি অংশ নিয়েছেন। তাঁদের মতে, নাশকতা চালিয়ে আলোচনায় থাকতে চায় দলটি।

নজর গোপালগঞ্জে

গোপালগঞ্জে ১০ নভেম্বর দিনভর সহিংসতা ও ভাঙচুর হয়। পুলিশ বলছে, সেদিন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা পুলিশের গাড়িতে আগুন দেন। এরপর গত রোববারও সেখানে সহিংসতা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে।

পুলিশ সূত্র জানায়, নাশকতা ঠেকাতে গোপালগঞ্জে দুই হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। প্রয়োজনে আরও পুলিশ পাঠানো হবে। পুলিশের পাশাপাশি সেখানে ১০ প্লাটুন বিজিবি এবং বিপুলসংখ্যক এসআরবি সদস্য মোতায়েন আছেন।

গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর ও ফরিদপুর জেলা পুলিশের ঢাকা রেঞ্জের অধীন। এসব জেলায় পুলিশের প্রস্তুতির কথা জানতে চাইলে ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, সব ধরনের ঝুঁকি বিশ্লেষণ করে নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। পদ্মা সেতু, চার জেলার মহাসড়ক এবং পৌর এলাকার বিভিন্ন সড়কে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তিনি বলেন, মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সব ধরনের প্রস্তুতি নিয়েছে। অন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সঙ্গেও সমন্বয় করা হচ্ছে।

গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতার পর জেলা প্রশাসক (ডিসি) আরিফ-উজ-জামান, পুলিশ সুপার (এসপি) মো. হাবীবুল্লাহ এবং জেলার তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, গত কয়েক দিনে দেশের বিভিন্ন জেলা থেকে আওয়ামী লীগের নেতা-কর্মীরা গোপালগঞ্জে গেছেন বলে গোয়েন্দা তথ্য আছে। বিদেশ থেকে তাঁদের উসকানি দেওয়া হচ্ছে। সরকারি স্থাপনায় হামলার আশঙ্কাও আছে। সূত্রটি বলছে, বলপ্রয়োগ করতে গেলে প্রাণহানির আশঙ্কা থাকে, আর প্রাণহানি হলে আওয়ামী লীগ ভুক্তভোগী সাজার সুযোগ পাবে। সরকার সে সুযোগ দিতে চায় না। তবে কেউ অরাজকতা তৈরির চেষ্টা করলে কঠোর হতে সরকার পিছপা হবে না।

ঢাকায় জমায়েতের পরিকল্পনা

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ডিসেম্বরে ঢাকায় জমায়েত করতে চান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। বিশেষ করে ঢাকা জেলা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও মানিকগঞ্জ থেকে নেতা-কর্মীরা একটি পরিস্থিতি তৈরি করে হঠাৎ করে রাজধানীর কোনো একটি অংশে ঢুকতে পারে। সূত্রগুলোর ভাষ্য, জমায়েত ঠেকাতে সরকার বলপ্রয়োগ করলে প্রাণহানি ঘটতে পারে। তখন সেই লাশ নিয়ে মিছিল করার পরিকল্পনাও করছেন দলটির নেতা-কর্মীরা।

ঢাকায় যাতে জমায়েত না হতে পারে, সে জন্য রাজধানীর প্রবেশমুখগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঢাকার আশপাশের জেলাগুলোর পুলিশ সুপারদেরও বাড়তি সতর্কতা নিতে বলা হয়েছে।

নাশকতা মোকাবিলায় পুলিশের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন। তিনি প্রথম আলোকে বলেন, ঢাকায় বড় জমায়েত করার পরিকল্পনা না থাকলেও সেটা সম্ভব নয়। এটা গোপালগঞ্জ নয়।

যুগান্তর

দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম ‘সরকারকে ব্যর্থ প্রমাণে চক্রান্ত’। প্রতিবেদেন বলা হয়, ঘরে-বাইরে সরকারকে ব্যর্থ প্রমাণে নানামুখী চক্রান্ত ও যড়যন্ত্র চলছে। গত কয়েক দিনের দৃশ্যমান ঘটনাপ্রবাহে জনমনে আলোচনা উঠছে, এর পেছনে দেশি-বিদেশি শক্তিশালী চক্রের ইন্ধন রয়েছে। কার যোগসাজশে কোথায় কারা নীলনকশা করছে তা নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ছে। শুধু তাই নয়, অনেকেই সন্দেহ প্রকাশ করছেন, পুলিশ ও প্রশাসনের কেউ কেউ এর সঙ্গে জড়িত থাকতে পারে। সুধী সমাজের পাশাপাশি সরকারসংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে জানা গেছে, গত কয়েকদিন ধরে নাশকতা ও অস্থিরতা সৃষ্টির মূল উদ্দেশ্য হলো-জুলাই গণ-অভ্যুত্থানকে ব্যর্থ করে দেওয়ার পাশাপাশি সরকারকে অস্থির করে তোলা। দেশে এমন একটি পরিস্থিতি তৈরি করা, যাতে ‘শেখ হাসিনার শাসনামলই ভালো ছিল’-এমন একটি বয়ান প্রতিষ্ঠা করা যায়। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন পর্যায়ে প্রকাশ্যে এ ধরনের প্রচারণারও দেখা যাচ্ছে।

তবে প্রশ্ন উঠেছে, কারও পরামর্শে এই নাশকতায় নেমে আওয়ামী লীগ ফাঁদে পড়ল কি না। অনেকে স্বাধীনতা-পরবর্তী জাসদের হঠকারিতা ও সহিংস রাজনীতির উদাহরণ টেনে বলছেন, ওই রাজনীতি মানুষ প্রত্যাখ্যান করেছিল। ফলে পলাতক হাসিনার ডেডলাইন ‘ডিসেম্বর’ ব্যর্থ হলে আওয়ামী লীগের রাজনীতির কী হবে এ প্রশ্নও আছে। আবার যারা আওয়ামী লীগকে মাঠে নামিয়েছে তাদের উদ্দেশ্য সফল হবে কি না, আলোচনা আছে এ নিয়েও। পাশাপাশি বিদ্যমান অস্থিরতায় প্রতিবেশী ভারতের সঙ্গে সরকারের সম্পর্কের টানাপোড়েনের বিষয়টিও সামনে আনছেন অনেকে। তারা বলছেন, সরকার কাকে মিত্র বা বন্ধু মনে করছে, আবার কারা নেপথ্যে ষড়যন্ত্র করছে, এটি চিহ্নিত করাও কঠিন হয়ে পড়ছে।

