সংসদে অনুপস্থিত এমপিদের ওপর প্রধানমন্ত্রীর ক্ষোভ

ফন্ট সাইজ:

বাজেট অধিবেশনে মঙ্গলবার সকালের সেশনে অনুপস্থিত দলীয় সংসদ সদস্যদের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। সরকার দলীয় যেসব এমপি বাজেট পাসের দিন অনুপস্থিত ছিলেন তাদেরকে কারণ দর্শাতে হুইপদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী । অধিবেশন শেষে সংসদে তাঁর কার্যালয়ে হুইপ এবং অনুপস্থিত এমপিদের ডেকে নেন প্রধানমন্ত্রী। তাদের কাছে অনুপস্থিতির জানতে চান প্রধানমন্ত্রী। একাধিক হুইপ এবং অনুপস্থিত সংসদ সদস্য বিষয়টি মানবজমিনকে নিশ্চিত করেছেন।
মঙ্গলবার ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট সংসদে পাস হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল পৌনে ১০টায় যথা সময়ের আগেই সংসদে উপস্থিত হন। এবং বেলা ১১টায় জাতীয় সংসদে মুলতবি অধিবেশন শুরু হয়।
অধিবেশন শুরুর অন্তত ১৫ মিনিট আগে সংসদ সদস্যদের সংসদে উপস্থিত থাকার নির্দেশনা ছিল আগেই। অথচ মুলতবি অধিবেশনে সকালের সেশনে সরকার দলীয় অনেক সংসদ সদস্য অনুপস্থিত ছিলেন। বাজেট পাসের দিন গুরুত্বপূর্ণ অধিবেশনে অনুপস্থিত সংসদ সদস্যদের দেখে ক্ষুব্ধ হন প্রধানমন্ত্রী। এসময় কয়েকজন হুইপের কাছে এমপিদের অনুপস্থিতির কারণ জানতে চান। যেসব সংসদ সদস্য অনুপস্থিত ছিলেন তাদের কারণদর্শাতে বলেন। এরপর অনুপস্থিত এমপিদের সঙ্গে যোগাযোগ করেন হুইপরা। এবং প্রধানমন্ত্রীর নির্দেশনা জানিয়ে দেন।
সকালের সেশনে অনুপস্থিত ছিলেন ফরিদপুর অঞ্চলের এমন একজন সংসদ সদস্য মানবজমিনকে বলেন, সকালে যথা সময়ে অধিবেশনে যোগ না দেয়ার কারণে প্রধানমন্ত্রী ডেকেছেন। আল্লাহই জানেন কপালে কি আছে। এসময় রসিকতা করে পাশে উপস্থিত আরেকজন সংসদ সদস্য বলেন, এমনিতেই মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার সুযোগ পাই না।
যাক এই উসিলায় প্রধানমন্ত্রীর সঙ্গে একটু সাক্ষাতের সুযোগ পাবো।
এ ব্যাপারে একজন হুইপ মানবজমিনকে বলেন, মঙ্গলবার সকালে বাজেট অধিবেশনের শুরুতে সরকার দলীয় অনুপস্থিত এমপিদের দেখে ক্ষোভ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। কয়েকজন হুইপকে ডেকে নিয়ে দলীয় এমপিদের অনুপস্থিতির কারণ জানতে চান। এসময় তিনি হুইপদের নির্দেশ দেন- যেসব সংসদ সদস্য অনুপস্থিত ছিলেন তাদের কারণদর্শাতে বলেন। তারা যেন অধিবেশন শেষে সংসদের কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।
এদিকে বাজেট পাসের পর অধিবেশন মুলতবি হয়ে গেলে প্রধানমন্ত্রী তার কার্যালয়ে যান। দীর্ঘ সময় তিনি তার কার্যালয়ে অবস্থান করেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন