ঢাকায় তাঁর চিকিৎসার ব্যবস্থা আমরা করেছিলাম। কিন্তু রওনা দিয়েও ঢাকায় আসার আগেই তিনি মারা গেলেন। কয়েক দিন আগের ঘটনা। ভোলা শহরে এক জ্যেষ্ঠ সাংবাদিকের মা হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হন। ওই সিনিয়র সাংবাদিক বহু বছর ধরে স্বাস্থ্য খাতের নিউজ করেন। কোথায় রোগীরা চিকিৎসা পাচ্ছেন, কোন হাসপাতাল থেকে তাঁদের ফিরে যেতে হচ্ছেÑএসব অভিজ্ঞতা তিনি পাঠকের সামনে তুলে ধরেন। সেদিন তাঁকেই নিজের মায়ের জরুরি চিকিৎসার জন্য ঢাকার হাসপাতালে যোগাযোগ করতে হলো।
আমি ও জাতীয় নিউরো সায়েন্স ইনস্টিটিউটের পরিচালক মিলে ঢাকার হাসপাতালে সিটের ব্যবস্থা করলাম। নিজের মাকে আর ঢাকায় এনে উন্নত চিকিৎসা করাতে পারলেন না। একজন চিকিৎসক হিসেবে সেদিনের কথা বারবার মনে পড়ে।
ভোলাতেই বিশেষায়িত চিকিৎসা পেলে ফল কী হতো, নিশ্চিত করে বলা যায় না। তবু সন্তানটির কথা ভাবি। মা হঠাৎ অসুস্থ হলে তাঁর জরুরি চিকিৎসার সময়টুকু কেন দূরের হাসপাতালে যোগাযোগ আর যাতায়াতের ব্যবস্থা করতেই ফুরিয়ে যাবে?
ভোলায় হার্ট অ্যাটাক বা স্ট্রোকে আক্রান্ত রোগীকে উন্নত চিকিৎসার জন্য অনেক সময় স্পিডবোটে বরিশাল পাঠানো হয়। প্রসবকালীন জটিলতা দেখা দিলেও কোনো কোনো পরিবারকে এই পথ ধরতে হয়। হাসপাতালের কাগজে ‘বরিশালে রেফার’ কথাটি লিখতে এক মুহূর্ত লাগে। অথচ ওই দুটি শব্দের পরই স্বজনদের একের পর এক সিদ্ধান্ত নিতে হয়। রোগীকে ঘাটে নেবেন কী করে? এই সময়ে স্পিডবোট পাওয়া যাবে তো? ওপারের ঘাটে নেমে হাসপাতালে যাওয়ার গাড়ি কোথায় পাবেন? রাতে কিংবা দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এই যাত্রা আরও কঠিন হয়ে ওঠে। কেউ সময়মতো হাসপাতালে পৌঁছাতে পারেন না, কেউ পথেই মারা যান। যাঁরা বরিশালে পৌঁছান, তাঁদের জন্যও প্রয়োজনীয় বিশেষজ্ঞ, শয্যা কিংবা জরুরি সেবা সঙ্গে সঙ্গে পাওয়ার নিশ্চয়তা নেই।
সেখান থেকে ঢাকায় যাওয়ার পরামর্শ এলে স্বজনদের আবার ভাবতে হয়Ñরোগীকে নিয়ে আর কত দূর যেতে হবে? ভোলার স্বাস্থ্য সেবার পরিকল্পনা করতে হলে রোগীর এই পুরো পথটি হিসাবের মধ্যে আনতে হবে। হাসপাতাল থেকে ঘাটে পৌঁছানো, নৌযানের অপেক্ষা, নদী পারাপার, তারপর আবার সড়কপথে হাসপাতালÑপ্রতিটি ধাপেই রোগীর চিকিৎসা পেতে দেরি হয়।
ভোলার বিপুল গ্যাস দেশের জ্বালানির চাহিদা পূরণে ভূমিকা রাখছে। এ জেলার কৃষকের ফলানো ধান, জেলের ধরা মাছ আমাদের পাতে ওঠে। সেই কৃষকের বুকে হঠাৎ ব্যথা উঠলে কিংবা জেলের পরিবারের কোনো মায়ের জরুরি অস্ত্রোপচারের প্রয়োজন হলে, তাঁর চিকিৎসা পাওয়ার সময়টি কেন ঘাটে নৌযান পাওয়ার ওপর নির্ভর করবে?
ভোলায় একটি সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠার দাবি জানাই। সেখানে চব্বিশ ঘণ্টা হৃদ্রোগ ও স্ট্রোকের জরুরি চিকিৎসা, নিবিড় পরিচর্যা, জরুরি অস্ত্রোপচার এবং প্রসূতি ও নবজাতকের সেবার ব্যবস্থা থাকতে হবে। ভবন ও যন্ত্রপাতির বরাদ্দের পাশাপাশি শুরু থেকেই বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স ও টেকনোলজিস্ট নিয়োগ এবং হাসপাতাল পরিচালনার নিয়মিত ব্যয় নিশ্চিত করতে হবে।
ভোলার মানুষ এই উদ্যোগের সুফল বুঝবেন গভীর রাতে হাসপাতালের দ্বারস্থ হয়ে, যখন দেখবেন রোগীকে গ্রহণ করে চিকিৎসা শুরু করার মতো প্রশিক্ষিত দল সেখানে প্রস্তুত আছে। মেডিকেল কলেজ প্রতিষ্ঠায় সময় লাগবে। এর মধ্যেই ভোলা সদর হাসপাতালের জরুরি সেবা জোরদার করার কাজে হাত দেওয়া জরুরি।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে অনুরোধ, হাসপাতালটির সক্ষমতা যাচাই করুন। স্ট্রোকের রোগী এলে জরুরি সিটি স্ক্যান করা যায় কি? বুকে ব্যথা নিয়ে কেউ এলে দ্রুত ইসিজি করে প্রয়োজনীয় চিকিৎসা শুরু করা যায় কি? কোনো প্রসূতির জরুরি অস্ত্রোপচার লাগলে একই সময়ে প্রসূতিবিদ, অ্যানেসথেসিয়া দল ও রক্ত পাওয়া যায় কি? এসব প্রশ্নের উত্তর খুঁজলেই বোঝা যাবে, কোথায় আগে জনবল দিতে হবে, কোথায় যন্ত্র সচল রাখতে হবে, আর কোন সেবার জন্য অবিলম্বে বরাদ্দ প্রয়োজন।
যাঁদের জেলার বাইরে পাঠাতেই হবে, তাঁদের নিরাপদে পৌঁছে দেওয়ার দায়িত্ব প্রেরণকারী ও গ্রহণকারী হাসপাতাল যৌথভাবে নিক। রোগী ভোলা ছাড়ার আগেই বরিশালের কোন হাসপাতালে কোন চিকিৎসক দল তাঁকে গ্রহণ করবে, তা দুই হাসপাতাল কথা বলে নিশ্চিত করুক। নদীপথে অক্সিজেন ও প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীসহ নৌ-অ্যাম্বুলেন্স থাকুক। সেটি ওপারে পৌঁছানোর আগেই ঘাটে অ্যাম্বুলেন্স প্রস্তুত থাকুক।
একজন সন্তান অন্তত সেই সময়টুকু মায়ের পাশে বসে তাঁর হাতটি ধরে রাখতে পারবেন।
সেদিন আমরা ঢাকায় বসে একজন মায়ের চিকিৎসার ব্যবস্থা করেছিলাম।
আমাদের চাওয়া, ভোলার আরেক সন্তান এমন বিপদে পড়লে যেন নিজের জেলার হাসপাতালেই ফোন করতে পারেন। আর অপর প্রান্তে কর্তব্যরত চিকিৎসক যেন তাঁকে বলতে পারেন, “মাকে নিয়ে আসুন। আমরা প্রস্তুত আছি।”
লেখক: অধ্যাপক, এমবিবিএস (ডিএমসি), এমডি (কার্ডিওলজি),ক্লিনিক্যাল ও ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট, বিভাগীয় প্রধান, কার্ডিওলজি বিভাগ, পপুলার মেডিকেল কলেজ ও হাসপাতাল, ঢাকা।
