নাইক্ষ্যংছড়ি খাল খননে কোটি টাকা সাশ্রয়-সরকারের কোষাগারে ফেরত

নাইক্ষ্যংছড়ি খাল খননে কোটি টাকা সাশ্রয়-সরকারের কোষাগারে ফেরত

ফন্ট সাইজ:

সরকারি প্রকল্পে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সঠিক পরিকল্পনার দৃষ্টান্ত স্থাপন করেছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসন। দু’টি খাল পুনঃখনন প্রকল্পের কাজ নির্ধারিত মান বজায় রেখে সম্পন্ন করার পর অব্যয়িত ১ কোটি ৩ লাখ ৮৩ হাজার টাকা সরকারি কোষাগারে ফেরত দেয়া হয়েছে। নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন নাইক্ষ্যংছড়ি সদর ও সোনাইছড়ি ইউনিয়নের জারুলিয়াছড়ি খাল (৪.৫ কিলোমিটার) এবং নাইক্ষ্যংছড়ি সদর খাল (২.৫ কিলোমিটার) পুনঃখননের জন্য সরকার ২ কোটি ২৪ লাখ টাকা বরাদ্দ দেয়। প্রকল্প বাস্তবায়নে ব্যয় হয়েছে ১ কোটি ২০ লাখ ১৭ হাজার টাকা। ফলে অবশিষ্ট ১ কোটি ৩ লাখ ৮৩ হাজার টাকা সরকারি বিধি অনুযায়ী কোষাগারে জমা দেয়া হয়েছে। চলতি বছরের মে ও জুন মাসে মাসব্যাপী পরিচালিত খননকাজে নিয়মিত তদারকি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এনামুল হাসান।

শ্রমিকদের মজুরি, যন্ত্রপাতি ব্যবহার এবং অন্যান্য প্রয়োজনীয় ব্যয় পরিশোধের পর উদ্বৃত্ত অর্থ ফেরত দেয়া হয়। স্থানীয় কৃষকদের মতে, দীর্ঘদিন খাল দু’টি ভরাট থাকায় বর্ষাকালে জলাবদ্ধতা এবং শুষ্ক মৌসুমে সেচ সংকট ছিল নিত্যদিনের সমস্যা। পুনঃখননের ফলে ৩০টির বেশি বিলের পানি নিষ্কাশন স্বাভাবিক হয়েছে। এতে জলাবদ্ধতা দূর হওয়ার পাশাপাশি আমন চাষের সুযোগ বৃদ্ধি পাবে এবং কৃষি উৎপাদনও বাড়বে বলে আশা করছেন তারা। ইউএনও মো. এনামুল হাসান বলেন, ‘সরকারি অর্থ জনগণের আমানত। প্রতিটি ধাপে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করেই কাজটি সম্পন্ন করা হয়েছে। জনগণের কল্যাণে বরাদ্দকৃত অর্থের সঠিক ব্যবহার এবং সর্বোচ্চ সাশ্রয় নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।’ সরকারি প্রকল্পে ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিত করে বিপুল পরিমাণ অর্থ কোষাগারে ফেরত দেয়ার এ উদ্যোগ স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্ট মহলে প্রশংসিত হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন