মৌলভীবাজারে কর্মসূচিতে অংশ নিতে বুধবার সকালে বাণিজ্যিক ফ্লাইটে ঢাকা থেকে সিলেটে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখান থেকে সড়ক পথে যান মৌলভীবাজার। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান স্থানীয় বিএনপি নেতা, মন্ত্রী ও সংসদ সদস্যরা। বিমানবন্দর লাউঞ্জে নেতারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। এসময় প্রধানমন্ত্রী সবার সঙ্গে কুশল বিনিময় করেন। একজন সংসদ সদস্যের সঙ্গে কুশল বিনিময়ের সময় তিনি বিরক্তি প্রকাশ করে প্রশ্ন করেন- আজকে আপনাদের সংসদ নেই? আপনারা এখানে কেন? যান, সংসদে যান।
প্রধানমন্ত্রীর এই নির্দেশনা পেয়ে সিলেট -৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী বিকালে ঢাকায় ফিরে সংসদ অধিবেশনে অংশ নেন। অবশ্য সিলেট বিমানবন্দরে উপস্থিত অন্য এমপিদের আর কাউকে গতকালের অধিবেশনে দেখা যায়নি।
এডভোকেট এমরান চৌধুরী নিজেই সংসদে উপস্থিতির ছবি প্রকাশ করে নিজের ফেসবুক পেজে লিখেন, ‘বিএনপি চেয়ারম্যান এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে এয়ারপোর্টে স্বাগত জানানোর সময় উনার নির্দেশমত সাথে সাথেই ঢাকায় মহান জাতীয় সংসদে চলে আসি। তারেক রহমান সংসদকে অত্যন্ত শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন এবং সংসদকে সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু করতে চাচ্ছেন এটা থেকেই প্রতীয়মান হয় যে তিনি সংসদীয় গণতন্ত্রকে কতটুকু গুরুত্ব দেন। এটাই আমাদের জনপ্রিয় প্রধানমন্ত্রী তারেক রহমান’
উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমান বুধবার শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ করেন। এরপর মৌলভীবাজার সদর উপজেলার ‘মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়’ মাঠে পৃথক অনুষ্ঠানে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ করেন।
