দৌলতপুরে চা বিক্রেতাকে কুপিয়ে হত্যা

দৌলতপুরে চা বিক্রেতাকে কুপিয়ে হত্যা

ফন্ট সাইজ:

কুষ্টিয়ার দৌলতপুরে এক চা বিক্রেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। উপজেলার সীমান্ত সংলগ্ন ধর্মদহ গ্রামের একটি মাঠের বাঁশের মাচা থেকে সামিরুল শাহ (৬০) নামে ওই চা বিক্রেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার শরীর ও মুখে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। শুক্রবার সকাল ৭টার দিকে ব্যাংগাড়ি-ধর্মদহ সড়কের পাশে মাঠের মধ্যে থাকা বাঁশের মাচায় রক্তাক্ত মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পার্শ্ববর্তী তেকালা ক্যাম্পের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। নিহত সামিরুল একই ইউনিয়নের তেকালা পশ্চিমপাড়া গ্রামের মৃত বিশারদ শাহের ছেলে।

এর আগে সামিরুল পার্শ্ববর্তী মেহেরপুর জেলার গাংনী উপজেলা থেকে এসে দীর্ঘদিন ধরে তেকালা এলাকায় বসবাস করে আসছেন বলে পরিবার সূত্রে জানা গেছে। নিহতের বড় ছেলে আবু সাঈদ জানান, বৃহস্পতিবার সকালে তিনি, তার বাবা ও দুই মামা বড়গাংদিয়া ইউনিয়ন পরিষদে কাজ শেষে বাড়ি ফেরার পথে তারাগুনিয়া থানা মোড়ে একই এলাকার মুন্টু (৫০) ফোন করে তার বাবাকে দেখা করতে বলেন। ফোন পেয়ে বাবা পরিবারের সদস্যদের বাড়ি যেতে বলে মুন্টুর সঙ্গে তারাগুনিয়া থানা মোড়ে থেকে যান। এরপর থেকে বাবার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। সন্ধ্যা ও রাতে মুন্টুর কাছে বাবার খোঁজ-খবর জানতে চাইলেও তিনি কোনো সঠিক তথ্য দেননি।

শুক্রবার সকালে স্থানীয়দের মাধ্যমে তারা জানতে পারেন বাবার মরদেহ পড়ে রয়েছে। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। দৌলতপুর থানার ওসি খালেদুর রহমান বলেন, নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের দ্রুতই আইনের আওতায় আনা হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন