শরণার্থীর কান্না, বিশ্বের নীরবতা

শরণার্থীর কান্না, বিশ্বের নীরবতা

ফন্ট সাইজ:

বিশ্বে আজ শরণার্থীর সংখ্যা ১১ কোটি ৭৮ লাখ। সংখ্যাটি শুধু একটি পরিসংখ্যান নয়, এটি ১১ কোটি ৭৮ লাখ ভাঙা ঘর, ছিন্নমূল পরিবার, হারিয়ে যাওয়া শৈশব এবং অনিশ্চিত ভবিষ্যতের গল্প। অথচ এই ভয়াবহ মানবিক বিপর্যয়ের সময়েই জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর তহবিল সংকটে দিশেহারা। ২০২৭ সালের বাজেট কমিয়ে আনতে হয়েছে ৭ দশমিক ১ বিলিয়ন ডলারে। দুই বছরে চাকরি হারিয়েছেন ৮ হাজার কর্মী। প্রশ্ন হলো, সংকট যখন বাড়ছে তখন সহায়তা কমছে কেন? উত্তরটি যতটা অর্থনৈতিক, তার চেয়ে বেশি রাজনৈতিক।

আজকের বিশ্বে যুদ্ধের জন্য অর্থের অভাব নেই, অস্ত্র কেনার জন্য অর্থের অভাব নেই, সামরিক জোট গঠনের জন্য অর্থের অভাব নেই। অভাব শুধু শরণার্থীদের জন্য। যে পৃথিবী কয়েক দিনে হাজার হাজার কোটি ডলারের অস্ত্র চুক্তি করতে পারে, সেই পৃথিবী কোটি কোটি উদ্বাস্তু মানুষের খাদ্য, চিকিৎসা ও শিক্ষার জন্য কয়েক বিলিয়ন ডলার জোগাড় করতে গিয়ে অসহায়ত্বের কথা বলে। এর চেয়ে বড় কপটতা আর কী হতে পারে?

আফগানিস্তান, সিরিয়া, সুদান, ইউক্রেন, গাজা কিংবা ভেনেজুয়েলা। পৃথিবীর মানচিত্রে যেন একের পর এক ক্ষতচিহ্ন। কিন্তু এই ক্ষতগুলোর জন্ম তো হঠাৎ হয়নি। এগুলোর পেছনে রয়েছে রাজনৈতিক ব্যর্থতা, ক্ষমতার দ্বন্দ্ব, ভূরাজনৈতিক প্রতিযোগিতা এবং কখনও কখনও বড় শক্তিগুলোর প্রত্যক্ষ বা পরোক্ষ ভূমিকা। যুদ্ধ তৈরি হয় রাজনৈতিক সিদ্ধান্তে, কিন্তু তার মূল্য দেয় সাধারণ মানুষ। যারা যুদ্ধ চায়নি, তারাই হারায় ঘর, দেশ ও পরিচয়।

আরও উদ্বেগের বিষয় হলো, মানবিকতার ভাষাও এখন রাজনৈতিক সুবিধা-অসুবিধার হিসাবের মধ্যে বন্দি হয়ে পড়েছে। ইউরোপ ও আমেরিকার বহু দেশে অভিবাসনবিরোধী রাজনীতি আজ জনপ্রিয়। নির্বাচনের সময় শরণার্থীদের মানবিক সংকটের শিকার মানুষ হিসেবে নয়, বরং অর্থনৈতিক ও সামাজিক বোঝা হিসেবে তুলে ধরা হয়। মানবাধিকারের বুলি যত উচ্চারিত হয়, বাস্তব নীতিতে তার প্রতিফলন তত কম দেখা যায়।


এই বাস্তবতায় বাংলাদেশের অভিজ্ঞতা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ২০১৭ সালে মিয়ানমারের সামরিক নিপীড়নের মুখে লাখ লাখ রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছিল। মানবিক দায়িত্ববোধ থেকে বাংলাদেশ তাদের জন্য সীমান্ত খুলে দিয়েছিল। বিশ্বের অনেক ধনী রাষ্ট্র তখন বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছে, প্রশংসা করেছে, প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু নয় বছর পর প্রশ্ন জাগে, সেই প্রতিশ্রুতির কতটা বাস্তবায়িত হয়েছে?

আজও প্রায় ১৩ লাখ রোহিঙ্গা বাংলাদেশের মাটিতে অবস্থান করছে। বিশ্বের বৃহত্তম শরণার্থী শিবিরগুলোর একটি কক্সবাজারে। তাদের খাদ্য, বাসস্থান, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিনিয়ত বিপুল ব্যয় বহন করতে হচ্ছে বাংলাদেশকে। পরিবেশের ওপর চাপ বেড়েছে, বনভূমি ক্ষতিগ্রস্ত হয়েছে, স্থানীয় অর্থনীতি ও সামাজিক কাঠামোর ওপরও প্রভাব পড়েছে। তারপরও বাংলাদেশ দায়িত্ব এড়িয়ে যায়নি। কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায় কি একই দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে?

বাস্তবতা হলো, রোহিঙ্গা সংকট এখন অনেকটাই বৈশ্বিক অগ্রাধিকারের তালিকা থেকে সরে গেছে। আন্তর্জাতিক সহায়তা কমছে। জাতিসংঘের বিভিন্ন কর্মসূচি তহবিল সংকটে পড়ছে। খাদ্য সহায়তা কমানোর আলোচনা হয়েছে একাধিকবার। অন্যদিকে রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের ক্ষেত্রেও দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। অর্থাৎ সংকট আছে, মানুষ আছে, দায়িত্ব আছে, কিন্তু রাজনৈতিক সদিচ্ছা নেই।

সবচেয়ে বড় বিপদ এখানেই।

যখন কোনো শরণার্থী সংকট দীর্ঘস্থায়ী হয়, তখন তা শুধু মানবিক সংকট থাকে না; তা নিরাপত্তা, অর্থনীতি এবং আঞ্চলিক স্থিতিশীলতার সংকটে পরিণত হয়। বিশ্ব যদি রোহিঙ্গা সংকটকে ভুলে যায়, তাহলে ভবিষ্যতে তার মূল্য আরও বড় আকারে দিতে হতে পারে। কারণ অমীমাংসিত সংকট কখনও স্থির থাকে না, সময়ের সঙ্গে আরও জটিল হয়।

ইউএনএইচসিআরের বর্তমান আর্থিক সংকটও বিশ্বকে একটি অস্বস্তিকর সত্যের মুখোমুখি দাঁড় করিয়েছে। বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রগুলো শরণার্থী সমস্যার কারণগুলো দূর করতে ব্যর্থ হচ্ছে, আবার তার পরিণতি মোকাবিলার জন্যও যথেষ্ট অর্থ ব্যয় করতে অনাগ্রহী। এটি শুধু নীতিগত ব্যর্থতা নয়, এটি নৈতিক ব্যর্থতাও।

প্রশ্ন হলো, আমরা কি এমন এক পৃথিবীর দিকে এগোচ্ছি, যেখানে মানুষের জীবন ও মর্যাদার মূল্য ক্রমেই কমে যাচ্ছে? যেখানে যুদ্ধের বাজেট বাড়বে, কিন্তু শরণার্থীদের জন্য তহবিল কমবে? যেখানে মানবিকতা থাকবে বক্তৃতায়, কিন্তু অনুপস্থিত থাকবে বাস্তব কর্মসূচিতে?

বিশ্ব আজ সেই প্রশ্নের মুখোমুখি।

কক্সবাজারের রোহিঙ্গা শিশুটি, সুদানের উদ্বাস্তু নারীটি কিংবা গাজার ধ্বংসস্তূপে আশ্রয়হারা পরিবারটি আমাদের দিকে তাকিয়ে আছে। তাদের চোখে একটি প্রশ্ন, সভ্যতার এত অগ্রগতির পরও মানুষ কি মানুষের পাশে দাঁড়াতে পারছে? সেই প্রশ্নের উত্তর আজ হতাশাজনকভাবে নীরব।
আর এই নীরবতাই হয়তো আমাদের সময়ের সবচেয়ে বড় মানবিক ব্যর্থতা।

লেখক সহিদুল আলম স্বপন জেনেভাভিত্তিক রাজনৈতিক বিশ্লেষক, প্রাইভেট ব্যাংকিংয়ে আর্থিক অপরাধ প্রতিরোধ ও কমপ্লায়েন্স বিশেষজ্ঞ, কলামিস্ট ও কবি। দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি, আন্তর্জাতিক সম্পর্ক, বৈশ্বিক আর্থিক স্বচ্ছতা ও কৌশলগত বিষয় নিয়ে তিনি নিয়মিত লেখেন।

ই-মেইল: [email protected]