অবরুদ্ধ জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসি

অবরুদ্ধ জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসি

ফন্ট সাইজ:

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহকে নিজ কার্যালয়ে অবরুদ্ধ করে রেখেছেন পুনর্বহালকৃত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারী। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ভিসি বলেছেন, ৯ ঘণ্টা নয়, ৯০ ঘণ্টা ঘেরাও করলেও কোনো লাভ হবে না। রায়ের আলোকে যা করার করেছেন, বাকি সিদ্ধান্ত সরকারকে নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি অবরুদ্ধ অবস্থায় রয়েছেন।

সোমবার রাত ৮টার দিকে নিজের ফেসবুক আইডিতে দেয়া এক স্ট্যাটাসে এসব কথা বলে তিনি। অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ লেখেন— জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্বার্থের বাহিরে গিয়ে আমার প্রশাসন কিছুই করবে না। রায়ের আলোকে যা করার করেছি, বাকিটা সরকার বলুক, করে দিবো। কোন চাপের কাছে অতীতেও মাথা নত করি নাই, এখনও করবো না। বিশ্ববিদ্যালয়টির সংস্কার দরকার, বিভিন্ন উদ্যোগ নিয়েছি। করতে দিলে করবো, না দিলে করবো না কিন্তু উল্টাপাল্টা কথা বলে বা স্টোরি মেইক করে বা অবরুদ্ধ করে রেখে কোন লাভ হবে না।
৯ ঘণ্টা ধরে ঘেরাও করে রেখেছেন, ৯০ ঘণ্টা ঘেরাও করলেও কোন লাভ হবে না।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় বাস্তবায়ন করে চাকরিতে পুনর্বহাল হওয়া ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর জ্যেষ্ঠতা, পদোন্নতি ও বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে দ্বিতীয় দিনের মতো এ কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। সকাল থেকে গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে ভিসির দপ্তর ঘেরাও করে অবস্থান নেন তারা। একপর্যায়ে বিকেল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক বন্ধ করে পুরো ক্যাম্পাস লকডাউন ঘোষণা করেন। এতে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রমে স্থবিরতা দেখা দেয়।

এদিকে আন্দোলনকারীদের পাল্টা কর্মসূচি দিয়ে অন্য কর্মকর্তা-কর্মচারীরাও ক্যাম্পাস প্রদক্ষিণের চেষ্টা করেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। সন্ধ্যার পরও ভিসি নিজ কার্যালয়ে অবরুদ্ধ ছিলেন।

আন্দোলনকারীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিভিন্ন অপ্রয়োজনীয় প্রকল্প ও খাতে কোটি কোটি টাকা ব্যয় করলেও তাদের ন্যায্য পাওনা পরিশোধে কার্যকর উদ্যোগ নিচ্ছে না। তাদের দাবি, ২০টি প্রকল্পে প্রায় ২৫০ কোটি টাকা ব্যয় করা হচ্ছে, যার অধিকাংশই প্রয়োজনীয় নয়। সংস্কারের নামে বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী ও টেকসই ভবনের কাঠামো পরিবর্তন করে ঐতিহ্য ধ্বংস করা হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।

অধিকারবঞ্চিত কর্মকর্তা-কর্মচারীদের দাবি আদায়ে গঠিত কমিটির আহ্বায়ক মো. নাজিম উদ্দীন শিশিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন সংগঠনের সদস্যসচিব ও বিশ্ববিদ্যালয়ের তথ্য ও সেবা সরবরাহ বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মিয়া হোসেন রানা। সমাবেশ সঞ্চালনা করেন মো. আকরাম হোসেন।

সমাবেশে বক্তারা বলেন, ২০২৫ সালের ২৭শে মে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ে চাকরিচ্যুত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর মধ্যে জীবিতদের পুনর্বহাল এবং চাকরিচ্যুতির সময় থেকে পুনর্বহাল পর্যন্ত সময়কে অসাধারণ ছুটি হিসেবে গণ্য করে তাদের জ্যেষ্ঠতা অক্ষুণ্ন রাখার নির্দেশনা দেয়া হয়।

উল্লেখ্য, চারদলীয় জোট সরকারের আমলে ২০০৩ ও ২০০৪ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পাওয়া এসব কর্মকর্তা-কর্মচারীকে ২০১২ সালে চাকরিচ্যুত করা হয়। এরপর আদালতের দারস্থ হন তারা। ২০২৫ সালের ২৭শে মে তৎকালীন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের সাত সদস্যের বেঞ্চ তাদের পুনর্বহালের নির্দেশ দেন। তবে রায়ের পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়ার অভিযোগে রোববার থেকে আন্দোলনে নামেন তারা।