স্যান্ডপেপার-কাণ্ডের অজানা সত্যটা সামনে আনবেন ব্যানক্রফট?

স্যান্ডপেপার-কাণ্ডের অজানা সত্যটা সামনে আনবেন ব্যানক্রফট?

ফন্ট সাইজ:

অস্ট্রেলিয়ান ক্রিকেটের ইতিহাসে অন্যতম কলঙ্কিত অধ্যায় ‘স্যান্ডপেপার-কাণ্ড’ আবারো আলোচনার কেন্দ্রে। ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে বল টেম্পারিংয়ের ঘটনায় নতুন করে উত্তাপ ছড়িয়েছে উসমান খাজার বিস্ফোরক মন্তব্যের পর। এবার সেই বিতর্কে নিজের বক্তব্য প্রকাশ্যে আনার কথা ভাবছেন ঘটনার সঙ্গে সরাসরি জড়িয়ে পড়া ক্যামেরন ব্যানক্রফট। আর এ নিয়ে সাবেক সতীর্থ মিচেল স্টার্কের প্রতিক্রিয়া, ‘বলে ফেলো’।

কেপটাউন টেস্টে টেলিভিশন সম্প্রচারকারী প্রতিষ্ঠানের ক্যামেরায় বল বিকৃত করার কাজে ব্যবহৃত স্যান্ডপেপারসহ ধরা পড়েন ব্যানক্রফট। ওই ঘটনায় ক্রিকেট অস্ট্রেলিয়া তাকে নয় মাসের জন্য নিষিদ্ধ করে। নিষেধাজ্ঞা কাটিয়ে ২০১৯ সালের অ্যাশেজে টেস্ট দলে ফিরলেও এরপর আর জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পাননি তিনি। তার টেস্ট ক্যারিয়ার থেমে আছে ১০ ম্যাচে।

তবে ঘরোয়া ক্রিকেটে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে ধারাবাহিক পারফরম্যান্সের পরও জাতীয় দলে উপেক্ষিত থাকার পেছনে ২০২১ সালের একটি সাক্ষাৎকারকে কারণ হিসেবে দেখা হয়। সেখানে ব্যানক্রফট ইঙ্গিত দেন, বলের অবস্থা পরিবর্তনের অবৈধ পদ্ধতি সম্পর্কে দলের বোলারদের ধারণা ছিল। যদিও মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড ও নাথান লায়ন সেই অভিযোগ অস্বীকার করেন।

সম্প্রতি প্রকাশিত উসমান খাজার বইয়ে ‘সবাই জানতো’—এমন ইঙ্গিতপূর্ণ মন্তব্যের পর বিষয়টি নতুন করে সামনে আসে। ব্যানক্রফটের ব্যবস্থাপক বেন টিপেট জানিয়েছেন, নিজের বক্তব্য প্রকাশের বিষয়টি বিবেচনা করছেন ৩৩ বছর বয়সী এই ক্রিকেটার। তিনি বলেন, “আগামী কয়েক দিনের মধ্যে তিনি কিছু প্রকাশ করবেন কি না, তা নিয়ে ভাবছেন।”

এদিকে বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্টার্ককে ব্যানক্রফটের সম্ভাব্য বক্তব্য সম্পর্কে প্রশ্ন করা হলে তার সংক্ষিপ্ত উত্তর, ‘বলে ফেলো’। সাবেক পেসার চ্যাড সায়ার্সের দাবির সত্যতা নিয়েও প্রশ্ন করা হয় তাকে। জবাবে স্টার্ক বলেন, “এ বিষয়ে চ্যাডকেই জিজ্ঞেস করতে হবে, তাই না?”

২০১৮ সালে অস্ট্রেলিয়ার কোচের দায়িত্বে থাকা ড্যারেন লেম্যান অবশ্য বিতর্কের অবসান চান। তিনি বলেন, “সংশ্লিষ্ট সবার জন্যই গত সপ্তাহটি কঠিন ছিল। অস্ট্রেলিয়ান ক্রিকেটের স্বার্থে আমাদের সামনে এগোতে হবে। তবে কীভাবে তা সম্ভব, জানি না।”

আগামী ৯ই ডিসেম্বর পার্থে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট দিয়ে মাঠে ফিরবে অস্ট্রেলিয়া। তার আগে ব্যানক্রফট মুখ খুললে নতুন করে অস্বস্তিতে পড়তে পারে দেশটির ক্রিকেটাঙ্গন।