বাংলাদেশ বন্দনায় অ্যালিসন-ক্যাসেমিরো

বাংলাদেশ বন্দনায় অ্যালিসন-ক্যাসেমিরো

ফন্ট সাইজ:

জাপানের বিপক্ষে জয়ের পর বাংলাদেশকে নিয়ে নিজের হৃদয়ের আবেগ প্রকাশ করেছেন ব্রাজিলের অতন্দ্র প্রহরী অ্যালিসন বেকার ও মিডফিল্ডার ক্যাসেমিরো। দু’জনেই লাল-সবুজ ফুটবল সমর্থকদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করেছেন।

ম্যাচের ২৯ মিনিটে জাপানের করা গোলের পর যখন ম্যাচ হাতছাড়া হওয়ার উপক্রম; ঠিক তখনই গ্যাব্রিয়েল মাগালহায়েসের চমৎকার এক পাস থেকে দলের ত্রাণকর্তা হয়ে দারুণ এক হেডে বল জাপানের জালে জড়ান ‘ব্রাজিলের ট্যাঙ্কার’ খ্যাত মিডফিল্ডার ক্যাসেমিরো। তার এই গোলে সমতায় ফিরে ব্রাজিল। ম্যাচ শেষে এই মিডফিল্ডার যখন গণমাধ্যমের সঙ্গে কথা বলছিলেন, তখন সেখানে উপস্থিত একজন বাংলাদেশি সাংবাদিক ক্যাসেমিরোর উদ্দেশ্যে বলেন, ‘আমরা এখন যখন এখানে কথা বলছি, তখন বাংলাদেশে গভীর মধ্যরাত। সেখানে এই মুহূর্তে বাংলাদেশি ব্রাজিল ভক্তরা রাস্তায় নেমে আপনাদের এ জয় উদ্‌যাপন করছে।

আপনি কি সেই বাংলাদেশি সমর্থকদের জন্য কিছু বলতে চান?’ উত্তরে ক্যাসেমিরো মুখে চওড়া হাসি নিয়ে আন্তরিকতার সঙ্গে বলেন, ‘অনেক ধন্যবাদ, ধন্যবাদ আমাদের সমর্থন করার জন্য, বাংলাদেশ।’ ক্যাসেমিরোর পর মিক্সড জোনে বাংলাদেশি সমর্থকদের জন্য নিজের হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে দেন ব্রাজিলের অতন্দ্র প্রহরী গোলকিপার অ্যালিসন বেকার। সাংবাদিকদের সঙ্গে কথা বলা শেষ করে অ্যালিসন যখন তার সতীর্থদের কাছে ফিরে যাচ্ছিলেন, ঠিক তখনই এক বাংলাদেশি সাংবাদিক পিছু ডেকে বলেন, ‘অ্যালিসন, উই আর ফ্রম বাংলাদেশ।’ বাংলাদেশ নামটি শোনামাত্রই থমকে দাঁড়ান বিশ্বের অন্যতম সেরা এ গোলরক্ষক।

পিছু ফিরে সোজা চলে আসেন সেই সাংবাদিকের সামনে। অ্যালিসন বলেন, ‘ওহ, সুন্দর! আমাদের সমর্থন করার জন্য বাংলাদেশকে ধন্যবাদ। আমি (সোশ্যাল মিডিয়ায়) অনেক সুন্দর কিছু ভিডিও দেখেছি। আপনাদের অনেক ধন্যবাদ।’ এরপর সাংবাদিক পাল্টা প্রশ্ন করেন, ‘বাংলাদেশি সমর্থকরা যেভাবে আপনাদের জয় উদ্‌যাপন করে, তার ভিডিওগুলো কি আপনি সত্যিই দেখেছেন?’ উত্তরে অ্যালিসন যেন আরও আবেগপ্রবণ হয়ে পড়েন। তিনি বলেন, ‘হ্যাঁ, আমি দেখেছি। আমি বেশ কয়েকটি ভিডিও দেখেছি। আমি বাংলাদেশের মানুষগুলোকে অন্তর থেকে ধন্যবাদ জানাতে চাই। আমরা ব্রাজিলিয়ানরাও আপনাদের অনেক ভালোবাসি। আমাদের প্রতি এই নিঃস্বার্থ ভালোবাসার জন্য আপনাদের ধন্যবাদ। ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুন।’

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন