শ্রীলঙ্কার বিপক্ষে ৪-০ গোলের দাপুটে জয়। সেই আত্মবিশ্বাস নিয়েই এবার সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে নামছে বাংলাদেশ। সেমিফাইনালে প্রতিপক্ষ পাকিস্তান। আর দলটির শক্তি সম্পর্কে যথেষ্ট সতর্ক বাংলাদেশ কোচ থমাস ডুলি। তার চোখে, এবারের সাফে পাকিস্তান অন্যতম শক্তিশালী দল। তাই ফাইনালে যেতে হলে নিজেদের সেরাটা দিয়েই লড়তে হবে স্বাগতিকদের। আজ জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনাল। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে বড় ধাক্কা সাদ উদ্দিনের চোট। ডান প্রান্তের এই নির্ভরযোগ্য ডিফেন্ডারকে পাচ্ছেন না ডুলি।
সাদের অনুপস্থিতিকে দলের জন্য বড় ক্ষতি হিসেবেই দেখছেন তিনি। তবে তার বিশ্বাস, বিকল্প হিসেবে যিনি সুযোগ পাবেন, তিনিও দায়িত্ব পালনে সক্ষম হবেন। পাকিস্তানকে সমীহ করলেও ভয় পাচ্ছেন না বাংলাদেশ কোচ। আসিয়ান কাপে ফিলিপাইন ও ভিয়েতনামের বিপক্ষে পাকিস্তানের পারফরম্যান্সের কথা মনে করিয়ে দিয়ে ডুলি বলেন, ‘শুরু থেকেই বলছি, প্রতিটি প্রতিপক্ষই আমাদের জন্য গুরুত্বপূর্ণ ও বিপজ্জনক। পাকিস্তান সম্ভবত সবচেয়ে কঠিন প্রতিপক্ষ। তারা খুব শক্তিশালী। এশিয়ান কাপে ভালো ফল করেছে এবং দারুণ প্রতিদ্বন্দ্বিতা গড়েছে। তাই তাদের কোনোভাবেই হালকাভাবে নেয়ার সুযোগ নেই। শতভাগ প্রস্তুতি নিয়েই আমাদের মাঠে নামতে হবে।’ পাকিস্তানের দলে ইউরোপে খেলা পাঁচ ফুটবলার যোগ হওয়ায় চ্যালেঞ্জ আরও বেড়েছে বলে মনে করেন ডুলি। তবে শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের পারফরম্যান্সে সন্তুষ্ট তিনি। কোচ বলেন, ‘আমাদের লড়াই করতে হবে।
সমর্থকদের দেখাতে হবে, আমরা ফুটবল খেলতে পারি, লড়াই করতে পারি। পাকিস্তানকেও দেখাতে হবে, আমাদের হারানো সহজ নয়। তাদের প্রতি আমাদের অনেক শ্রদ্ধা আছে। তবে মাঠে লড়াই করে ম্যাচটি নিজেদের দিকে নিয়ে আসার সর্বোচ্চ চেষ্টা করবো।’ পাকিস্তানের এক স্ট্রাইকারের তিন গোল নিয়েও প্রশ্ন ছিল ডুলির কাছে। তবে প্রতিপক্ষের আক্রমণভাগ নিয়ে আলাদা কোনো দুশ্চিন্তা নেই তার। বরং নিজেদের রক্ষণভাগের ওপর আস্থা রাখছেন বাংলাদেশ কোচ। এখন পর্যন্ত প্রতিপক্ষের জালে পাঁচ গোল দেয়ার পাশাপাশি নিজেদের জাল অক্ষত রেখেছে বাংলাদেশ। ডুলি বলেন, ‘আমি সবাইকে নিয়েই চিন্তিত। তবে আমাদের রক্ষণও শক্তিশালী। কেউ আমাদের বিপক্ষে গোল করতে পারেনি। ম্যাচের পর ম্যাচ আমরা আরও শক্তিশালী হচ্ছি। রক্ষণভাগের খেলোয়াড়দের ওপর আমার আস্থা আছে। ওয়ান-অন-ওয়ানেও তারা ভালো। শেষ পর্যন্ত বিষয়টি হলো, কারা বেশি জিততে চায়। আমাদের চেয়ে বেশি জয়ের ক্ষুধা আর কারও নেই।’ পাঁচ দিন বিশ্রাম নিয়ে সেমিফাইনালে নামছে পাকিস্তান। বাংলাদেশের তুলনায় বিশ্রামের সময় বেশি পেলেও সেটিকে বড় করে দেখছেন না ডুলি। তাঁর কাছে পাকিস্তান ম্যাচটিই ফাইনাল। জাতীয় স্টেডিয়ামের দর্শকদের কাছেও বাড়তি সমর্থন চেয়েছেন বাংলাদেশ কোচ। আগের ম্যাচগুলোতে গ্যালারিতে আট-নয় হাজার আসন ফাঁকা থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘গ্যালারির পরিবেশ অসাধারণ ছিল। যারা এসেছিলেন, তাদের সমর্থন আমাদের দারুণ অনুভূতি দিয়েছে। তবে আরও বেশি দর্শক এলে ভালো লাগবে। গ্যালারি পূর্ণ করে সমর্থকরা আমাদের খেলোয়াড়দের উৎসাহিত করলে শেষ মুহূর্তে সেটি বাড়তি শক্তি জোগাবে।’ এদিকে তপু বর্মণ, সোহেল রানা ও বিশ্বনাথ ঘোষের ফিটনেস নিয়েও কথা বলেছেন ডুলি। তপু অনুশীলনে ফিরেছেন এবং পায়ে ব্যথা নেই বলে জানিয়েছেন কোচ। তবে দীর্ঘদিন মাঠের বাইরে থাকায় তাঁকে সরাসরি একাদশে ফেরানো কঠিন। বিশেষ করে তরুণ জিদানের পারফরম্যান্সে সন্তুষ্ট ডুলি। তিনি বলেন, ‘তপু এখন আমাদের সঙ্গে অনুশীলন করছে।
তার পায়ে কোনো ব্যথা নেই। প্রয়োজন হলে সে প্রস্তুত। তবে কয়েক সপ্তাহ মাঠের বাইরে থেকে ফিরে এসে শুধু প্রস্তুত বললেই হয় না, অনুশীলনে পারফর্ম করতে হয়। এখন জিদান ইউসুফ ভালো করছে। তাকে বাদ দেয়া কঠিন। তরুণরা এভাবেই সুযোগ পেয়ে নিজেদের প্রমাণ করে।’ সব মিলিয়ে পাকিস্তানের বিপক্ষে কঠিন লড়াইয়ের অপেক্ষায় বাংলাদেশ। তবে ডুলির কথায় স্পষ্ট, প্রতিপক্ষের শক্তি নিয়ে সতর্ক থাকলেও নিজেদের সামর্থ্য ও দলীয় সংহতির ওপরই ভরসা রাখছেন তিনি। তার লক্ষ্য একটাই- সাফের শিরোপা।
