চুয়াডাঙ্গার আলমডাঙ্গার উসমানপুর গ্রামে নিখোঁজের একদিন পর হাসেম আলী (৫৫) নামে এক কৃষকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ১১টার দিকে ওই গ্রামের বিশ্বাসপাড়ার কাটাখালী মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত হাসেম উসমানপুর গ্রামের মৃত রুস্তম মণ্ডলের ছেলে। আলমডাঙ্গা থানার ওসি বাণী ইসরাইল জানান, গত বৃহস্পতিবার বিকালে নিজের জমিতে সার দিতে গিয়ে কাটাখালী মাঠ থেকে নিখোঁজ হন তিনি।
শুক্রবার সকালে স্থানীয়রা মাঠে তার ক্ষতবিক্ষত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পুলিশের প্রাথমিক ধারণা, মৃত্যুর পর মরদেহের কিছু অংশ শেয়াল বা অন্য কোনো বন্য প্রাণী খেয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের পর জানা যাবে।
