প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর ঘিরে সংবাদ সম্মেলন করেছে মালয়েশিয়া বিএনপি। স্থানীয় সময় শনিবার রাত সাড়ে ১০টায় কুয়ালালামপুরের আরব হাদরামোত রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন মালয়েশিয়া বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন দলের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরকে কেন্দ্র করে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়। এর মধ্যে বিশেষভাবে প্রাধান্য পায় দেশটির সাথে শ্রম বাজারে দীর্ঘদিনের অচলাবস্থা নিরসনের বিষয়টি। পাশাপাশি অবৈধ হয়ে পড়া প্রবাসী শ্রমিকদের বৈধকরণ প্রক্রিয়া, প্রবাসী কার্ড সংক্রান্ত বিষয় এবং বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়েও উপস্থিত সাংবাদিকদের থেকে প্রশ্ন আসে এবং সে বিষয়ে মতামত তুলে ধরেন মালয়েশিয়া বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান।
এ প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন সমস্যার মুখোমুখি থাকা প্রবাসী বাংলাদেশিরা প্রধানমন্ত্রীর সফরের দিকে গভীর আগ্রহ নিয়ে তাকিয়ে আছেন। বিশেষ করে শ্রমবাজার সম্প্রসারণ, সিন্ডিকেটমুক্ত কর্মী নিয়োগ, বৈধতার সুযোগ বৃদ্ধি, শ্রমিকদের কল্যাণ এবং ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের মতো বিষয়গুলো সফরে গুরুত্ব পাবে বলে তারা প্রত্যাশা করছেন।
সংবাদ সম্মেলনে, মালয়েশিয়ায় অবস্থানরত লাখো বাংলাদেশি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো সমাধানে দুই দেশের সরকারের মধ্যে আরও কার্যকর সহযোগিতা প্রয়োজন। প্রধানমন্ত্রীর সফর সেই সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে বলে মনে করেন মালয়েশিয়া বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন।
এ ছাড়া নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীর এই সফরকে দুই দেশের সম্পর্ক ও প্রবাসী শ্রমিকদের সমস্যা সমাধানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মনে করছেন বলে সংবাদ সম্মেলনে উঠে আসে।
