হামজা চৌধুরীকে নিয়ে বাংলাদেশের সমর্থকদের উন্মাদনা থাকলেও পাকিস্তান গোলরক্ষক ইউসুফ বাটের তাতে কোনো মাথাব্যথা নেই। বাংলাদেশের বিপক্ষে সেমিফাইনালে হামজাকে নিয়ে আলাদা কোনো পরিকল্পনাও নেই তার। বরং ভালো বন্ধু জামাল ভূঁইয়ার বিপক্ষে খেলতেই বেশি রোমাঞ্চিত এই গোলরক্ষক। তাঁর বিশ্বাস, হামজার মতো পাকিস্তান দলেও রয়েছেন মানসম্পন্ন ফুটবলার। ম্যাচের আগে সংবাদমাধ্যমকে ইউসুফ বলেন, ‘হামজা বা অন্য কাউকে নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই। আমার কাছে গুরুত্বপূর্ণ হলো, ভালো বন্ধু জামাল ভূঁইয়ার বিপক্ষে খেলা। হামজা অবশ্যই ভালো খেলোয়াড়।
তবে আমাদের দলেও আবদুল্লাহ ইকবাল, ঈসা সুমান, আদিল নবী ও আবদুল আরশাদের মতো দুর্দান্ত খেলোয়াড় রয়েছে।’ নতুন পাঁচ প্রবাসী ফুটবলারের অন্তর্ভুক্তিতে পাকিস্তানের শক্তি বেড়েছে বলেও মনে করেন তিনি। ব্যক্তিগত নৈপুণ্যের চেয়ে দলীয় পারফরম্যান্সকেই গুরুত্ব দিচ্ছেন ইউসুফ। বলেন, ‘সবকিছু দলকে নিয়ে, কোনো ব্যক্তিগত খেলোয়াড়কে নিয়ে নয়। আমরা সম্মিলিতভাবে বাংলাদেশের বিপক্ষে নিজেদের সেরাটা দিতে চাই। আশা করি, সেটাই জয়ের জন্য যথেষ্ট হবে।’ বাংলাদেশের দর্শকদের চাপ সামলাতে ভিএআর প্রযুক্তিকে বড় সহায়তা হিসেবে দেখছেন পাকিস্তানের এই গোলরক্ষক।
