বিভিন্ন জায়গায় ভাঙচুর-অগ্নিসংযোগ, বিএনপি নেতাকর্মীদের বাড়িতে হামলার ঘটনা সরকারের সহ্য করার কোনো কারণ নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। মঙ্গলবার সকালে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
জাহেদ উর রহমান বলেন, ‘আওয়ামী লীগের নামে স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ডও নিষিদ্ধ। আওয়ামী লীগের নামে একটা সাধারণ মিছিল করলেও সেটা এই মুহূর্তে বেআইনি, সভা-সমাবেশ করলেও বেআইনি। সেখানে নৃশংসতা ও সহিংসতা দেখানো হয়েছে।’
দেশের বিভিন্ন জায়গায় ভাঙচুর-অগ্নিসংযোগ, বিএনপি নেতাকর্মীদের বাড়িতে হামলার ঘটনা সরকারের সহ্য করার কোনো কারণ নেই’—বলেন তিনি।
পলাতক আওয়ামী লীগের উসকানিতে নন-পলাতক আওয়ামী লীগ নিজেদের বিপদ ডেকে আনছে বলে উল্লেখ করেন জাহেদ উর রহমান। গোপালগঞ্জের সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা তুলে ধরে উপদেষ্টা বলেন, ‘এগুলো ফৌজদারি অপরাধ। ফৌজদারি অপরাধের মাসুল কিন্তু তাদেরকে দিতে হবে।’
তিনি আরও বলেন, ‘পুলিশ বল প্রয়োগ করবে, পুলিশের বল প্রয়োগের অধিকার আছে। কিন্তু আমরা এতদিন যে সমালোচনা করছিলাম, সেই সমালোচনায় আমরা ভুগতে চাই না। পুলিশের বল প্রয়োগে অসমতা ছিল; যতটুকু প্রয়োজন তার চেয়ে অনেক বেশি বল প্রয়োগ করা হতো। বল প্রয়োগটা প্রপোপরশনেটলি করা হবে।’
গোপালগঞ্জে যাদের ছবি দেখা গেছে, তাদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা হবে বলেও জানান জাহেদ উর রহমান।
পোশাক শ্রমিকদের ন্যায্য আন্দোলনে আওয়ামী লীগ সুযোগ নেওয়ার চেষ্টা করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ‘যেকোনো জায়গায় তাদের নেমে যাওয়ার প্রবণতা আছে। এই ঘটনা যেখানেই ঘটুক না কেন, এটা সরকারকে চাপে ফেলে। সরকারকে সংকটে ফেলে। কারণ সমস্যাগুলোর সমাধান সরকারকেই করতে হয়। চিহ্নিত বা প্রজাতন্ত্রের পোশাকে আওয়ামী লীগ যারা আছেন, প্রত্যেক জায়গায় সরকারের নজরদারি সর্বোচ্চ পর্যায়ে আছে। আমরা বিষয়গুলো ম্যানেজ করতে পারবো।’
উপদেষ্টা বলেন, ‘এটা ঠিক, বহু বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকার কারণে বহু মানুষ তাদের সঙ্গে যুক্ত ছিলেন। এটা সমস্যা নয়। প্রজাতন্ত্রের কর্মচারীরা কাজও করছেন। কিন্তু কর্মরত অবস্থায় যুক্ত থাকলে সেটা ভয়ংকর কথা। সরকার সেই ব্যাপারটি অবশ্যই মাথায় রাখবে।’
জাহেদ উর রহমান বলেন, ‘‘সরকারের ‘মেকানিজম’ আছে, প্রচুর হাতিয়ার আছে। সরকার যদি তথ্য পেতে চায়, পেতে পারে।’’
