ককরোচ জনতা পার্টি তথা ভারতের নতুন প্রজন্মের প্রধান দাবি শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। এ দাবিতে দিল্লির যন্তর মন্তর, কলকাতা সহ বিভিন্ন স্থানে ঐতিহাসিক ছাত্র আন্দোলন গড়ে উঠলেও কেন্দ্রীয় সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করবেন না। সরকারের মতে, পদত্যাগ কোনো সমাধান নয়। বরং এটি সমস্যার মূল কারণ দূর করতে পারে না। এ খবর দিয়েছে অনলাইন জি নিউজ।
এতে আরও বলা হয়, সরকারের এই অবস্থান এমন সময়ে জানানো হলো, যখন ককরোচ জনতা পার্টি (সিজেপি) দাবি করেছে যে শুক্রবার দিল্লির বিতলভাই প্যাটেল হাউসে কেন্দ্রীয় মন্ত্রী জে.পি. নাড্ডা ও জিতেন্দ্র সিংয়ের সঙ্গে দুই ঘণ্টার বৈঠকে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের বিষয়টি আলোচনার গুরুত্বপূর্ণ অংশ ছিল।
ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পাশাপাশি সিজেপির অন্যান্য দাবিগুলো হলো- ৩রা মে নিট-ইউজি পরীক্ষা বাতিলের পর আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারের জন্য ১ কোটি রুপি আর্থিক সহায়তা। সাম্প্রতিক বিক্ষোভে অংশ নেয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা সব এফআইআর অবিলম্বে প্রত্যাহার। পরীক্ষা ব্যবস্থায় প্রস্তাবিত পাঁচ দফা সংস্কার সম্পূর্ণ বাস্তবায়ন। সাম্প্রতিক ‘সংসদ চলো’ কর্মসূচিতে পুলিশের পদক্ষেপের জন্য কেন্দ্র সরকার, র্যাপিড অ্যাকশন ফোর্স এবং দিল্লি পুলিশ কমিশনারের প্রকাশ্য ক্ষমা প্রার্থনা।
সৌরভ দাস বলেন, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, নিট কেলেঙ্কারির ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে নেয়া আইনি পদক্ষেপ প্রত্যাহারের দাবিগুলো কোনোভাবেই আপসযোগ্য নয়। এসব দাবি পূরণ না হলে সারা দেশে আন্দোলন আরও তীব্র করা হবে। তিনি আরও জানান, যন্তর মন্তরে চলমান অবস্থান কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য অব্যাহত থাকবে।
