সবাইকে একটি করে বৃক্ষরোপণ করার আহ্বান

পঞ্চগড়ে বৃক্ষমেলা উদ্বোধনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

সবাইকে একটি করে বৃক্ষরোপণ করার আহ্বান

ফন্ট সাইজ:

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে সারা দেশে বৃক্ষরোপণ অভিযান চলছে। সরকার ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনা নিয়েছে। এ কারণে সবাইকে একটি করে বৃক্ষরোপণ করতে আহ্বান করছি। তিনি গতকাল শুক্রবার দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে জেলা প্রশাসন ও বনবিভাগের আয়োজনে ১০ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি আরও বলেন, নদী ও গাছের সঙ্গে একটি সম্পর্ক রয়েছে। এ কারণে নদীর ধারে গাছ লাগিয়ে সবুজায়ন করা হবে। গাছ কার্বন-ডাই অক্সাইড ছাড়ে আর আমরা গাছ থেকে অক্সিজেন নেই।

এ কারণে গাছ লাগানো জরুরি। জেলা প্রশাসক শুকরিয়া পারভীনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার আবু সাইম, দিনাজপুর বিভাগীয় বন কর্মকর্তা ফাহিম মাসউদ, সহকারী বন সংরক্ষক মোহাম্মদ তানভীর ইসলাম নাহিদ, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু ও জেলা জজ আদালতের পিপি এডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল। এ সময় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এর আগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়ক ধরে সরকারি অডিটোরিয়ামে এসে শেষ হয়। পরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করেন পানিসম্পদ প্রতিমন্ত্রীসহ অতিথিরা।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন