বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি ও প্রচার-মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, রমজান মাস কেবল উপবাসের মাস নয়, বরং এটি আত্মশুদ্ধি ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে নিজেকে মুত্তাকী হিসেবে গড়ে তোলার মাস। সমাজের সকল অন্যায় ও শোষণমুক্ত একটি ইনসাফপূর্ণ সমাজ বিনির্মাণে রমজানের শিক্ষা আমাদের সবচেয়ে বড় পাথেয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার আয়োজিত মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বুধবার জেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এসময় তিনি আরও বলেন, আমরা দেশে উন্নত শিক্ষা, উন্নত ব্যবস্থাপনা গড়ে তুলতে পারিনি। ৫ই আগস্টের পূর্বে যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল তারা গণহত্যা করেছে। ১৪শ’ ছাত্রকে হত্যা করেছে। অতীতে শাপলা চত্বরে গণহত্যা করেছে। অপরাধীদের কোনো ক্ষমা নেই। এদেরকে যদি কেউ সহানুভূতি দেখায়, প্রশয় দেয় ও আগামীতে ফেরার স্বপ্ন দেখায় তাদেরকেও এদেশের মানুষ ছাড় দেবে না। তখন আরেকটি ৫ই আগস্ট হবে। বর্তমান ক্ষমতাসীনরা যাতে ফ্যাসিবাদী না হন। আমরা জনগণের অধিকার নিয়ে সোচ্চার থাকবো। সত্যিকারের বিরোধী দলের ভূমিকায় থাকবো। আমরা ক্ষুধা, দারিদ্র্য ও চাঁদাবাজমুক্ত বাংলাদেশ গড়তে চাই। ইসলামের ভিত্তিতে, কোরআনের ভিত্তিতে দেশ গড়তে জামায়াতে ইসলামী বদ্ধপরিকর। ইনশাআল্লাহ এই বাংলাদেশ হেরে যাবে না। অনুষ্ঠানে উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল মুনতাজিমের সভাপতিত্বে এবং সেক্রেটারি প্রভাষক বেলাল আহমেদ চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন-মৌলভীবাজার জেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী, সেক্রেটারি প্রিন্সিপাল ইয়ামীর আলী, সাবেক উপজেলা আমীর মাস্টার আব্দুল হামিদ খান, বাংলাদেশ খেলাফত মজলিসের কুলাউড়া উপজেলা সভাপতি মাওলানা হাবিবুর রহমান, জাতীয় নাগরিক পার্টি কুলাউড়া উপজেলার যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শাহ আলম সরকার, সদস্য সচিব মাহবুব জামান শিহাব। এছাড়াও উপস্থিত ছিলেন- উপজেলা জামায়াতের নায়েবে আমীর মো. জাকির হোসেন, সহকারী সেক্রেটারি সাইফুল ইসলাম খান ও মো. আলাউদ্দিন প্রমুখ। আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি এবং সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।
‘সত্যিকারের বিরোধী দলের ভূমিকায় থাকবে জামায়াত’
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
