অধিকৃত পশ্চিম তীরের হেবরন শহরের ইব্রাহিমি মসজিদ ও সংলগ্ন ধর্মীয় স্থাপনার পরিকল্পনা ও নির্মাণ-সংক্রান্ত ক্ষমতা ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছ থেকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে ইসরাইল। দেশটির অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ মঙ্গলবার এই তথ্য জানান। খবর আল জাজিরার।
তিনি বলেছেন, ১৯৯৭ সালের হেবরন চুক্তির কিছু অংশ ‘বাতিল’ করা হয়েছে, যা ওই এলাকায় ফিলিস্তিনি পৌরসভাকে পরিকল্পনা ও নির্মাণে সীমিত নিয়ন্ত্রণ দিয়েছিল।
এই সিদ্ধান্তকে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা ‘বিপজ্জনক’ বলে উল্লেখ করেছেন। ব্রিটিশ-আরব বোঝাপড়া পরিষদের পরিচালক ক্রিস ডয়েল আল জাজিরাকে বলেন, হেবরন দীর্ঘদিন ধরে পশ্চিম তীরের সবচেয়ে উত্তেজনাপূর্ণ শহরগুলোর একটি। নতুন এই সিদ্ধান্তে সংঘাত আরও বাড়াতে পারে।
ইব্রাহিমি মসজিদ কেন গুরুত্বপূর্ণ
ইব্রাহিমি মসজিদ- ইহুদি ও খ্রিস্টানদের কাছে ‘টম্ব অব দ্য প্যাট্রিয়ার্কস’ নামে পরিচিত। তিন আব্রাহামিক ধর্মই বিশ্বাস করে, এখানে ইব্রাহিম, ইসহাক ও ইয়াকুবসহ তাদের পরিবারের সমাধি রয়েছে।
ইসলামে ইব্রাহিমি মসজিদকে অত্যন্ত পবিত্র স্থান হিসেবে বিবেচনা করা হয়। মসজিদটি মূলত ১৪শ শতকে নির্মিত হয়। ১৯৯৪ সালে এখানে ভয়াবহ হামলায় ২৯ জন মুসল্লি নিহত হন, যা স্থাপনাটিকে দীর্ঘদিন ধরে সহিংসতার ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করেছে।
কী ঘোষণা দিয়েছে ইসরাইল
ইসরাইলি অর্থমন্ত্রী স্মোট্রিচ জানান, তিনি সোমবার শেষদিকে এক সিদ্ধান্তে ইব্রাহিমি মসজিদ ও এর আশপাশে বসবাসকারী ইহুদি বসতকারীদের জন্য পরিকল্পনা ও নির্মাণ-সংক্রান্ত ক্ষমতা ইসরাইলি কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের অনুমোদন দিয়েছেন।
হেবরনের দক্ষিণাঞ্চলীয় পশ্চিম তীরের কাছে নতুন একটি ইসরাইলি বসতি স্থাপনের ঘোষণা উপলক্ষে দেয়া এক ভাষণে স্মোট্রিচ বলেন, এই ঐতিহাসিক পদক্ষেপ পশ্চিম তীরে ইসরাইলি সার্বভৌমত্ব আরও গভীর করবে।
ফিলিস্তিনিরা এই অঞ্চলকে তাদের ভবিষ্যৎ স্বাধীন রাষ্ট্রের কেন্দ্র হিসেবে বিবেচনা করে।
স্মোট্রিচের এই সিদ্ধান্ত অনুযায়ী, হেবরন শহরের যে ২০ শতাংশ অংশ ইসরাইলি নিয়ন্ত্রণে রয়েছে, সেখানে পরিকল্পনা ও নির্মাণ-সংক্রান্ত ক্ষমতা এখন তেল আবিবের কর্তৃপক্ষের হাতে চলে যাচ্ছে।
১৯৯৭ সালের হেবরন চুক্তির আওতায় ইব্রাহিমি মসজিদ পরিচালিত হয়ে আসছে। ওই চুক্তিতে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (পিএলও)-এর তৎকালীন চেয়ারম্যান ইয়াসির আরাফাত স্বাক্ষর করেন।
চুক্তির মাধ্যমে হেবরন শহরকে দুইটি অঞ্চলে ভাগ করা হয়- এইচ১ এবং এইচ২। এই ব্যবস্থায় এইচ১ এলাকার প্রায় ৮০ শতাংশ ফিলিস্তিনি কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে থাকে, আর এইচ২ এলাকার প্রায় ২০ শতাংশ ইসরাইলের নিরাপত্তা নিয়ন্ত্রণে রাখা হয়।
এই এইচ২ অংশের মধ্যেই রয়েছে ইহুদিদের কাছে পরিচিত “টম্ব অব দ্য প্যাট্রিয়ার্কস”, সংলগ্ন মুসলিম ইব্রাহিমি মসজিদ এবং হেবরনের পুরাতন শহর।
তবে চুক্তির একটি গুরুত্বপূর্ণ শর্ত ছিল, ফিলিস্তিনি কর্তৃপক্ষ (পিএ) ইব্রাহিমি মসজিদসহ পুরো শহরের পরিকল্পনা ও নির্মাণকাজের তত্ত্বাবধান করবে।
