পায়ের ব্যথাজনিত কারণে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন ধর্মমন্ত্রী ও বিএনপি’র ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। গত বৃহস্পতিবার তাকে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএনপি’র মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
তিনি জানান, শুক্রবার বাংলাদেশ সময় দুপুর ১২টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. দারেন তাই ক্যেং জিনের নেতৃত্বে ধর্মমন্ত্রী কায়কোবাদের হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে। কুমিল্লা-৩ আসনের এই সংসদ সদস্য দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। অস্ত্রোপচারের আগে দলীয় নেতাকর্মীসহ দেশবাসীর কাছে দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন ধর্মমন্ত্রী।
