‘বিএনপি পানি খায় ঠিকই, কিন্তু একটু ঘোলা করে খায়’ বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) জিএস এবং ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এস এম ফরহাদ। বিএনপি’র বিরুদ্ধে প্রতিশ্রুতি বাস্তবায়নে গড়িমসি ও সংবিধান সংস্কারে অনীহার অভিযোগ তুলে রাজশাহী মহানগর শিবির আয়োজিত বিক্ষোভ মিছিল-পরবর্তী সমাবেশে তিনি এ মন্তব্য করেন। শুক্রবার বিকালে গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার বিচারের দাবিতে রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলুপট্টি মোড়ে সমাবেশে গিয়ে শেষ হয়।
সমাবেশে এসএম ফরহাদ বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের দীর্ঘ সময় পেরিয়ে গেলেও জনগণের ভোট ও আকাক্সক্ষার প্রতিফলন এখনো বাস্তবায়িত হয়নি। তার দাবি, জনগণ যে সংস্কার ও রাষ্ট্র পুনর্গঠনের প্রত্যাশা করেছিল, সরকার তা পূরণে ব্যর্থ হয়েছে। বিএনপি’র রাজনৈতিক অবস্থানের সমালোচনা করে তিনি বলেন, ‘আমি বিএনপি নিয়ে একটু স্টাডি করার চেষ্টা করছি। আমার কাছে মনে হয়েছে, বিএনপি ঠিকই পানি খায়, কিন্তু একটু ঘোলা করে খায়। অতীতের রাজনৈতিক ঘটনাপ্রবাহের উদাহরণ টেনে তিনি বলেন, ১৯৯৪ সালের মাগুরা উপনির্বাচনের পর তত্ত্বাবধায়ক সরকারের দাবি প্রথমে প্রত্যাখ্যান করলেও পরবর্তীতে আন্দোলনের মুখে বিএনপি তা মেনে নিতে বাধ্য হয়েছিল।
প্রেসিডেন্টের প্রসঙ্গ টেনে ফরহাদ বলেন, তারা আগেই প্রেসিডেন্টকে দায়িত্বে না রাখার আহ্বান জানিয়েছিলেন। পরবর্তীতে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের প্রসঙ্গ উল্লেখ করে তিনি দাবি করেন, তাদের সেই আশঙ্কাই সত্য হয়েছে। তিনি বলেন, আমরা সংশোধনের নাটকে যেতে চাই না, আমরা সংস্কারে যেতে চাই। তার ভাষ্য, একটি সংস্কার পরিষদের মাধ্যমে সংবিধানের মৌলিক কাঠামো পুনর্গঠন করা হলে আদালতের মাধ্যমে তা সহজে বাতিল হওয়ার সুযোগ থাকবে না।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নুরুল ইসলাম সাদ্দাম বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর জনগণের প্রত্যাশা ছিল জুলাই সনদের মাধ্যমে রাষ্ট্রীয় সংস্কার বাস্তবায়ন হবে। কিন্তু ক্ষমতায় আসার পর সরকার সেই প্রতিশ্রুতি থেকে সরে এসেছে বলে তিনি অভিযোগ করেন। তার ভাষ্য, গণভোটের রায় বাস্তবায়িত হলে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠিত হবে, পাশাপাশি স্বাধীন বিচার বিভাগ, স্বাধীন নির্বাচন কমিশন ও স্বাধীন দুর্নীতি দমন কমিশনের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো শক্তিশালী হবে। তিনি আরও অভিযোগ করেন, সরকার গণভোটে জনগণের দেয়া রায় উপেক্ষা করছে। একইসঙ্গে শাপলা চত্বর, ২৮শে অক্টোবর, আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর রায়ের পরবর্তী সহিংসতা এবং জুলাইয়ের ঘটনাসহ বিভিন্ন গণহত্যা ও গুম-খুনের বিচার দাবি করেন তিনি।
বিএনপির উদ্দেশ্যে সাদ্দাম বলেন, জনগণের দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে। তিনি দাবি করেন, গণভোটের রায় বাস্তবায়ন না হলে জনগণ এর জবাব দেবে। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ তুলে তিনি বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ এবং প্রতিশ্রুতি রক্ষা করতে না পারলে সরকারের ক্ষমতায় থাকার নৈতিক অধিকার থাকে না। এ ছাড়াও সমাবেশে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ভিপি ও ছাত্রশিবিরের কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক মো. মোস্তাকুর রহমান জাহিদসহ সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
