কাতারি সরকারের পক্ষ থেকে গত বছর মার্কিন যুক্তরাষ্ট্রকে ‘শর্তহীন’ উপহার হিসেবে দেয়া একটি নতুন বোয়িং ৭৪৭-৮ জেট বিমানকে এয়ার ফোর্স ওয়ান বহরের জন্য উন্মোচন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। বিলাসবহুল এই জাম্বো জেটটির রূপান্তর ও আধুনিকায়নের কাজ মার্কিন সামরিক বাহিনী ইতিমধ্যেই শেষ করেছে, যার আনুমানিক মূল্য প্রায় ৪০০ মিলিয়ন ডলার।
গত শুক্রবার জয়েন্ট বেস অ্যান্ড্রুজে দেয়া এক ভাষণে ট্রাম্প বলেন, এই বিমানটিকে একটি উড়ন্ত হোয়াইট হাউসে রূপান্তর করা হয়েছে এবং এর বিলাসিতার মাত্রা এমন যা আগে কেউ কখনো দেখেনি। ২০২৫ সালের মে মাসে কাতারের রাজপরিবার মার্কিন প্রতিরক্ষা দপ্তরকে এই বিলাসবহুল বোয়িং ৭৪৭-৮ বিমানটি উপহার হিসেবে দেয়, যাতে এটি প্রেসিডেন্টের যাতায়াতকারী বিমান বহর ‘এয়ার ফোর্স ওয়ান’-এর অংশ হিসেবে ব্যবহৃত হতে পারে। গত বছর যখন বিমানটি উপহার হিসেবে পাওয়ার খবর সামনে আসে, তখন ট্রাম্পের কিছু মিত্রসহ মার্কিন রাজনীতির উভয় পক্ষ থেকেই তীব্র সমালোচনা ও বিতর্কের ঝড় উঠেছিল।
বিমানটি উন্মোচনের ভাষণে ট্রাম্প আরও বলেন, এই বিমানের নির্মাণশৈলী আপনারা যখন নিজের চোখে দেখবেন, তখন বিশ্বাসই করতে পারবেন না। মূলত এর কাঠের গুণগত মান, উপকরণের মান এবং ইঞ্জিনের মান সবই অসাধারণ। এই ইঞ্জিনগুলো পৃথিবীর সবচেয়ে সেরা, এর সমকক্ষ আর কিছুই নেই। এটি সত্যিই একটি সম্মানের বিষয় এবং আমি কাতারের আমিরকে ধন্যবাদ জানাতে চাই। কাতারি এই জেটটি যুক্ত হওয়ার আগে এয়ার ফোর্স ওয়ান বহরে দুটি ৭৪৭-২০০বি মডেলের বিমান ছিল, যা ১৯৯০ সাল থেকে ব্যবহৃত হয়ে আসছিল।
হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক স্টিভেন চেং-এর দেওয়া তথ্য অনুযায়ী, সেই পুরোনো মডেলগুলোর একটিকে এখন বহর থেকে সরিয়ে নেওয়া হয়েছে। বিমান বাহিনী জানিয়েছে, বোয়িং কোম্পানি দুটি ভিসি-২৫বি জেট সরবরাহ না করা পর্যন্ত অন্তর্বর্তীকালীন সময়ে প্রেসিডেন্ট এই নতুন জেটটি ব্যবহার করবেন। দীর্ঘমেয়াদী ব্যবহারের জন্য নির্ধারিত ওই ভিসি-২৫বি বিমান দুটি তৈরি ও সরবরাহের কাজ উৎপাদনজনিত জটিলতার কারণে দীর্ঘদিন ধরে ঝুলে আছে।
