বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণের অংশ হিসেবে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে বৃক্ষরোপণ ও গাছের চারা রোপণ কর্মসূচি শুরু হয়েছে। শুক্রবার বিকালে গাজীপুর নগরীর চান্দনা চৌরাস্তা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ মাঠে কৃষক দল কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন প্রধান অতিথি হিসেবে এবং সংগঠনের সাধারণ সম্পাদক জাতীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল প্রধান আলোচক হিসেবে ও গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে জাতীয়তাবাদী কৃষক দল গাজীপুর মহানগর শাখার সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব খান জাহিদুল ইসলাম নিপু ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মইজ উদ্দিন তালুকদারের সঞ্চালনায় কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। চান্দনা চৌরাস্তা ঈদগাহ মাঠ থেকে গাছের চারা বিতরণ ও স্থানীয় মাদ্রাসা প্রাঙ্গণে চারা রোপণের মাধ্যমে কর্মসূচি শুরু করা হয়। উল্লেখ্য, এদিন একইসঙ্গে এবং একইসময়ে দেশব্যাপী সকল জেলা ও মহানগর শাখায় এ কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি।
