কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ৮ জনকে অবৈধভাবে পুশইনের চেষ্টা করলে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি তা রুখে দিয়েছে। শুক্রবার ভোর ৫টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের জয়পুর সীমান্ত দিয়ে বিএসএফফের পুশইন চেষ্টা প্রতিহত করে বিজিবি।
বিজিবি সূত্র জানায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ জয়পুর বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৫২/১-এস সংলগ্ন এলাকা দিয়ে প্রতিপক্ষ ভারতের ১৪৬ বিএসএফ ব্যাটালিয়নের চর মেঘনা ক্যাম্পের বিএসএফ সদস্যরা নারী ও পুরুষসহ ৮ জনকে মাথাভাঙ্গা নদীপথে সাঁতার কেটে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। এ সময় জয়পুর বিওপি’র বিজিবি’র টহলদল বিষয়টি তাৎক্ষণিকভাবে জানতে পেরে ওই ব্যক্তিদের বাংলাদেশে প্রবেশে বাধা দেয়।
পরবর্তীতে বিজিবি’র দৃঢ় ও শক্ত অবস্থানের মুখে তারা নদীপথেই পুনরায় ভারতের অভ্যন্তরে ফিরে যেতে বাধ্য হয়। সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ এবং সীমান্ত আইন লঙ্ঘনের প্রচেষ্টা প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। পাশাপাশি সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং সীমান্ত এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে বিজিবি পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে বলে বিজিবি সূত্র জানিয়েছে।
