প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার দেশের দীর্ঘদিনের অবহেলিত ও দুর্বল স্বাস্থ্যব্যবস্থাকে আধুনিক, জনবান্ধব ও মানসম্মত স্বাস্থ্যসেবা ব্যবস্থায় রূপান্তরের লক্ষ্যে ব্যাপক সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করছে। এ সংস্কারের অন্যতম প্রধান অগ্রাধিকার নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার গুণগত মানোন্নয়ন, দক্ষ মানবসম্পদ গড়ে তোলা, পেশাগত মর্যাদা বৃদ্ধি এবং নার্স ও মিডওয়াইফদের কর্মপরিবেশ, কর্মসন্তুষ্টি ও জীবনমানের উন্নয়ন।
সোমবার ঢাকা নার্সিং কলেজের ডা. মিলন স্মৃতি মিলনায়তনে আয়োজিত স্নাতক নার্সিং, স্নাতকোত্তর নার্সিং এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস. এম. জিয়াউদ্দিন হায়দার এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের পরিচালক, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের রেজিস্ট্রার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের ডিনসহ নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা এবং স্বাস্থ্যসেবা খাতের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে ড. জিয়াউদ্দিন হায়দার নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানান । শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন তিনি এবং তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এ সময় শিক্ষার্থীরা নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার মান, উচ্চশিক্ষার সুযোগ, পেশাগত ভবিষ্যৎ, কর্মসংস্থান, পদোন্নতি, কর্মপরিবেশ এবং আন্তর্জাতিক শ্রমবাজারে কাজের সম্ভাবনাসহ বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন।
ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা দীর্ঘদিন ধরে নানা কাঠামোগত দুর্বলতা, অপর্যাপ্ত বিনিয়োগ, দক্ষ মানবসম্পদের ঘাটতি এবং স্বাস্থ্যকর্মীদের পেশাগত অসন্তুষ্টির মতো সমস্যায় জর্জরিত। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার এসব সমস্যার টেকসই সমাধানের লক্ষ্যে স্বাস্থ্য অর্থায়ন, প্রাথমিক স্বাস্থ্যসেবা, উপজেলা ও জেলা হাসপাতালের সক্ষমতা বৃদ্ধি, বিশেষায়িত চিকিৎসাসেবা সম্প্রসারণ এবং চিকিৎসক, নার্স ও মিডওয়াইফসহ স্বাস্থ্যকর্মীদের শিক্ষা ও দক্ষতা উন্নয়নে সমন্বিত সংস্কার কার্যক্রম গ্রহণ করেছে।
তিনি বলেন, একটি কার্যকর স্বাস্থ্যব্যবস্থা শুধু চিকিৎসক কিংবা হাসপাতালের ওপর নির্ভরশীল নয়। রোগীর পাশে সবচেয়ে বেশি সময় অবস্থান করেন নার্সরা। অন্যদিকে নিরাপদ মাতৃত্ব, স্বাভাবিক প্রসব, নবজাতকের পরিচর্যা এবং মাতৃ ও শিশুমৃত্যু হ্রাসে মিডওয়াইফদের ভূমিকা অপরিসীম। তাই নার্সিং ও মিডওয়াইফারি পেশার উন্নয়ন ছাড়া স্বাস্থ্যব্যবস্থার কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব নয়।
সরকারের চলমান কার্যক্রম তুলে ধরে তিনি বলেন, নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে পাঠ্যক্রমের আধুনিকায়ন, শিক্ষাপ্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধি, দক্ষ শিক্ষক তৈরি, ব্যবহারিক ও ক্লিনিক্যাল প্রশিক্ষণের মানোন্নয়ন এবং আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশেষ করে দক্ষতাভিত্তিক শিক্ষা, রোগীর নিরাপত্তা, সংক্রমণ প্রতিরোধ, ডিজিটাল স্বাস্থ্যব্যবস্থাপনা, জরুরি চিকিৎসাসেবা এবং মাতৃ ও নবজাতক স্বাস্থ্যসেবায় আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা কেবল সনদ অর্জনের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। শিক্ষার্থীদের এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে তারা দেশে যেমন মানসম্মত স্বাস্থ্যসেবা দিতে পারেন, তেমনি আন্তর্জাতিক শ্রমবাজারেও প্রতিযোগিতামূলক অবস্থান তৈরি করতে পারেন।
ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, নার্স ও মিডওয়াইফদের কাছ থেকে সর্বোচ্চ মানের সেবা প্রত্যাশা করতে হলে তাদের জন্য সম্মানজনক, নিরাপদ ও সন্তোষজনক কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে।
এ লক্ষ্যে সরকার নার্স ও মিডওয়াইফদের পেশাগত উন্নয়ন, কর্মক্ষেত্রে নিরাপত্তা, ন্যায্য সুযোগ-সুবিধা, উচ্চশিক্ষা ও বিশেষায়িত প্রশিক্ষণ, দক্ষতাভিত্তিক পদোন্নতি এবং নেতৃত্বের সুযোগ সম্প্রসারণের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।
তিনি উল্লেখ করেন, স্বাস্থ্যকর্মীদের কর্মসন্তুষ্টি ও রোগীর সেবার মান পরস্পরের সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত। একজন নার্স বা মিডওয়াইফ যখন কর্মক্ষেত্রে যথাযথ মর্যাদা, নিরাপত্তা, পেশাগত উন্নয়নের সুযোগ এবং আর্থিক ও সামাজিক স্বীকৃতি পান, তখন তাঁর পক্ষে আরও আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে রোগীর সেবা প্রদান করা সম্ভব হয়।
তিনি আরও বলেন, নার্সিং ও মিডওয়াইফারি পেশাকে এমন একটি আকর্ষণীয় ও মর্যাদাপূর্ণ পেশায় পরিণত করতে হবে, যেখানে মেধাবী তরুণ-তরুণীরা নিজেদের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে পাবেন।
অনুষ্ঠানে ড. জিয়াউদ্দিন হায়দার নার্সিং ও মিডওয়াইফারি পেশার আন্তর্জাতিক সম্ভাবনার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে দক্ষ নার্স ও মিডওয়াইফদের ব্যাপক চাহিদা রয়েছে। ইউরোপ, উত্তর আমেরিকা, মধ্যপ্রাচ্য, জাপান ও অন্যান্য উন্নত অর্থনীতিতে জনসংখ্যার বার্ধক্য এবং স্বাস্থ্যসেবার সম্প্রসারণের কারণে দক্ষ নার্সিং জনশক্তির নার্সিং ও মিডওয়াইফারি পেশাকে আন্তর্জাতিক মানে উন্নীত করে বৈশ্বিক কর্মসংস্থানের অন্যতম প্রধান খাতে পরিণত করতে কাজ করছে সরকার।
বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে যথাযথ শিক্ষা, ভাষাগত দক্ষতা, আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ ও পেশাগত সনদ অর্জনের সুযোগ দেওয়া গেলে নার্সিং ও মিডওয়াইফারি খাত দেশের বৈদেশিক কর্মসংস্থান ও রেমিট্যান্স অর্জনের অন্যতম বৃহৎ উৎসে পরিণত হতে পারে বলে উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, সরকারের লক্ষ্য শুধু বিদেশে কর্মী পাঠানো নয়; বরং আন্তর্জাতিক মানের দক্ষ, আত্মবিশ্বাসী ও পেশাগতভাবে যোগ্য নার্স ও মিডওয়াইফ তৈরি করা, যাঁরা বিশ্বব্যাপী বাংলাদেশের সুনাম বৃদ্ধি করবেন।
এ লক্ষ্যে আন্তর্জাতিক মানের শিক্ষাক্রম, ভাষা প্রশিক্ষণ, দক্ষতার স্বীকৃতি, পেশাগত নিবন্ধন এবং বিদেশি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সহযোগিতা সম্প্রসারণের প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি।
মিডওয়াইফারি শিক্ষার্থীদের উদ্দেশে ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের স্বাস্থ্য খাতের অন্যতম গুরুত্বপূর্ণ অগ্রাধিকার হচ্ছে মাতৃ ও নবজাতক স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং অপ্রয়োজনীয় সিজারিয়ান অপারেশন কমিয়ে নিরাপদ স্বাভাবিক প্রসবসেবা সম্প্রসারণ।
তিনি বলেন, সরকারের লক্ষ্য হচ্ছে উপজেলা পর্যায়েই মানসম্মত ও সমন্বিত মাতৃ ও নবজাতক স্বাস্থ্যসেবার সক্ষমতা গড়ে তোলা, যাতে সাধারণ ও জটিল প্রসবকালীন সেবার জন্য নারীদের অপ্রয়োজনে দূরবর্তী হাসপাতালে যেতে না হয়।
এ লক্ষ্য অর্জনে দক্ষ মিডওয়াইফ তৈরি, তাদের যথাযথ পদায়ন, প্রয়োজনীয় অবকাঠামো ও চিকিৎসা সরঞ্জাম নিশ্চিত করা এবং কার্যকর রেফারেল ব্যবস্থাপনা গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, নার্সিং ও মিডওয়াইফারি শুধু একটি চাকরি নয়; এটি মানবসেবা, পেশাগত দক্ষতা, সহমর্মিতা ও নেতৃত্বের এক অনন্য সমন্বয়।
তিনি শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান ও প্রযুক্তিতে দক্ষতা অর্জন, ইংরেজিসহ বিদেশি ভাষা শিক্ষা, গবেষণামুখী মনোভাব গড়ে তোলা এবং রোগীর প্রতি সহানুভূতিশীল আচরণের মাধ্যমে নিজেদের আন্তর্জাতিক মানের স্বাস্থ্য পেশাজীবী হিসেবে প্রস্তুত হওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে নার্স ও মিডওয়াইফরা শুধু স্বাস্থ্যসেবার সহায়ক জনশক্তি হিসেবে নয়, বরং স্বাস্থ্যব্যবস্থার অপরিহার্য নেতৃত্বদানকারী পেশাজীবী হিসেবে স্বীকৃতি পাবেন। তাঁরা দেশের মানুষের সেবা করবেন, একই সঙ্গে বিশ্বব্যাপী নিজেদের দক্ষতা ও যোগ্যতার স্বাক্ষর রাখবেন।”
অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীরা সরকারের স্বাস্থ্য খাতের সংস্কার পরিকল্পনা, নার্সিং ও মিডওয়াইফারি পেশার ভবিষ্যৎ এবং আন্তর্জাতিক কর্মসংস্থানের সম্ভাবনা সম্পর্কে সরাসরি প্রশ্ন করার সুযোগ পান। প্রধান অতিথি তাঁদের প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি পেশাগত উন্নয়নে শিক্ষার্থীদের প্রত্যাশা ও মতামত শোনেন।
নার্স ও মিডওয়াইফদের পেশাগত মর্যাদা ও দক্ষতা উন্নয়নে সরকার অগ্রাধিকার দিচ্ছে: ড. জিয়াউদ্দিন হায়দার
অনলাইন
১৬ মিনিট আগে
১৬ নভেম্বর (সোমবার), ২০২৬, ১১ঃ০৯ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
