শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণায় সরকার কোনো চাপে নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘আসিব আসিব বলিয়া’ কতোদিন পার হবে- কখনো নভেম্বর, কখনো ডিসেম্বর, আবার কখনো ১৬ই ডিসেম্বরের কথা বলা হচ্ছে। এসব নিয়ে সরকারের কোনো উদ্বেগ বা চাপ নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। গতকাল সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সমসাময়িক বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ জানান, পলাতক ও দণ্ডপ্রাপ্ত আসামি কীভাবে ফিরতে চান- তা আন্তর্জাতিক ও দেশীয় গণমাধ্যমে দেখা গেছে। তবে তিনি কেবল প্রত্যর্পণ চুক্তি অনুসারেই দেশে ফিরতে পারেন। সরকার ইতিমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কূটনৈতিক চ্যানেলে সংশ্লিষ্ট দেশকে চিঠি দিয়েছে এবং তারাও আইনানুগভাবে বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে। আওয়ামী লীগের সঙ্গে প্রশাসনের কতিপয় কর্মকর্তাদের সম্পৃক্ততার বিষয়ে তিনি বলেন, পুলিশ বা অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত আছেন। তারা ষড়যন্ত্র করছেন। তারা সরকারের কঠোর নজরদারিতে আছেন। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ইতিমধ্যে কয়েকজন পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করে রাষ্ট্রদ্রোহ ও বিভাগীয় মামলা দেয়া হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পলাতক নেতারা সীমান্তের ওপারে পশ্চিম ও পূর্ব অঞ্চলে অবস্থান করে দেশে লুকিয়ে থাকা নেতাকর্মীদের মশাল মিছিল, লকডাউন, শাটডাউন বা হরতালের মতো নাশকতামূলক কর্মসূচির নির্দেশনা দিচ্ছে। পলাতক শক্তি দেশে থাকা নেতাকর্মীদের প্রতারণা ও ফাঁদে ফেলে বিপদের মুখে ঠেলে দিচ্ছে। দেশের জনগণ কখনোই তাদের এ ধরনের অপতৎপরতা মেনে নেবে না। তিনি বলেন, এসব কার্যক্রমের মাধ্যমে রাজনৈতিক দল নয়, আওয়ামী লীগ তার কার্যক্রমের মাধ্যমে নিজেদের একটি সন্ত্রাসী গোষ্ঠীতে পরিণত করেছে।
২০২৪-এর গণ-অভ্যুত্থানে গণহত্যার মাধ্যমে পতন ও পলায়নের পর এ দলটির রাজনৈতিক দল হিসেবে কোনো স্বীকৃতি নেই। বাংলাদেশের মানুষও তা দেবে না। ইতিহাস সাক্ষী যে, জার্মানির নাৎসি বাহিনীর মতো গণহত্যাকারী কোনো ফ্যাসিস্ট ও মাফিয়া শক্তি পৃথিবীর কোথাও আর রাজনীতিতে ফিরতে পারেনি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও আর কখনো বাংলাদেশে প্রত্যাবর্তন করতে বা গণতান্ত্রিক রাজনীতি করতে পারবে না। তিনি আরও বলেন, দল হিসেবে আওয়ামী লীগের মানবতাবিরোধী অপরাধের তদন্ত চলছে। তদন্ত, চার্জশিট ও বিচারিক কার্যক্রম শেষ হলে আদালত যে রায় দেবেন, সে অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। নির্বাচন কমিশনও ব্যবস্থা নেবে।
পোশাকশ্রমিকদের মজুরি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্ধারিত মজুরিতে শ্রমিক ও মালিকরা সন্তুষ্ট। এরপরও অনেকে গুজব ছড়িয়ে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। তারা আসলে প্রকৃত শ্রমিক নয়, বরং একটি মহল এটিকে রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে ব্যবহার করতে চাইছে। তাদের পেছনের ইন্ধনদাতাদের খতিয়ে দেখা হচ্ছে।
