ফ্রান্সে জি-৭ সম্মেলনে মধ্যাহ্নভোজের সময় মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেন, মোদি একজন শান্ত, ঠান্ডা মাথার এবং একেবারে ‘কিলার’ ধরনের নেতা।
ট্রাম এদিন আরও বলেছেন, আমি তার (মোদি) মতো নই। তাকে দেখুন। এ ছাড়া তিনি বলেছেন, যতদিন আমি প্রেসিডেন্ট আছি, হোয়াইট হাউসে ভারতের একজন মহান বন্ধু থাকবে। আমি আপনাদের বলতে পারি, এখানকার সবাই ভারতকে ভালোবাসে এবং এই মানুষটির প্রতি তাদের অপরিসীম শ্রদ্ধা রয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, জি-৭ সম্মেলনের ফাঁকে বুধবার মোদি ও ট্রাম্পের মধ্যে বৈঠক হয়েছে। এই বৈঠককে দুই দেশের সম্পর্ক পুনরায় গড়ে তোলার পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
সাম্প্রতিক সময়ে শুল্কনীতি এবং হরমুজ প্রণালির কাছে মার্কিন হামলায় ভারতীয় তিন নাবিক নিহত হওয়ার ঘটনায় দেশ দুইটির সম্পর্ক কিছুটা উত্তেজনাপূর্ণ হয়ে উঠে।
প্রতিবেদনে বলা হয়েছে, বুধবারের বৈঠকে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ট্রাম্পের ভূমিকার প্রশংসা করেছেন মোদি। একই সঙ্গে তিনি ভারতীয় নাবিকদের নিরাপত্তার বিষয়টি তুলে ধরেছেন।
মোদি বলেছেন, সামুদ্রিক বাণিজ্যের জগতে লাখ লাখ ভারতীয় নাবিক হরমুজ প্রণালিসহ বিশ্বব্যাপী সামুদ্রিক বাণিজ্য পথগুলোতে তাদের কর্তব্য পালন করে বিশ্ব অগ্রগতিতে ব্যাপক অবদান রাখছেন।
ট্রাম্পকে উদ্দেশ করে মোদি বলেন, এসব ভারতীয় নাবিকদের নিরাপত্তা আমাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার।
এ ছাড়া ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের পর মোদি বলেন, আপনার সঙ্গে দেখা করে ভালো লাগছে। গত বছর ওয়াশিংটনে আমাদের সাক্ষাৎ হয়েছিল। এরপর থেকে আমাদের সম্পর্ক নতুন গতি পেয়েছে, নতুন শক্তি এসেছে।
তিনি আরও বলেন, আমাদের দুই দেশের দল যে লক্ষ্য নির্ধারণ করেছে, তা নিয়ে আমরা একসঙ্গে কাজ করছি। লক্ষ্য অর্জনে আমরা দ্রুত অগ্রসর হচ্ছি।