এমন পরিস্থিতিতে সরকারও এক ধরনের উভয় সংকটে পড়েছে। কারণ কঠোর হাতে পরিস্থিতি দমন করতে গেলে প্রাণহানি ও মানবাধিকার লঙ্ঘনের আশঙ্কা তৈরি হতে পারে। সেক্ষেত্রে শেখ হাসিনার শাসনামলের দমন-পীড়নের সঙ্গে বর্তমান পরিস্থিতির তুলনা টেনে সরকারকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ তৈরি হবে। অন্যদিকে সরকার কঠোর অবস্থান না নিলে মানুষের মধ্যে এমন ধারণা তৈরি হতে পারে যে, সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারছে না। তারা ব্যর্থ। এতে সরকারের প্রতি মানুষের আস্থা কমে যাওয়ার আশঙ্কা তৈরি হবে। ফলে সহিংসতা দমন করতে গিয়ে একদিকে প্রাণহানি ও মানবাধিকার লঙ্ঘনের ঝুঁকি, অন্যদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ-এই দুইয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করাই সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ড. দিলারা চৌধুরী যুগান্তরকে বলেন, জুলাই গণ-অভ্যুত্থানকে ব্যর্থ করে দেওয়ার চেষ্টা শুরু থেকেই ছিল। ভারত এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ জুলাইয়ের অর্জনকে নস্যাৎ করতে চায়। তিনি বলেন, বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা যুক্তরাজ্য বা পশ্চিমা উদার গণতন্ত্রের মতো নয়। এখানে গণ-অভ্যুত্থানের পরও দেশকে অস্থিতিশীল করার চেষ্টা থাকতে পারে। তাই সরকার গঠনের পর পাঁচ বছর নির্বিঘ্নে দেশ পরিচালনার চিন্তা না করে শুরু থেকেই সম্ভাব্য রাজনৈতিক ও সাংবিধানিক চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুতি নেওয়া উচিত ছিল। তার অভিযোগ, সরকার এখনো ১৯৭২ সালের সংবিধানের কাঠামোর মধ্যেই দেশ পরিচালনা করছে। অথচ গণ-অভ্যুত্থানের পর নতুন সংবিধান ও রাষ্ট্র সংস্কারের যে প্রত্যাশা তৈরি হয়েছিল, তা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়নি।

এছাড়া বিএনপির কিছু নেতার বিরুদ্ধে আওয়ামী লীগের সমর্থক হিসাবে পরিচিত ব্যক্তিদের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি এবং তাদের রাজনৈতিকভাবে পুনর্বাসনের চেষ্টা করার অভিযোগও তোলেন ড. দিলারা চৌধুরী।

সমকাল

দৈনিক সমকালের প্রধান শিরোনাম ‘ডেঙ্গু নিয়ন্ত্রণে কৌশলপত্র আছে, বাস্তবায়ন নেই’। খবরে বলা হয়, ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণে আছে জাতীয় কৌশলপত্র। রোগটির বিস্তার ঠেকাতে কী কী পদক্ষেপ নিতে হবে, কোন সংস্থার কী দায়িত্ব, এমনকি ২০৩০ সালের মধ্যে সংক্রমণ প্রতি লাখে ১০০ জনের নিচে নামিয়ে আনার লক্ষ্যও নির্ধারণ করা হয়েছে। তবে কৌশলপত্র প্রণয়নের তিন বছর পেরিয়ে গেলেও এর বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি নেই। মশা নিয়ন্ত্রণ, রোগী ব্যবস্থাপনা, নজরদারি ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের ঘাটতি রয়েই গেছে। এর মধ্যে এই বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়িয়েছে। দেশে ডেঙ্গুর ইতিহাসে এটি তৃতীয় সর্বোচ্চ মৃত্যু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বছরে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫০২তে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৫৯৮ জন। সব মিলিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা এক লাখ ৬৪ হাজার ১০৭। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন এক লাখ ৫৭ হাজার ৯৮৮ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন পাঁচ হাজার ৬১৭ জন।

ডেঙ্গুতে এ বছরে মৃত্যুর সংখ্যা এরই মধ্যে গত বছরের মোট মৃত্যুকে ছাড়িয়েছে। ২০২৫ সালে এ রোগে মারা গিয়েছিলেন ৪১৩ জন। এর আগে ২০২৩ সালে সর্বোচ্চ এক হাজার ৭০৫ জন এবং ২০২৪ সালে ৫৭৫ জনের মৃত্যু হয়।

তবে সরকারি হিসাবে ডেঙ্গুর প্রকৃত চিত্র উঠে আসছে না বলে মনে করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তারা বলছেন, স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান মূলত হাসপাতালভিত্তিক। হাসপাতালে না গিয়ে বাড়িতে চিকিৎসা নেওয়া রোগী এবং সেখানে মারা যাওয়া ব্যক্তিদের তথ্য এই হিসাবে নেই। ফলে আক্রান্ত ও মৃত্যুর প্রকৃত সংখ্যা সরকারি পরিসংখ্যানের চেয়ে অনেক বেশি হতে পারে।

দেশে ডেঙ্গুকে জনস্বাস্থ্যের গুরুত্বপূর্ণ সমস্যা হিসেবে বিবেচনা করা শুরু হয় ২০০০ সালে। স্বাস্থ্য অধিদপ্তর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২০২২ সাল পর্যন্ত আগের ২৩ বছরে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন প্রায় আড়াই লাখ মানুষ। মারা যান প্রায় ৮৫০ জন। তবে পরের বছরগুলোতে পরিস্থিতির অবনতি ঘটে।

২০২৩ সালে দেশে ডেঙ্গুর ইতিহাসে সর্বোচ্চ সংক্রমণ ও মৃত্যু হয়। ওই বছর হাসপাতালে ভর্তি হন তিন লাখ ২১ হাজারের বেশি রোগী। মারা যান এক হাজার ৭০৫ জন। পরের বছর ২০২৪ সালে মৃত্যু হয় ৫৭৫ জনের। গত বছর তা কমে ৪১৩ জনে নেমেছিল। চলতি বছর আবারও মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়িয়েছে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দুই দশকের বেশি সময় ধরে ডেঙ্গু মোকাবিলার অভিজ্ঞতা থাকলেও তা কাজে লাগিয়ে কার্যকর প্রতিরোধব্যবস্থা গড়ে তোলা যায়নি। এডিস মশার প্রজননস্থল ধ্বংসে ধারাবাহিক উদ্যোগ নেই। রোগীর চিকিৎসা ও ব্যবস্থাপনায়ও রয়েছে সীমাবদ্ধতা। মশা নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা স্থানীয় সরকার প্রতিষ্ঠান এবং চিকিৎসা ও রোগ নজরদারির দায়িত্বে থাকা স্বাস্থ্য বিভাগের মধ্যে কার্যকর সমন্বয়ও গড়ে ওঠেনি।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক আবু জামিল ফয়সাল বলেন, দুই দশকের বেশি সময় ধরে ডেঙ্গু মোকাবিলায় কাজ করলেও এই রোগ নিয়ন্ত্রণে সরকার এখনও আশানুরূপ সাফল্য দেখাতে পারেনি। যতটুকু উদ্যোগ দেখা যায়, এর বড় অংশই রোগীর চিকিৎসাকেন্দ্রিক। অথচ দ্রুত সংক্রমণ ছড়াতে সক্ষম এ রোগ প্রতিরোধে কার্যকর উদ্যাগ নেই।

তিনি বলেন, এডিস মশার আচরণ ও বিস্তারের ধরনে পরিবর্তন এসেছে। আবহাওয়াসহ বিভিন্ন কারণে ডেঙ্গু এখন আর নির্দিষ্ট মৌসুমে সীমাবদ্ধ নেই; সারা বছরই সংক্রমণের ঝুঁকি থাকছে। ফলে পুরোনো পদ্ধতিতে বিচ্ছিন্নভাবে মশা নিধন করে পরিস্থিতি মোকাবিলা সম্ভব নয়। এখন সমন্বিত ও ধারাবাহিক উদ্যোগ প্রয়োজন।

পরিকল্পনা অনেক, বাস্তবায়ন বহুদূর

২০২৩ সালের জুনে ডেঙ্গুর প্রাদুর্ভাবের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র (সিডিসি) জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কৌশলপত্র প্রণয়ন করে। ২০২৪ থেকে ২০৩০ সাল পর্যন্ত মেয়াদের এই কৌশলপত্রে ২০৩০ সালের মধ্যে প্রতি লাখ মানুষের বিপরীতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা শতকের নিচে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়।

কৌশলপত্রে ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণে বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগের কথা বলা হয়েছে। এর মধ্যে রয়েছে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের দক্ষতা বাড়ানো; সমন্বিত মশা নিয়ন্ত্রণ ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া; ডেঙ্গু নজরদারি ও তাৎক্ষণিক তথ্য সরবরাহব্যবস্থা শক্তিশালী করা; সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার মধ্যে সমন্বয় বাড়ানো; গবেষণা ও টিকা উদ্ভাবনে গুরুত্ব দেওয়া এবং কার্যক্রম তদারকিতে টাস্কফোর্স গঠন।

ইত্তেফাক

‘গোপালগঞ্জ নিয়ে সতর্ক সরকার, এখনই অতি বল প্রয়োগ নয়’—এটি দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম। খবরে বলা হয়, গোপালগঞ্জের পরিস্থিতি সতর্কভাবে পর্যবেক্ষণ করছে সরকার। তবে এখনই অতিরিক্ত বল প্রয়োগ করতে চায় না। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরের চলে যাওয়ার মতো পরিস্থিতি হলে কঠোরভাবে দমনের বিষয়টিও ভাবা হচ্ছে। প্রাথমিকভাবে পুলিশের পাশাপাশি অতিরিক্ত বিজিবি ও এসআরবি মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে প্রশাসনকে ঢেলে সাজানো হচ্ছে। ডিসি-এসপির পর গতকাল সোমবার তিনটি থানার ওসিকেও বদলি করা হয়েছে। এর পরের স্তরে যেসব কর্মকর্তা আছেন তাদেরও বদলি করার বিষয়টি প্রক্রিয়াধীন।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দুই বছর পর গতকাল খুলেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ ও কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়। এ সময় জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দলীয় পতাকা উত্তোলন করা হয়। এছাড়া বঙ্গবন্ধুর সমাধিসৌধে শপথ নেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা।

এদিকে গতকাল গোপালগঞ্জ সফরে যান ঢাকা রেঞ্জ ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান। এ সময় তিনি বলেন, রবিবারের ঘটনায় এখনো মামলা হয়নি। রাতে কিছু মানুষকে গ্রেফতার করা হয়েছে। তবে সংখ্যা বলেননি তিনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গোপালগঞ্জে ২ হাজার ফোর্স মোতায়েন রয়েছে। এছাড়া ১০ প্লাটুন বিজিবির পাশাপাশি এসআরবি, এপিবিএন ও আনসার সদস্যরা কাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে জানান ডিআইজি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সরকার গোপালগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের সদস্য সংখ্যা বাড়িয়েছে। তবে সরকার এখনই বলপ্রয়োগ করতে চায় না। পরিস্থিতি নজরে রেখে সে অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে। তবে সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে দেবে না। আবার এখনই বল প্রয়োগ করে জানমালের ক্ষতি করতে চায় না। আরো কিছু সময় পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। আওয়ামী লীগ যদি হামলা ও সহিংসতা বাড়ানোর চেষ্টা করে, তাহলে সরকারও আইন অনুযায়ী বল প্রয়োগ করবে।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের রবিবারের সহিংসতার পর গতকাল পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করছে। গতকাল সকাল থেকে সাঁজোয়া যান সজ্জিত গাড়ি নিয়ে জেলা জুড়ে টহল দিচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় জেলার গুরুত্বপূর্ণ সড়কে পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনার সামনে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়।

গতকাল ভোর থেকেই সাধারণ মানুষ ঘর থেকে বাইরে বের হয়েছেন, করছেন স্বাভাবিক কাজকর্ম। শহরের সড়কগুলো দিয়ে চলাচল করছে রিকশা-ভ্যান ও যানবাহন। স্কুল-কলেজ খোলা থাকায় শিক্ষার্থীরা বাইরে বের হয়েছে। শহরের দোকানপাট খুলেছে। তবে স্বাভাবিক হলেও সাধারণ মানুষের মধ্যে এখনো আতঙ্ক বিরাজ করছে।

টুঙ্গিপাড়ায় খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আওয়ামী লীগের কার্যালয়: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দুই বছর পর খুলেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ ও কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়। গতকাল বেলা ১১টার দিকে নিষিদ্ধ পৌর ছাত্রলীগের সভাপতি শেখ ইফতি জামান পল্লবের নেতৃত্বে উপজেলা থেকে একটি মিছিল বের হয়। পরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয় খুলে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এ সময় আওয়ামী লীগ কার্যালয়ে বিভিন্ন রকম স্লোগান দেন নেতাকর্মীরা। এরপর মিছিলটি বঙ্গবন্ধুর সমাধিসৌধে প্রবেশ করে তিনটি গেট খুলে দিয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সসম্মানে দেশে ফিরিয়ে আনার শপথবাক্য পাঠ করেন।

সর্বশেষ ২০২৪ সালের ৭ আগস্ট বঙ্গবন্ধুর সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছিলেন গোপালগঞ্জ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। সেদিনও তারা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নিয়েছিলেন।

নয়া দিগন্ত

দৈনিক নয়া দিগন্তের প্রধান শিরোনাম ‘নাশকতার ছক’। প্রতিবেদনে বলা হয়, আগামী ডিসেম্বরে মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে অস্থিরতা বাড়ছে। গোয়েন্দা সূত্রের তথ্য অনুযায়ী, নভেম্বরের শুরু থেকে ঢাকা, গোপালগঞ্জ, টুঙ্গিপাড়া, নাটোর ও খুলনাসহ অন্তত ২১টি জেলায় ককটেল বিস্ফোরণ, বাস-ট্রেন ও পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। একাধিক গোয়েন্দা সংস্থা নিশ্চিত করেছে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এবার নাশকতার ক্ষেত্রে সীমান্ত এলাকায় সরিয়ে নেয়ার পরিকল্পনা করছেন।

নিরাপত্তা বিশ্লেষকদের মতে, এসব ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তা পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে। তাদের দাবি, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পুরোপুরি সক্রিয় করতে না পারলে আগামী দিনগুলোতে নিষিদ্ধ সংগঠনের তৎপরতা আরো ভয়াবহ রূপ নিতে পারে। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে, দেশের সব সীমান্ত এলাকায় উচ্চ সতর্কতা (হাই অ্যালার্ট) জারি করে তারা কাজ করে যাচ্ছে। সার্বিক নিরাপত্তা ও পুলিশের ভূমিকার বিষয়ে জানতে পুলিশ সদর দফতরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।

১৯ নভেম্বরের ‘লকডাউন’ ঘিরে শঙ্কা: গোয়েন্দা সূত্র জানায়, আগামী ১৯ নভেম্বর নিষিদ্ধ সংগঠনের ডাকা ‘সর্বাত্মক লকডাউন’ কর্মসূচিকে ঘিরে দেশের গুরুত্বপূর্ণ স্থানে বড় ধরনের নাশকতার ছক কষা হয়েছে। কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার সুযোগ নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা যানবাহন, গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা এবং বিএনপি ও এনসিপি নেতাকর্মীদের কার্যালয় ও বাড়িঘরে সশস্ত্র হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের পরিকল্পনা করেছে। এমনকি ‘টার্গেট কিলিং’ এবং গার্মেন্ট শ্রমিকদের আন্দোলনে অনুপ্রবেশ করে পরিস্থিতি অস্থিতিশীল করার আশঙ্কাও করছেন গোয়েন্দারা। এ লক্ষ্যে আত্মগোপনে থাকা নেতাকর্মীদের সীমান্ত এলাকায় প্রশিক্ষণ দেয়া হয়েছে বলে সূত্রগুলো দাবি করেছে।

গোয়েন্দা তথ্য মতে, নাশকতার রসদ ও আগ্নেয়াস্ত্র সীমান্ত দিয়ে অবৈধভাবে দেশে আনা হচ্ছে। এর প্রমাণ হিসেবে গত শনিবার সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী নুনছড়া চা-বাগান এলাকা থেকে ৪৮টি উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক (হাই পাওয়ার জেল), ১০০টি নন-ইলেকট্রিক ডেটোনেটর ও ১১টি ফিউজ উদ্ধার করে বিজিবি। এই চালানকে ডিসেম্বরের আগে ও পরে বড় ধরনের নাশকতার প্রস্তুতির আলামত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

নভেম্বরজুড়ে নাশকতার চিত্র: চলতি মাসের নাশকতার সবচেয়ে ভয়াবহ চিত্র দেখা গেছে গোপালগঞ্জে। নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ১০ নভেম্বরের ‘সর্বাত্মক ধর্মঘট’ ঘিরে ৯ নভেম্বর রাত থেকেই জেলা শহরের শিল্পকলা একাডেমি এলাকা, মহিলা কলেজ রোড, পাচুড়িয়া ব্রিজ ও জেলা স্কুলসংলগ্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটে। পরদিন সকালে টুঙ্গিপাড়ার গওহরডাঙ্গা চৌরঙ্গী মোড়ে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ এবং ঝটিকা মিছিল থেকে পুলিশের গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এতে ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। কাশিয়ানী ও সদর উপজেলাতেও সংঘর্ষ ও অবরোধের খবর পাওয়া গেছে। পুলিশের দাবি, ওই ঘটনায় ১৫টি অবিস্ফোরিত ককটেল ও সাতটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

এরপর গত শনিবার (১৪ নভেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত টুঙ্গিপাড়ার বর্ণি ইউনিয়ন ও কুশলী ইউনিয়নের নীলফা বাজার এলাকায় বিএনপি ও যুবদলের দু’টি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। শনিবার রাত থেকে রোববার সন্ধ্যা পর্যন্ত গোপালগঞ্জ শহর ও টুঙ্গিপাড়ায় নেতাকর্মীদের বাড়িঘর, দোকানপাট ও গ্রামীণ ব্যাংকের কার্যালয়েও আগুন দেয়া হয়। এ সময় পুলিশের সাঁজোয়া যান (এপিসি), পুলিশ বক্স, ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ এবং গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরের নামফলক ভাঙচুর করা হয়। রোববার সন্ধ্যায় টুঙ্গিপাড়ায় এক বিএনপি নেতার বাড়িতে আগুন দেয়ার পাশাপাশি পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের মামলার বাদি এক এসআইকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। ওই মামলায় ২৪ জনের নাম উল্লেখ করা হয়েছে।

বণিক বার্তা

‘অস্থির বস্ত্র ও তৈরি পোশাক খাতে ব্যাংক ঋণ সাড়ে ৩ লাখ কোটি টাকা’—এটি দৈনিক বণিক বার্তার প্রধান শিরোনাম। প্রতিবেদনে বলা হয়, দেশের ব্যাংকগুলোর বিনিয়োগ তথা ঋণ বিতরণের প্রধান খাত বস্ত্র ও তৈরি পোশাক। রফতানি আয় এবং কর্মসংস্থানেরও বড় উৎস এ শিল্প খাত। মজুরি বৃদ্ধির দাবিতে দুই সপ্তাহের বেশি সময় ধরে চলা শ্রমিক অসন্তোষ, বিশৃঙ্খলা ও ভাংচুরের ঘটনায় উদ্বেগ বাড়ছে বস্ত্র ও তৈরি পোশাক কারাখানার উদ্যোক্তাদের। কারখানা সচল রাখার পাশাপাশি তাদের মধ্যে ভর করেছে ঋণের কিস্তি পরিশোধের চাপও। সমান্তরালে উদ্বেগ বাড়ছে বস্ত্র ও তৈরি পোশাক খাতে ঋণ দেয়া ব্যাংকারদের মধ্যেও। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে খেলাপি ঋণের ভারে বিপর্যস্ত ব্যাংক খাতের পরিস্থিতি আরো নাজুক হবে বলে মনে করছেন তারা।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, গত বছরের ডিসেম্বর শেষে ব্যাংক খাতের বিতরণকৃত ঋণ স্থিতি ছিল ১৮ লাখ ২০ হাজার ৪৩০ কোটি টাকা। এর মধ্যে কেবল বস্ত্র ও তৈরি পোশাক খাতেই ছিল ৩ লাখ ৪৭ হাজার ৩৩৯ কোটি টাকার ঋণ, যা মোট ঋণের ১৯ দশমিক ১০ শতাংশ। আগে থেকেই এ খাতে বিতরণকৃত ঋণের প্রায় এক-তৃতীয়াংশ খেলাপি, চলমান সংকট যা আরো উসকে দেয়ার ঝুঁকি তৈরি করেছে। এতে ভালো পারফরম্যান্সের ব্যাংকগুলোরও খেলাপি ঋণ বেড়ে যেতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ব্যাংক নির্বাহীরা বলছেন, দেশের ব্যাংক খাতের পরিস্থিতি এমনিতেই নাজুক। বস্ত্র ও তৈরি পোশাক খাতে সৃষ্ট অস্থিরতা ভালো ব্যাংকগুলোকেও এখন বিপদের দিকে ঠেলে দিচ্ছে। পরিস্থিতি যেদিকে যাচ্ছে, তাতে খেলাপি ঋণ আরো বেড়ে যাবে। এতে ব্যাংক খাতের পাশাপাশি দেশের অর্থনীতিও আরো ভঙ্গুর পরিস্থিতিতে পড়বে।

আর উদ্যোক্তাদের ভাষ্য হলো শ্রমিক অস্থিরতা ও বিশৃঙ্খল পরিস্থিতির কারণে আগামী তিন-চার মাসে উদ্যোক্তা ও ব্যাংকাররা বড় চাপের মুখোমুখি হবেন।

অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান মাসরুর আরেফিন মনে করেন, চলমান শ্রমিক আন্দোলন ও কারখানার উৎপাদন ব্যাহত হওয়ায় পণ্য রফতানিতে বিলম্ব, ক্রয়াদেশ বাতিল এবং ক্রেতাদের আস্থা হ্রাসের আশঙ্কা তৈরি হয়েছে। একবার ক্রয়াদেশ ভারত, ভিয়েতনাম বা পাকিস্তানের মতো বিকল্প উৎপাদনকারী দেশে চলে গেলে সেগুলো পুনরুদ্ধার করা কঠিন হতে পারে।

মজুরি বৃদ্ধি, উৎপাদন ব্যাহত হওয়া ও রফতানি কার্যক্রমে বিঘ্ন—তিনটি বিষয় একসঙ্গে চাপ তৈরি করছে বলে জানান মাসরুর আরেফিন। তিনি বলেন, ‘এসবের প্রভাবে দীর্ঘমেয়াদে উৎপাদন ব্যয় বাড়বে। স্বল্পমেয়াদে উৎপাদন ব্যাহত হলে ক্যাশ ফ্লো ও তারল্য সংকটে ভালো প্রতিষ্ঠানও ঋণের কিস্তি পরিশোধে সমস্যায় পড়তে পারে। মধ্যমেয়াদে চলতি মূলধনের সংকট, ঋণ পরিশোধে বিলম্ব ও ব্যাংকের ঋণের মান অবনতির ঝুঁকি রয়েছে। অন্যদিকে বছরের এ সময়ে সাধারণত পরবর্তী গ্রীষ্ম মৌসুমের পোশাকের ক্রয়াদেশ চূড়ান্ত হয়। চলমান অস্থিরতা দীর্ঘায়িত হলে বর্তমান রফতানি চালানের পাশাপাশি সামনের বছরের রফতানি ক্রয়াদেশের ওপরও প্রভাব পড়তে পারে।’

মজুরি বোর্ড গঠন ও ৩০ হাজার টাকা মজুরির দাবিতে চলমান শ্রমিক অসন্তোষের সূচনা গত আগস্টের মাঝামাঝিতে। শুরুতে এ অসন্তোষের ব্যাপ্তি সীমিত থাকলেও গত ৩১ অক্টোবর তা সহিংস আন্দোলনে রূপ নেয়। প্রথমে রাজধানীর উত্তরা, মিরপুর এবং চট্টগ্রামের বায়েজিদ এলাকার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। এরপর ধীরে ধীরে নারায়ণগঞ্জ, সাভার ও গাজীপুরের শিল্পাঞ্চলেও অসন্তোষ ছড়িয়ে পড়ে। এর পরিপ্রেক্ষিতে গত ১ নভেম্বর ছয় সদস্যের নতুন নিম্নতম মজুরি বোর্ড গঠন করে দেয় সরকার। বোর্ডের সভায় সব পক্ষের মধ্যে আলাপ-আলোচনা চলতে থাকলেও এখনো বিক্ষোভ অব্যাহত রয়েছে।

নভেম্বরের শুরুতে শ্রম অসন্তোষের কারণে উৎপাদন ব্যাহত হওয়া কারখানার সংখ্যা একদিনে ৬৯০-এ পৌঁছে যায়। বিজিএমইএর হিসাব অনুযায়ী, ১ নভেম্বর ৫২৯টি কারখানায় উৎপাদন ব্যাহত হয়। পরদিন ২ নভেম্বর বিজিএমইএর ৬৭০টি এবং বিকেএমইএর প্রায় ২০টিসহ মোট ৬৯০টি কারখানায় উৎপাদন বন্ধ ছিল। ৪ নভেম্বর এ সংখ্যা কমে প্রায় ৩৭০-এ নেমে আসে। ৫ নভেম্বর শিল্প পুলিশ সূত্রে প্রায় ১৩০টি কারখানায় উৎপাদন বন্ধ থাকার তথ্য পাওয়া যায়। এরপর ১০ নভেম্বর নতুন করে উৎপাদন বিঘ্নিত হওয়ার প্রবণতা বাড়তে থাকে। ওইদিন ১৪৬টি, ১১ নভেম্বর ১৮২টি ও ১২ নভেম্বর ২০৪টি কারখানায় উৎপাদন বন্ধ বা স্থগিত থাকে। ১৩ নভেম্বর উৎপাদনের বাইরে থাকা কারখানার সংখ্যা ২০০।

বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান গত ১৪ নভেম্বর জানান, আশুলিয়া, সাভার ও গাজীপুরের কিছু কারখানায় টানা সাত থেকে ১২ দিন ধরে স্বাভাবিক উৎপাদন ব্যাহত হচ্ছিল। শ্রম অসন্তোষের কারণে ১৪৭টি কারখানা পূর্ণাঙ্গ উৎপাদন চালাতে পারছে না, এর বাইরে ৫৫টি কারখানা শ্রম আইন ২০০৬-এর ১৩-এর ১ ধারায় বন্ধ ঘোষণা করা হয়েছে। আর বিজিএমইএর হিসাবে ১৫ নভেম্বর ১৩-এর ১ ধারায় কারখানা বন্ধ ছিল ৫৬টি।

বিরাজমান শ্রমিক অসন্তোষের বিরূপ প্রভাব দীর্ঘমেয়াদি হবে বলে মনে করেন বিজিএমইএর সাবেক সভাপতি ড. রুবানা হক। বণিক বার্তাকে তিনি বলেন, ‘এ ধাক্কা এখানেই শেষ হচ্ছে নয়। আগামী তিন-চার মাসে এর চাপ ব্যাংকগুলো টের পাবে। কারখানা বন্ধ থাকলে পণ্য রফতানি হবে না, অর্থও আসবে না। অথচ এলসি ও ঋণের কিস্তি সময়মতো পরিশোধ করতে হবে। তিন মাসের কিস্তি বকেয়া হলেই ঋণ খেলাপি হয়। ফলে এতদিন যারা ঠিকঠাক কিস্তি দিচ্ছিলেন, তারাও এখন খেলাপির খাতায় উঠে যাওয়ার ভয়ে আছেন। ছোট-মাঝারি কারখানার অবস্থা সবচেয়ে খারাপ।’

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ডিসেম্বর শেষে দেশের ব্যাংক খাতের খেলাপি ঋণের মোট স্থিতি ছিল ৫ লাখ ৫৭ হাজার ২১৬ কোটি টাকা। এর মধ্যে ১ লাখ ২ হাজার ৯৬৩ কোটি টাকা ছিল বস্ত্র ও তৈরি পোশাক খাতের, যা এ খাতে বিতরণকৃত ঋণের ২৯ দশমিক ৬৪ শতাংশ। ওই সময় দেশের ব্যাংক খাতের গড় খেলাপি ঋণের হার ছিল ৩০ দশমিক ৬ শতাংশ।

আজকের পত্রিকা

দৈনিক আজকের পত্রিকার প্রধান শিরোনাম ‘মাঠে একাই লড়বে বিএনপি’। প্রতিবেদনে বলা হয়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক তৎপরতা এবং বিভিন্ন স্থানে সহিংস ঘটনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এমন প্রেক্ষাপটে রাজনৈতিক দলগুলোর মধ্যে বৃহত্তর ঐক্যের প্রয়োজনীয়তা নতুন করে সামনে এসেছে। কিন্তু জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে সেই ঐক্যের দৃশ্যমান উদ্যোগ নেই। ক্ষমতাসীন দল বিএনপিও বর্তমান পরিস্থিতিকে অতটা গুরুতর মনে করছে না। তারা বলছে, যেটুকু সমস্যা আছে, তা তারা নিজেরাই সামলাতে সক্ষম।

জুলাই গণ-অভ্যুত্থানে সম্পৃক্ত এবং শরিক দলগুলোকে নিয়ে যৌথভাবে পরিস্থিতি মোকাবিলার কোনো ভাবনা আছে কি না জানতে চাইলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী জানান, এ নিয়ে তাঁরা এখনো আলোচনা করেননি।

রিজভী গত সোমবার আজকের পত্রিকাকে বলেন, ‘পতিত একটা (আওয়ামী লীগ), তারা আর কী করবে? আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, তারা পরিস্থিতি মোকাবিলা করবে। আমরা এটাকে খুব একটা বড় করে দেখছি না।’

তবে বিএনপি ডাকলেই যে বিরোধী দলগুলোর কাছ থেকে সাড়া পাবে, বিষয়টি এখনো সেই পর্যায়ে নেই। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও সংস্কারের দাবিতে রাজপথে ধারাবাহিক আন্দোলন করে যাচ্ছে প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। তারপরও তাদের পক্ষ থেকে বলা হয়েছে, সরকার চাইলে এ ক্ষেত্রে তারা সরকারকে শর্তসাপেক্ষে সহায়তা করতে প্রস্তুত। তবে গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই সনদ কার্যকরে সরকারের দিক থেকে ইতিবাচক পদক্ষেপ ছাড়া পরিস্থিতি মোকাবিলায় ঐক্যের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া কঠিন। যদিও ভিন্ন কারণ দেখানো হলেও এরই মধ্যে ২১ নভেম্বরের সিলেট লংমার্চ কর্মসূচি স্থগিত করেছে ১১ দলীয় জোট।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আওয়ামী লীগের তৎপরতা মোকাবিলায় জুলাই গণ-অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর মধ্যে সমন্বয় জরুরি। কারণ, দলগুলোর পারস্পরিক বিরোধ ও মতপার্থক্যের সুযোগ আওয়ামী লীগ কাজে লাগাতে পারে।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক মনে করেন, বর্তমান পরিস্থিতি রাজনৈতিক দলগুলোর মধ্যে বৃহত্তর ঐক্য গড়ে তোলার একটি সুযোগ তৈরি করেছে। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের পক্ষে থাকা রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য, বিভাজন ও পারস্পরিক বিতর্কের সুযোগ আওয়ামী লীগ কাজে লাগাচ্ছে।’

নানা প্রশ্ন, বিতর্ক ও মতপার্থক্য থাকলেও স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা ও ভোটাধিকারের প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকা জরুরি বলে মনে করেন সাইফুল হক।

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান গত মঙ্গলবার জাতীয় সংসদে বলেছেন, পরিস্থিতি মোকাবিলায় সরকার দায়িত্ব সফলভাবে পালন করুক, সেটাই তাঁরা দেখতে চান। এ ক্ষেত্রে বিরোধী দলের সহযোগিতা চাইলে তাঁরা আন্তরিকভাবে ও সক্রিয়ভাবে বিবেচনা করবেন।

জানতে চাইলে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের গতকাল আজকের পত্রিকাকে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সরকারের দায়িত্ব। বিরোধী দলের হাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নেই। তবে সরকারের পক্ষ থেকে সহযোগিতা চাওয়া হলে জামায়াত প্রস্তুত রয়েছে।

আর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারাও বলছেন, আওয়ামী লীগের নাশকতা ও সহিংসতা মোকাবিলা করা সরকারের দায়িত্ব। তবে সরকার যদি মনে করে এককভাবে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হচ্ছে না, তাহলে প্রধানমন্ত্রীকে রাজনৈতিক দলগুলোর প্রতি আনুষ্ঠানিকভাবে ঐক্যের আহ্বান জানাতে হবে। পাশাপাশি গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই সনদ কার্যকরে সরকারকে ইতিবাচক পদক্ষেপ নিতে হবে।

দেশ রূপান্তর

‘নাশকতায় ১২৭ নেতা’—এটি দৈনিক দেশ রূপান্তরের প্রধান শিরোনাম। খবরে বলা হয়, দেশে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি, নাশকতামূলক কর্মকা-ে অর্থায়নের অভিযোগে ১২৭ রাজনীতিকের একটি চূড়ান্ত তালিকা প্রস্তুত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আর্থিক গোয়েন্দা সংস্থা। তারা রাজনৈতিক ব্যানারে দিব্যি অপকর্ম চালিয়ে আসছে। এ কাজে আন্ডারওয়ার্ল্ডের শীর্ষ সন্ত্রাসীদের ব্যবহার করারও তথ্য পেয়েছে পুলিশের একটি বিশেষ ইউনিট। এসব নেতার মধ্যে বেশিরভাগ দেশে অবস্থান করলেও তারা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। তাদের অর্থের উৎস ও বিনিয়োগের তথ্য খতিয়ে দেখা হচ্ছে। এ ছাড়া বিদেশ থেকেও নাশকতার জন্য অর্থ আসছে।

সাম্প্রতিক সময়ে তৈরি হওয়া বিভিন্ন তদন্ত ও গোয়েন্দা তথ্যের আলোচনায় রাজনৈতিক পরিচয়, আর্থিক লেনদেন এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানের ভূমিকা নতুন করে গুরুত্ব পাচ্ছে। বিশেষ করে পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির অভিযোগে এনবিআরের আর্থিক অনুসন্ধান এ আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে। এর অংশ হিসেবে শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ এবং প্রায় ১২৫টি প্রতিষ্ঠানের আর্থিক লেনদেন পর্যালোচনার উদ্যোগ নেওয়া হয়েছে। এনবিআরের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি) এবং আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট এ বিষয়ে কাজ করছে। তদন্তের আওতায় সাবেক মন্ত্রী, সংসদ সদস্য এবং বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের নাম এসেছে।

জানতে চাইলে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির দেশ রূপান্তরকে বলেন, নাশকতাকারীদের যেভাবেই হোক প্রতিরোধ করা হবে। একাধিক রাজনৈতিক নেতা এসব অপকর্মের সঙ্গে সম্পৃক্ত। ইতিমধ্যে তাদের তালিকা তৈরি করেছি। তাদের মধ্যে কেউ কেউ দেশের বাহিরে থেকে কলকাঠি নাড়ছে বলে তথ্য পেয়েছি।

তালিকাভুক্ত ১২৭ নেতার অবস্থান : আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে, সম্প্রতি বিভিন্ন স্থানে সহিংসতা ও নাশকতায় অর্থের জোগানদাতা এবং পরিকল্পনাকারীদের অধিকাংশই স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের প্রভাবশালী নেতা। আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি এড়াতে তারা ঘন ঘন অবস্থান পরিবর্তন করছে, তবে সীমান্ত দিয়ে দেশত্যাগের কোনো তথ্য পাওয়া যায়নি। ফলে তারা দেশেই অবস্থান করে বিভিন্ন মাধ্যমে তাদের নেটওয়ার্ক সচল রেখেছে বলে ধারণা করা হচ্ছে।

আসছে বিশেষ অভিযান: সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় অনেকটা চাপে পড়েছে পুলিশ। এ নিয়ে গত রবিবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী তার বাসায় এবং গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তরসহ সবকটি ইউনিটে একাধিক বৈঠক হয়েছে। শিগগির বড় ধরনের বিশেষ অভিযান চালানোর সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন এক কর্মকর্তা। তিনি দেশ রূপান্তরকে বলেন, বৈঠকে নানা বিষয়ে কথা হয়েছে। বড় পরিসরে বিশেষ যৌথ অভিযান চালানো হবে। গোপালগঞ্জসহ আওয়ামী লীগ অধ্যুষিত এলাকাগুলোয় বিশেষ নজরদারির নির্দেশনা রয়েছে।

অর্থের উৎস নিয়ে অনুসন্ধান: অর্থের উৎস নিয়ে গভীর অনুসন্ধান শুরু করেছে আর্থিক গোয়েন্দা ইউনিট (বিএফআইইউ) ও দুদক। সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, ব্যাংকিং চ্যানেলের বাইরে হুন্ডি এবং মোবাইল ব্যাংকিংয়ের (এমএফএস) অসংখ্য বেনামি অ্যাকাউন্ট ব্যবহার করে এই অর্থ লেনদেন হয়েছে। বিশেষ করে সন্দেহভাজন ব্যাংক হিসাবগুলোতে অস্বাভাবিক নগদ অর্থ উত্তোলন ও স্থানান্তরের তথ্য পাওয়া গেছে।

দ্রুত বিপুল সম্পদের মালিক: অনুসন্ধানে উঠে এসেছে, তালিকাভুক্ত নেতাদের একটি বড় অংশ বিগত কয়েক বছরে কোনো দৃশ্যমান বড় ব্যবসা বা বৈধ আয়ের উৎস ছাড়াই বিপুল সম্পদের মালিক হয়েছে। আয়কর নথি যাচাই করে দেখা গেছে রাজধানীসহ বিভিন্ন শহরে তাদের নামে-বেনামে একাধিক ফ্ল্যাট, বাণিজ্যিক স্পেস এবং বিপুল পরিমাণ জমির মালিকানা রয়েছে। বিভিন্ন ব্যাংকে এফডিআর ও বিলাসবহুল গাড়ির মালিকানার তথ্য পাওয়া গেছে।

ভুয়া সিম কার্ড ব্যবহার: অর্থের উৎস গোপন রাখতে অভিযুক্তরা প্রচলিত এজেন্ট সিম ও ভুয়া এনআইডি দিয়ে খোলা অসংখ্য অ্যাকাউন্টের মাধ্যমে অল্প অল্প টাকা পাঠিয়েছে, যাতে কেন্দ্রীয় ব্যাংকের নজরদারি এড়ানো যায়। এমনকি আমদানি-রপ্তানি ব্যবসার আড়ালে পণ্যের মূল্য কম বা বেশি দেখিয়ে বিদেশ থেকে অর্থ এনে নাশকতার তহবিল জোগান দেওয়া হয়েছে বলে বিএফআইইউর প্রাথমিক পর্যবেক্ষণে উঠে এসেছে।

ডিজিটাল ফরেনসিক তথ্য: সাইবার ক্রাইম ও গোয়েন্দা ইউনিটের তথ্যমতে, তালিকাভুক্ত ১২৭ নেতাকে শনাক্তে প্রযুক্তির সহায়তা নেওয়া হয়েছে। সাধারণ ভয়েস কলের পরিবর্তে তারা হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম এবং সিগন্যালের মতো এনক্রিপ্টেড অ্যাপ ব্যবহার করে মাঠপর্যায়ের কর্মী ও সন্ত্রাসীদের সঙ্গে যোগাযোগ রাখত। ইতিমধ্যে ধৃত কয়েকজন নেতার মোবাইল ফরেনসিক ল্যাবে পরীক্ষা করে এসব কথোপকথন ও অর্থ লেনদেনের স্ক্রিনশট উদ্ধার করা হয়েছে। নাশকতার সময়ে ঘটনাস্থল বা তার আশপাশে সন্দেহভাজনদের ডিজিটাল উপস্থিতি এবং কল ডিটেইল রেকর্ড বিশ্লেষণ করে তাদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে।

বিদেশ থেকে অর্থায়ন: দেশেই অবস্থানরত নেতাদের পাশাপাশি বিদেশে থাকা কিছু প্রভাবশালী ব্যক্তি ও প্রবাসীর সঙ্গে তাদের আর্থিক যোগসূত্র খতিয়ে দেখা হচ্ছে। বিদেশে অবস্থানরত কিছু ব্যক্তি হুন্ডির মাধ্যমে দেশে টাকা পাঠিয়েছে, যা স্থানীয় এজেন্টদের মাধ্যমে তালিকাভুক্ত নেতাদের হাতে পৌঁছেছে। তালিকাভুক্ত অন্তত এক ডজন নেতা দুবাই, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ইউরোপের কয়েকটি দেশ থেকে নাশকতার জন্য অর্থ পাঠিয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোর আর্থিক গোয়েন্দা সংস্থার সঙ্গে তথ্য বিনিময়ের প্রক্রিয়া শুরু হয়েছে।

আয়ের উৎস নেই কোটিপতিদের: চাঞ্চল্যকর তথ্য হলো, তালিকাভুক্ত নেতাদের একটি বড় অংশ বিগত কয়েক বছরে কোনো দৃশ্যমান বৈধ ব্যবসা বা আয়ের উৎস ছাড়াই শত শত কোটি টাকার সম্পদের মালিক হয়েছে। রাজনৈতিক প্রভাব খাটিয়ে এই অবৈধ সম্পদ গড়ে তোলা হয়েছে বলে দুদকের প্রাথমিক অনুসন্ধানে উঠে এসেছে। নজরদারি এড়াতে এই নেতাদের অনেকেই ব্যক্তিগত গাড়িচালক, গৃহকর্মী বা বিশ্বস্ত অনুসারীদের নামে জমির দলিল ও কোম্পানির শেয়ার নিবন্ধন করেছে।

ভার্চুয়ালি তৎপরতা: নাশকতামূলক কর্মকা-ে মাঠের পাশাপাশি ভার্চুয়াল মাধ্যমকেও ব্যবহার করা হচ্ছে। ঝটিকা ও বিক্ষোভ মিছিলের ভিডিও অনলাইনে প্রচারের ঘটনা অক্টোবরে ৭টি থাকলেও নভেম্বরে তা বেড়ে ৩১টিতে দাঁড়িয়েছে। এ ছাড়া নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা চলতি মাসের প্রথম দুই সপ্তাহে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীসহ নানা কর্মসূচিও পালন করেছে।

বাংলাদেশ প্রতিদিন

দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম ‘মজুরি নির্ধারণে ভারসাম্যের চ্যালেঞ্জ’। প্রতিবেদনে বলা হয়, কঠিন সমীকরণের মুখে দেশের তৈরি পোশাকশিল্প। মূল্যস্ফীতি, বাড়িভাড়া, খাবার, চিকিৎসা ও শিক্ষার ব্যয় বেড়ে যাওয়ায় বর্তমান মজুরিতে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন শ্রমিকরা। অন্যদিকে গ্যাস-বিদ্যুতের সরবরাহ, উচ্চ সুদ, ব্যাংকঋণ ও কার্যকরী মূলধনের সংকট, উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং ক্রেতাদের কম দামে পণ্য কেনার চাপে রয়েছেন মালিকরা। রপ্তানি আদেশ কমা ও সময়মতো পণ্য জাহাজীকরণে ব্যর্থতাও প্রতিযোগিতার সক্ষমতাকে দুর্বল করছে। শ্রমিকরা চাইছেন দ্রুত নতুন ন্যূনতম মজুরি ঘোষণা, মালিকরাও রাজি। সরকার বলছে বাস্তবসম্মত মজুরি নির্ধারণ করবে বোর্ড।

মজুরি বোর্ডের গত সভায় নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে শ্রমিকপক্ষ বর্তমান ১২ হাজার ৫০০ থেকে বাড়িয়ে ৩২ হাজার টাকা করার প্রস্তাব দিয়েছে। মালিকদের পক্ষ থেকে ১৫-১৬ হাজার টাকার একটি প্রস্তাব আলোচনায় উঠে এলেও তা আনুষ্ঠানিক নয়। তবে গতকাল মজুরি বোর্ডের নির্ধারিত বৈঠক স্থগিত হওয়ায় মালিকপক্ষের প্রস্তাব জমা পড়েনি। এ পরিস্থিতিতে বর্তমান মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয় বিবেচনার পাশাপাশি মালিকদের সমস্যা ও সুবিধা বিবেচনা করে একটি বাস্তবসম্মত প্রস্তাব দেবে বলে আশা করছে সরকারপক্ষ। এদিকে দ্রুত মজুরি বোর্ডের সভা চেয়েছেন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান ও বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম। সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠন দুটির পক্ষ থেকে বলা হয়, যেহেতু আগামী ১ ডিসেম্বর থেকে নিম্নতম মজুরি কার্যকরের সুনির্দিষ্ট তারিখ ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে, তাই দ্রুততম সময়ে নিম্নতম মজুরি ঘোষণা করা হলে মালিকপক্ষ বাড়তি মজুরি প্রদানের ক্ষেত্রে প্রস্তুতি নেওয়ার সময় পাবে।

পোশাকশ্রমিকদের জীবনযাত্রার বিষয়ে গ্লোবাল লিভিং ওয়েজ কোয়ালিশনের ২০২৫ সালের হিসাব অনুযায়ী, ঢাকায় চার সদস্যের পরিবারের জীবনযাপনে মাসে ৪৮ হাজার লাগে। গড়ে ১.৫৮ জন উপার্জনকারী ধরে একজন শ্রমিকের প্রয়োজনীয় লিভিং ওয়েজ ৩০ হাজার ৪৫৯ টাকা। বিবিএসের হিসাবে, চলতি বছরের অক্টোবরে সামগ্রিক মূল্যস্ফীতি ছিল ৮.২৭ শতাংশ, খাদ্যবহিভূত মূল্যস্ফীতি ৯.৮৯ শতাংশ; বিপরীতে মজুরি বৃদ্ধির হার ৭.৬৩ শতাংশ। টানা ৫৭ মাস মজুরি বৃদ্ধি মূল্যস্ফীতির নিচে। গণমাধ্যমের প্রতিবেদনে ঢাকার এক শ্রমিকের মাসিক আয় ও ওভারটাইম মিলিয়ে প্রায় ১৬ হাজার টাকা হলেও বাড়িভাড়া-খাবার মেটাতে হিমশিম এবং চিকিৎসা ও শিক্ষার ব্যয় কমানোর চিত্র উঠে এসেছে।

চলতি বছরের মে-আগস্ট সময়ে ক্লিন ক্লথস ক্যাম্পেইনে ১ হাজার ৯৪ শ্রমিকের ৮৯ শতাংশ বলেছেন, মজুরিতে মৌলিক ব্যয় মেটে না। ব্যয় সামলাতে ২৮ শতাংশ অতিরিক্ত ওভারটাইম, ২৫ শতাংশ ঋণ এবং ৭০ শতাংশ বন্ধু-আত্মীয়ের কাছ থেকে ধার করেন। মজুরি বোর্ডে শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার বলেন, ‘আমাদের দাবি বেতন বাড়ানো। সরকারের উচিত ছিল জুনের মধ্যে মজুরি বোর্ড গঠন করা। মজুরি বোর্ড গঠনের পর বেতনের পরিমাণ কত টাকা সেটা জানিয়ে দিলে আন্দোলন হতো না।’ শ্রমিক আন্দোলনের জন্য মালিক-শ্রমিক প্রতিনিধিদের দূরত্বকেও দায়ী করেছেন বাবুল আখতার।

নতুন মজুরি নিয়ে মালিকদের উদ্বেগও রয়েছে। চলতি বছরের সেপ্টেম্বরে বিকেএমইএর সদস্য ১৩৪টি চালু কারখানার জরিপে বলা হয়েছে, ৫৫ শতাংশের অর্ডার কমেছে বা বাতিল হয়েছে, ৭৮ শতাংশ আংশিক উৎপাদন বন্ধ রেখেছে, ৮৭ শতাংশ সময়মতো জাহাজীকরণ করতে পারেনি, ৬০ শতাংশ ক্রেতাকে ছাড় দিয়েছে এবং ৯২ শতাংশ বিকল্প জ্বালানিতে অতিরিক্ত ব্যয় করেছে। ৫৯ শতাংশ কারখানা ঋণখেলাপির ঝুঁকিতে।

মালিকদের এ বক্তব্যের সঙ্গে মিল রয়েছে সরকারের বক্তব্যেরও। বাণিজ্যমন্ত্রীর সংসদে দেওয়া তথ্যানুযায়ী, ২০২৩ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত ৪০২টি পোশাক কারখানা বন্ধ হয়েছে। এর মধ্যে বিজিএমইএর ২৮২ ও বিকেএমইএর ১২০টি। তবে বন্ধের কারণ শুধু মজুরি নয়; জ্বালানি, অর্থায়ন, অর্ডার, রাজনৈতিক ও বৈশ্বিক পরিস্থিতিও ভূমিকা রেখেছে।