নতুন করে ইরানকে ফের কড়া হুঁশিয়ারি বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। চুক্তি চূড়ান্ত হয়েছে কি না- এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, না এখনো চূড়ান্ত হয়নি। এটি একটি সমঝোতা স্মারক। বুধবার (১৭ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
এরপরেই হুমকির সুরে ট্রাম্প বলেছেন, যদি চুক্তির শর্তে তিনি সন্তুষ্ট না হন বা ইরান আচরণ পরিবর্তন না করে, তাহলে পরিস্থিতি আবারও সামরিক সংঘাতে গড়াতে পারে।
ট্রাম্পের ভাষায়, আমি যদি এটি পছন্দ না করি, আমরা আবার তাদের ওপর হামলা করব, তাদের মাথার ওপর বোমা ফেলব। এ ছাড়া ট্রাম্প বলেছেন, ইরান-যুক্তরাষ্ট্র সম্ভাব্য চুক্তিতে তেহরানের জন্য ৩০০ বিলিয়ন ডলারের পুনর্গঠন তহবিল বা বিনিয়োগের যে কথা বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন।
তিনি বলেন, আমরা এক পয়সাও দিচ্ছি না। আমরা কোনো বিনিয়োগ করছি না এবং আমাদের কোনো তহবিলও নেই।
তিনি স্পষ্ট করেন যে, যুক্তরাষ্ট্র ইরানে বিনিয়োগের জন্য উপসাগরীয় দেশগুলোকে কোনো ধরনের নির্দেশ দিচ্ছে না। তবে তারা যদি নিজ উদ্যোগে বিনিয়োগ করে, তাতে ওয়াশিংটনের কোনো আপত্তি নেই।
তার ভাষায়, তারা যদি করে, ভালো। তবে আমি মনে করি, ইরানের আচরণ কী হয় তা না দেখে তারা আপাতত বিনিয়োগ করবে না।
