গ্রুপ পর্বের হিসাবনিকাশ চুকিয়ে ইতিমধ্যেই নতুন পরীক্ষায় নেমে পড়েছে দলগুলো। এখন একটাই সমীকরণ- জিতলেই হবে। নয়তো বিদায়। সেই কঠিন পরীক্ষায় আজ রাত ২টায় সিয়াটলে মুখোমুখি হচ্ছে বেলজিয়াম ও সেনেগাল। কাগজে-কলমে ইউরোপের দলটি এগিয়ে। কিন্তু দু’দলের গ্রুপ পর্বের পারফরম্যান্স বলছে রাউন্ড অব ৩২’র এই লড়াই জমজমাট হবে। আর যে হারে ফেভারিট দলগুলো বিদায় নিচ্ছে, তাতে বেলজিয়াম বধের স্বপ্ন দেখতেই পারে সাদিও মানের সেনেগাল। তাদের হালকা করে দেখছে না বেলজিয়ামও। রোমেলু লুকাকুর সতর্কবার্তা, ‘ওরা শারীরিকভাবে খুবই শক্তিশালী এবং কৌশলগতভাবে শৃঙ্খলাবদ্ধ।
আমাদের পুরো মনোযোগ ধরে রাখতে হবে।’
ফিফা র্যাঙ্কিংয়ে আপাতত দশম স্থানে রয়েছে বেলজিয়াম। কিন্তু শুরুতে ছন্নছাড়া দেখাচ্ছিল কোচ রুড গার্সিয়ার দলকে। মিশর ও ইরানের বিপক্ষে টানা দুই ড্রয়ে সমালোচনার মুখে পড়ে তারা। তবে শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে চেনা ছন্দে ফেরে ‘রেড ডেভিলস’। কোচ গার্সিয়ার বিশ্বাস, তার দল ধীরে ধীরে নিজেদের ফিরে পাচ্ছে। নিউজিল্যান্ডকে হারানোর পর তিনি বলেন, ‘আমরা এখনো বলতে পারি না যে পুরোপুরি নিজেদের সেরা পর্যায়ে পৌঁছেনি, তবে ধীরে ধীরে ছন্দ খুঁজে পাচ্ছি। টুর্নামেন্টে নিজেদের জায়গা করে নিচ্ছি।
আমাদের গতি তৈরি হচ্ছে।’
কেভিন ডি ব্রুইনা সবশেষ ম্যাচে গোল পেয়েছেন। জোড়া গোল করে ট্রসার্ডও বার্তা দিয়ে রেখেছেন প্রতিপক্ষকে। আর রোমেলু লুকাকু প্রমাণ দিয়েছেন তিনি বদলি হিসেবেও কার্যকর। তবে ডিফেন্ডার জেনো ডেবাস্ট সেনেগালকে নিয়ে সতর্ক। তিনি বলেন, ‘সেনেগাল সত্যিই খুব ভালো দল। তাদের খেলায় শারীরিক শক্তি ও কৌশল দুটোই আছে। আমরা যদি শেষ ম্যাচের মতো ইতিবাচক ধারাটা দেখাতে পারি তাহলে দারুণ একটি ম্যাচ হবে।’
অন্যদিকে, ফিফা র্যাঙ্কিংয়ের ১৮ নম্বর দল সেনেগালের শুরুটা ছিল আরও কঠিন। ফ্রান্স ও নরওয়ের কাছে হেরে বিদায়ের শঙ্কা জেগেছিল। কিন্তু শেষ ম্যাচে ইরাককে ৫-০ গোলে বিধ্বস্ত করে তৃতীয় দল হিসেবে নকআউটে জায়গা করে নেয় সেনেগাল। সাদিও মানে-ইসমাইলা সারের মতো ফুটবলাররাই নতুন স্বপ্ন দেখাচ্ছেন আফ্রিকান দলটিকে। যদিও শেষ ম্যাচের পারফরম্যান্সে তৃপ্ত নন সেনেগালিজ কোচ পাপে থিয়াও। বেলজিয়ামের বিপক্ষে শিষ্যদের কাছ থেকে সেরাটাই চাইবেন তিনি।
তিন ম্যাচে তিন গোল করে দারুণ ছন্দে আছেন ইসমাইলা সার। সাদিও মানে খেলার গতিপথ তৈরি করে দিচ্ছেন। তবে হাঁটুর চোটে ছিটকে গেছেন প্রথম পছন্দের গোলরক্ষক এডওয়ার্ড মেন্ডি।
