লন্ডনে নাহিদের সংবর্ধনা শেষে আওয়ামী লীগ–এনসিপি সংঘর্ষ, আহত কয়েকজন

লন্ডনে নাহিদের সংবর্ধনা শেষে আওয়ামী লীগ–এনসিপি সংঘর্ষ, আহত কয়েকজন

ফন্ট সাইজ:

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও আওয়ামী লীগের (বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ) নেতা–কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন। তাদের মধ্যে ৫ জন হাসপাতালে চিকিৎসাধীন।

এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামকে দেওয়া নাগরিক সংবর্ধনা শেষে স্থানীয় সময় সোমবার রাত ১০টার দিকে রমফোর্ডের মেফেয়ার ভেন্যুর সামনে এ ঘটনা ঘটে।

এদিকে এ ঘটনার পর বাংলাদেশ সময় আজ মঙ্গলবার সকাল পৌনে ৭টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বাংলা ও ইংরেজিতে একটি পোস্ট দেন নাহিদ ইসলাম।

ওই পোস্টে তিনি বলেন, ‘আজ লন্ডনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যুক্তরাজ্যের প্রবাসী বাংলাদেশি ভাই-বোনদের ব্যাপক অংশগ্রহণে আমরা গভীরভাবে কৃতজ্ঞ ও অভিভূত। যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, প্রবাসী কমিউনিটির নেতৃবৃন্দ, ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দসহ অনুষ্ঠানে উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।’

হামলার কথা উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ‘দুঃখজনকভাবে, অনুষ্ঠান শেষে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পলাতক ও উগ্র কর্মীরা অনুষ্ঠানে অংশগ্রহণকারী সাধারণ প্রবাসী বাংলাদেশি এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। আমরা এই কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। আজকের অনুষ্ঠানে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের প্রতিনিধিবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরাও উপস্থিত ছিলেন। তারা নিজেরাই এই হামলা ও সহিংসতার ঘটনা প্রত্যক্ষ করেছেন। আমরা আশা করি, তাদের প্রত্যক্ষ অভিজ্ঞতা ও সংগৃহীত তথ্যের ভিত্তিতে ঘটনাটি আন্তর্জাতিক মহলে আলোচিত হবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের রাজনৈতিক সহিংসতা, দমন-পীড়ন এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংসের ইতিহাস বাংলাদেশের মানুষ প্রত্যক্ষ করেছে। জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত এই ফ্যাসিবাদী রাজনৈতিক শক্তির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা এখন বিদেশের মাটিতেও সহিংসতা ও ভীতি প্রদর্শনের মাধ্যমে ভিন্নমত দমনের চেষ্টা করছে। এটি শুধু প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তার জন্য নয়, বরং গণতান্ত্রিক পরিবেশ ও রাজনৈতিক স্বাধীনতার জন্যও উদ্বেগজনক।’
তিনি আরও বলেন, ‘আমরা স্পষ্ট করে বলতে চাই—গণতন্ত্রের সুযোগ নিয়ে গণতন্ত্রবিরোধী সহিংসতা চালানোর অধিকার কারও নেই। যুক্তরাজ্যের মতো একটি গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক আশ্রয়, মতপ্রকাশের স্বাধীনতা ও সমাবেশের অধিকারকে সহিংসতা এবং ভীতি প্রদর্শনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। আমরা যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি—তারা আজকের হামলার ঘটনায় দ্রুত, নিরপেক্ষ ও কার্যকর তদন্ত নিশ্চিত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিবে এবং যুক্তরাজ্যের গণতান্ত্রিক পরিসরকে ব্যবহার করে সন্ত্রাস ও সহিংসতামূলক কার্যক্রমের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেবে।’