জার্সি বিক্রেতা হিল এখন প্যারাগুয়ের হিরো

জার্সি বিক্রেতা হিল এখন প্যারাগুয়ের হিরো

ফন্ট সাইজ:

ম্যাচ শেষে মাঠের মাঝখানেই কান্নায় ভেঙে পড়লেন ৬ ফুট ৬ ইঞ্চির এক দানবীয় গোলকিপার। অথচ কিছুক্ষণ আগেই কাই হাভার্টজ আর নিক ভল্টমেডের মতো বিশ্বমানের জার্মান তারকাদের টাইব্রেকারে রুখে দিয়ে ফুটবল ইতিহাসের অন্যতম বড় রূপকথা লিখেছেন তিনি। চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে টাইব্রেকারে হারিয়ে শেষ ১৬-তে প্যারাগুয়ে! আর এই অবিশ্বাস্য মহাকাব্যের নায়ক ২৬ বছর বয়সী ওর্লান্দো দানিয়েল হিল নোলদিন। আজ ফুটবল বিশ্ব যার প্রশংসায় পঞ্চমুখ, মাত্র চার বছর আগের এক ডিসেম্বরের রাতে তার জীবনটা ছিল এক বিভীষিকা।

২০২২ সালের শেষের দিকে ক্লাব ফুটবলে হিলের ক্যারিয়ার তখনো অনিশ্চিত। সিনিয়র স্তরে খেলেছেন মোটে দু’টি ম্যাচ। ঠিক তখনই তার প্রিম্যাচিউর (অকালজাত) সন্তান ও স্ত্রী মেলিসা হাসপাতালের আইসিইউতে মৃত্যুর মুখোমুখি। চিকিৎসার খরচ চালানোর মতো ন্যূনতম অর্থও ছিল না হিলের কাছে। গত বছর মেলিসা ইনস্টাগ্রামে সেই কষ্টের দিনগুলো স্মরণ করে লিখেছিলেন, ‘আমাদের তখন কিছুই ছিল না। ওর বাবা পাশে দাঁড়িয়ে সব বিল মেটানোর জন্য নিজের জামাকাপড়, স্নিকার্স, এমনকি অনূর্ধ্ব-২০ জাতীয় দলের যে জার্সিটা স্মৃতি হিসেবে রাখার কথা ছিল, সেটাও বিক্রি করে দিয়েছিল।’ ছোটবেলায় ফরোয়ার্ড বা মিডফিল্ডার হিসেবে খেলা শুরু করা এই তারকার ভাগ্য বদলায় ২০২৪ সালে, আর্জেন্টিনার ক্লাব সান লোরেনজোতে যোগ দেয়ার পর। সেখান থেকে পারফর্ম করে জায়গা করে নেন জাতীয় দলে।

যুক্তরাষ্ট্রের কাছে ৪ গোল খেয়ে বিশ্বকাপ শুরু করা হিল এরপর তুরস্ক ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ক্লিনশিট রেখে দলকে নকআউটে তোলেন। আর জার্মানির বিপক্ষে ১২০ মিনিটে করলেন ৫টি দুর্দান্ত সেভ। ম্যাচটি নিয়ে হিল বলেন, ‘এটা যেন কোনো হরর মুভি ছিল। চারপাশ থেকে শুধু জার্মানরা তেড়ে আসছিল। আমি নিজেই এখনো বিশ্বাস করতে পারছি না।’
টাইব্রেকারে নিজের আদর্শ ম্যানুয়েল নয়্যারকে হারিয়ে পরের পর্বের টিকিট কাটার পর হিল তার আবেগ ধরে রাখতে পারেননি। জার্মানির কিংবদন্তি গোলকিপারের প্রতি শ্রদ্ধা জানিয়ে হিল বলেন, ‘নয়্যার একজন বিশ্বমানের গোলকিপার। তার মতো একজন আইডলের সঙ্গে টাইব্রেকার শেয়ার করতে পারাটাই ভাগ্যের। তিনিও একটা সেভ করেছেন। তার প্রতি আমার পরম শ্রদ্ধা।’

টাইব্রেকারে বীরত্বের পর ম্যাচসেরার ট্রফি হাতে পেয়ে হিল নিজের অতীতকে ভুলে যাননি। নিজের ঘরের মানুষের কষ্টের মূল্য বোঝা হিল সেই ঐতিহাসিক ট্রফিটি উৎসর্গ করেছেন দেশে হাসপাতালে চিকিৎসাধীন তার ছোট্ট ভাগ্নে আলেকজান্ডারকে। হিল বলেন, ‘আলেকজান্ডার, এই ট্রফিটা তোমার জন্য। আশা করি তুমি দ্রুত সুস্থ হয়ে উঠবে। তোমার গডফাদার দূর থেকে তোমাকে শক্তি জোগাচ্ছে।’

যে বাবা একদিন সন্তানের অক্সিজেনের জন্য নিজের শেষ সম্বল জার্সিটা বিক্রি করে দিয়েছিলেন, আজ তার হাত ধরেই প্যারাগুয়ে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা জয়টি পেলো। ফুটবল বিশ্ব আজ চিনে নিয়েছে ওর্লান্দো হিলকে- যিনি শুধু জার্মানিকে হারাননি, হারিয়ে দিয়েছেন জীবনযুদ্ধকেও।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন