রাজধানীর পল্লবীতে ৮ বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় করা মামলায় প্রধান আসামি সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। তবে তার স্ত্রী স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড কমিয়ে খালাস দিয়েছেন আদালত। মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় ঘোষণা করেন। ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও আসামিদের জেল আপিলের ওপর শুনানি শেষে এ রায় দেন আদালত।
এদিন হাইকোর্ট আসামি স্বপ্না খাতুনের আপিলটি গ্রহণ করেন এবং ডেথ রেফারেন্সের অনুমোদনটি বাতিল করে দেন হাইকোর্ট। একই সঙ্গে সোহেল রানার মৃত্যুদণ্ডের আপিলটি বাতিল করে ডেথ রেফারেন্সের অনুমোদন দিয়ে মৃত্যুদন্ড বহাল রাখেন হাইকোর্ট। স্বামী সোহেল রানাকে অপরাধ সংঘটনে স্বপ্না খাতুন নিষ্ক্রিয়তার মাধ্যমে সহায়তা করেছেন—অ্যাটর্নি জেনারেলের এই যুক্তিও গ্রহণ করেননি হাই কোর্ট।
আদালত বলেন, সাক্ষীদের সাক্ষ্য অনুযায়ী, স্বপ্না খাতুন কক্ষের ভেতরে দাঁড়িয়ে ছিলেন এবং তার স্বামী কী করেছেন, তা প্রথম সাক্ষীকে (বাবা) জানিয়েছিলেন। যা পরে ওই ঘটনায় বাবা এজাহার দায়ের করা হয়।
সোহেল রানার মৃত্যুদণ্ড বহালের কারণ: এদিন হাইকোর্ট বলেন, সোহেল রানার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করা হয়েছে। তবে হত্যাকাণ্ডে নিজের বাইরে অন্য কারও সম্পৃক্ততার কথা তিনি বলেননি। শুধু বলেছেন, তার স্ত্রী স্বপ্না খাতুন তাকে পালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন।
তার দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি, ৮ নম্বর সাক্ষীর সাক্ষ্য এবং ময়নাতদন্ত প্রতিবেদনসহ অন্যান্য সাক্ষ্য-প্রমাণ চিকিৎসক (১৯ নম্বর) সাক্ষীর সাক্ষ্যে সমর্থিত হয়েছে। এসব সাক্ষ্য-প্রমাণে আদালত নিশ্চিত হয়েছেন, হত্যাকাণ্ডটি সোহেল রানাই করেছেন এবং ধর্ষণের ঘটনাটিও তার দ্বারাই সংঘটিত হয়েছে।
রায়ের পর্যবেক্ষণে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী বলেন, সোহেল রানা অপরাধটি করেননি—এমনটি বিশ্বাস করার কোনো কারণ নেই। অপরাধটি ছিল নৃশংস, ভয়াবহ ও অস্বাভাবিক পন্থায় সংঘটিত। ভুক্তভোগী ছিল কোমল বয়সের অসহায় একটি শিশু। তাই তার মৃত্যুদণ্ড কমানোর কোনো কারণ আদালত দেখেননি। এ ধরনের অপরাধের জন্য মৃত্যুদণ্ডই যথাযথ শাস্তি বলে মনে করেন আদালত।
স্বপ্না খাতুনের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী বলেন, এই মামলায় ট্রাইব্যুনাল সোহেল রানাকে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(২) ও ৩০ ধারায় দোষী সাব্যস্ত করেন। ৯(২) ধারায় ধর্ষণ বা ধর্ষণ-পরবর্তী অন্যবিধ কার্যকলাপের ফলে নারী বা শিশুর মৃত্যু হলে মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং অতিরিক্ত অর্থদণ্ডের বিধান রয়েছে। অন্যদিকে, ৩০ ধারায় অপরাধ সংঘটনে প্ররোচনা বা সহায়তার জন্য মূল অপরাধের সমান শাস্তির বিধান রাখা হয়েছে। তবে সোহেল রানার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তার স্ত্রী স্বপ্না খাতুন অপরাধ সংঘটনে কোনোভাবে সহায়তা করেছেন—এমন কোনো বক্তব্য নেই বলে পর্যবেক্ষণে উল্লেখ করেন আদালত এবং অন্যান্য সাক্ষী দ্বারাও স্বপনা খাতুনের কার্যকরী কোন সম্পৃক্ততা পাওয়া যায়নি।
ঘটনার সময় রাত ১১টার দিকে স্বপ্না খাতুনকে কক্ষের ভেতরে পাওয়া গেলেও শুধু এ কারণে ৯(২) ধারার সঙ্গে ৩০ ধারা মিলিয়ে তাকে অপরাধী সাব্যস্ত করা কঠিন বলে মনে করেন আদালত।
দণ্ডবিধির ২০১ ধারায়ও অপরাধ প্রমাণিত হয়নি: ট্রাইব্যুনাল স্বপ্না খাতুনকে দণ্ডবিধির ২০১ ধারায় দোষী সাব্যস্ত করেছিলেন বলে পর্যবেক্ষণে উল্লেখ করেন হাই কোর্ট। তবে আদালত বলেন, ওই ধারার বিধান পর্যালোচনায় স্বপ্না খাতুনের ক্ষেত্রে তা প্রযোজ্য হওয়ার কোনো ভিত্তি পাওয়া যায়নি।
দণ্ডবিধির ২০১ ধারার শেষাংশে অপরাধের প্রমাণ বিলুপ্ত করার উদ্দেশ্যে অপরাধ সম্পর্কে জেনেশুনে মিথ্যা তথ্য দেওয়ার বিষয়টি উল্লেখ রয়েছে। আদালত বলেন, এখানে ওই উদ্দেশ্য বলতে অপরাধের প্রমাণ বিলুপ্ত করার উদ্দেশ্য বোঝানো হয়েছে। কিন্তু স্বপ্না খাতুনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ এমন কোনো অভিযোগ আনেনি। এমনকি সোহেল রানার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতেও এ ধরনের কোনো অভিযোগ নেই।
এসব তথ্য ও পরিস্থিতি বিবেচনায় সোহেল রানার ক্ষেত্রে মৃত্যুদণ্ডের রেফারেন্স আংশিক গ্রহণ এবং স্বপ্না খাতুনের ক্ষেত্রে তা খারিজ করেন হাই কোর্ট। স্বপ্না খাতুনকে তার বিরুদ্ধে আনা অভিযোগ থেকে খালাস দিয়ে আদালত বলেন, অন্য কোনো মামলায় আটক রাখার প্রয়োজন না থাকলে তাকে অবিলম্বে মুক্তি দিতে হবে।
রামিসা ধর্ষণ ও হত্যা
রায়ের পর্যবেক্ষণে যা বললেন হাইকোর্ট
স্টাফ রিপোর্টার
অনলাইন
৯ মিনিট আগে
১৭ নভেম্বর (মঙ্গলবার), ২০২৬, ২ঃ২৩ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
