নারায়ণগঞ্জে নাহার চেস একাডেমির পুরস্কার বিতরণ

নারায়ণগঞ্জে নাহার চেস একাডেমির পুরস্কার বিতরণ

ফন্ট সাইজ:

নারায়ণগঞ্জের অন্যতম দাবা শিক্ষাপ্রতিষ্ঠান নাহার চেস একাডেমির পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে শহরের আমলাপাড়ায় একাডেমির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিন। জাতীয় দাবা বিচারক ও দাবা প্রশিক্ষক মোহাম্মদ নাজমুল হাসান রুমির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিকটিম সাপোর্ট অ্যান্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশনের চেয়ারম্যান এডভোকেট শাহানাজ জামান, দৈনিক বিজয় পত্রিকার সম্পাদক ও লেখক সাব্বির আহমেদ সেন্টু এবং ডাক্তার ফারহানা রায়হান খেয়া।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট আইনজীবী ও দাবানুরাগী এডভোকেট আবু রায়হান। আলোচনা পর্ব শেষে শুরু হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে নাহার চেস একাডেমি আয়োজিত বিগত চারটি দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। এগুলো হলো- স্বাধীনতা দিবস দাবা প্রতিযোগিতা, বৈশাখী দাবা প্রতিযোগিতা এবং এনসিএ দ্বিতীয় মেডেল দাবা প্রতিযোগিতার সিনিয়র ও জুনিয়র গ্রুপ। নারায়ণগঞ্জের বিভিন্ন স্কুলের ক্ষুদে বিজয়ী দাবাড়ুরা আজ অতিথিদের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেছে। এদের মধ্যে রয়েছে- বিবি মরিয়ম গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের নুসরাত হাসান নাবা, নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলের ফারহান হাসিন, সমাদ্রীত সাম্য, হেরিটেজ স্কুলের ইয়ামিন ফিয়াজ সমৃদ্ধ, রুদ্রনীল সাহা, নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুলের শৌণক সাহা ও শরণ্যা সাহা।

দাবায় সেরা ক্ষুদে দাবাড়ুর সম্মাননা পেয়েছে নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলের দ্বিতীয় শ্রেণির রূপান্তর সৌর। নাহার চেস একাডেমির বিশেষ সম্মাননা প্রদান করা হয় একাডেমির প্রথম দাবা শিক্ষার্থী ডাক্তার ফারহানা রায়হান খেয়াকে। বক্তারা বলেন, নাহার চেস একাডেমি শিশু-কিশোরদের দাবা প্রতিভা বিকাশে দীর্ঘ সময় ধরে কাজ করছে। বাংলাদেশের দাবাঙ্গণে নতুন নতুন কৃতী দাবাড়ু সৃষ্টিতে নাজমুল হাসান রুমি এবং নাহার চেস একাডেমি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, যা আমাদের জেলার মুখ উজ্জ্বল করছে।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন