ক্ষমতার জোরে গণভোটের রায় প্রত্যাখ্যান করতে চায় বিএনপি ড. হামিদুর রহমান আযাদ

ফন্ট সাইজ:

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড.এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, ক্ষমতার জোরে গণভোটের রায় প্রত্যাখ্যান করতে চায় বিএনপি। বুধবার ফরিদপুর শহর ও জেলা ছাত্রশিবিরের দায়িত্বশীলদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড.হামিদুর রহমান আযাদ বলেন, নতুন সরকারের কাছে জনগণের আকাঙ্খা ছিল ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের রায়ের মাধ্যমে সংবিধান সংস্কার। কিন্তু তারা গণভোটের রায়কে প্রত্যাখ্যান করে জাতির সাথে বেইমানি করেছে। তবে জনগণের মূল্যবান রায় বাস্তবায়নে জাময়াতে ইসলামীর নেতৃত্বে ১১ দল সংসদের পাশাপাশি রাজ পথেও আন্দোলন করে যাচ্ছে।

তিনি বলেন, ৭১ ভাগ জনগণ সংবিধান সংশোধন নয় সংস্কারের জন্য গণভোটের রায় দিয়েছে। আমরা জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সরকারকে এ দাবি মানতে বাধ্য করব ইনশাআল্লাহ। ড.হামিদ আযাদ বলেন, সৎ, দক্ষ, যোগ্য লোকের অভাবে বাংলাদেশ দুর্নীতি ও দু:শাসনের কবল মুক্ত হতে পারছে না। এ অভাব পুরণের দায়িত্ব ছাত্রশিবিরকে নিতে হবে। ছাত্রশিবিরের বিরুাদ্ধে অনেক অপপ্রচার করা হয়েছে কিন্তু এগুলো করে ছাত্রশিবিরকে তার লক্ষ্য থেকে দূরে রাখা যায়নি।

তিনি ছাত্রশিবিরের জনশক্তিদের চরিত্র গঠন, আদর্শিক মানোন্নয়ন, সাংগঠনিক শৃঙ্খলা সুদৃঢ়করণ এবং সর্বস্তরের ছাত্রদের পাশে দাঁড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আমীর মাওলানা বদরুদ্দীন, জেলা নায়েবে আমীর মো: ইমতিয়াজ আহমেদ, আবু হারিচ মোল্লা, জেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুল ওহাব প্রমুখ।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন