কক্সবাজারের উখিয়ায় ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫। র্যাব-১৫ জানায়, গত ২৩শে জুলাই গোপন সংবাদে টেকনাফের শামলাপুর এলাকায় অবস্থানরত সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) এর একটি আভিযানিক দল জানতে পারে, ইয়াবার একটি চালান নিয়ে একটি প্রাইভেটকার উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের রূপপতি এলাকায় মেরিন ড্রাইভ সড়ক দিয়ে অতিক্রম করবে। এ তথ্যের ভিত্তিতে বিজিবি চেকপোস্টের প্রায় ১০০ গজ উত্তরে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়।
পরে একটি সন্দেহভাজন সাদা রঙের প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালানো হলে চালকের আসনের নিচে স্কচটেপ ও পলিথিনে মোড়ানো অবস্থায় এসব ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় মাদক বহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ এবং চালককে আটক করা হয়।
আটক ব্যক্তি টেকনাফ সদর ইউনিয়নের অলিয়াবাদ এলাকার মো. আব্দুল্লাহর ছেলে মো. রায়হান (২৭)। র্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রায়হান দীর্ঘদিন ধরে মিয়ানমার সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ ও বিক্রি করে আসছিল বলে স্বীকার করেছে। আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে উদ্ধারকৃত ইয়াবা ও জব্দকৃত প্রাইভেটকারসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
