হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে ব্রাজিল। তবে ভক্তদের জন্য এর চেয়েও বড় সুখবর হলো, ইনজুরি কাটিয়ে বিশ্বকাপের মঞ্চে ফেরার অপেক্ষায় দলের প্রাণভোমরা নেইমার জুনিয়র। বুধবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে তাকে মাঠে পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সেলেসাও কোচ কার্লো আনচেলত্তি।
মরক্কোর বিপক্ষে ড্র আর হাইতির বিপক্ষে জয়। তবুও ব্রাজিলের বিশ্বকাপ যাত্রায় নেইমারের অভাব স্পষ্ট। হাইতি ম্যাচের পর কোচ আনচেলত্তি সংবাদ সম্মেলনে জানান, ‘নেইমার আগামীকাল একক অনুশীলন করবে এবং সোমবার থেকে দলের সঙ্গে পুরো অনুশীলনে যোগ দেবে। স্কটল্যান্ডের বিপক্ষে তাকে অবশ্যই পাওয়া যাবে।’
গত ১৭ই মে ক্লাব ফুটবলে কাফ মাসলের চোটে পড়েছিলেন ৩৪ বছর বয়সী এই তারকা। গ্রেড-২ চোটের কারণে তিন সপ্তাহের পুনর্বাসনের সময়সীমা পার হওয়ার পর অবশেষে তিনি প্রস্তুত পুরোপুরি ফেরার জন্য। বিশ্বকাপের বাছাইপর্বে মাত্র ৪ ম্যাচে মাঠে নেমে ২ গোল ও ৩ অ্যাসিস্ট করে নিজের অপরিহার্যতা আগেই প্রমাণ করেছেন নেইমার।
হাইতিকে হারানোর পর ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে বর্তমানে ‘সি’ গ্রুপের শীর্ষে ব্রাজিল। সমান পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে মরক্কো। গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করে নকআউট পর্বে যেতে স্কটল্যান্ড ম্যাচের ওপর গুরুত্ব দিচ্ছেন আনচেলত্তি। স্কটিশদের বিপক্ষে লড়াইয়ের আগে সতর্ক ব্রাজিলিয়ান কোচ বলেন, ‘স্কটল্যান্ডের নিজস্ব শক্তিমত্তা আছে, যা মরক্কোর বিপক্ষে ম্যাচেও দেখা গেছে। তাই আত্মতুষ্টির সুযোগ নেই। আমরা প্রতিটি দিন নিজেদের উন্নতির দিকে মনোযোগ দিচ্ছি এবং স্কটল্যান্ড ম্যাচের জন্য প্রস্তুত হচ্ছি।’
