যানজট কমাতে চট্টগ্রামে ‘স্মার্ট ট্রাফিক’ প্রকল্প

ফন্ট সাইজ:

রাজধানী ঢাকার আদলে চট্টগ্রাম নগরীতেও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ‘স্মার্ট ট্রাফিক সিস্টেম’ চালুর উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। নগরীর দীর্ঘদিনের যানজট, ট্রাফিক বিশৃঙ্খলা এবং সড়কে আইন অমান্যের প্রবণতা কমাতে এ লক্ষ্যে একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রস্তুত করা হয়েছে। সোমবার বিকালে নগর ভবনে অনুষ্ঠিত এক সভায় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন এই তথ্য জানান। মেয়র বলেন, নগরীর ট্রাফিক ব্যবস্থাপনাকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে প্রায় ২১৭ কোটি ৩৩ লাখ টাকা ব্যয়ে এআইভিত্তিক স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা নেয়া হয়েছে। তিনি জানান, প্রকল্পের আওতায় নগরীর ৫৬টি গুরুত্বপূর্ণ মোড়, ইন্টারসেকশন ও ব্যস্ত ট্রাফিক জোনকে আধুনিক প্রযুক্তির আওতায় আনা হবে।

এসব স্থানে স্মার্ট ট্রাফিক সিগন্যাল, ট্রাফিক প্রবাহ পর্যবেক্ষণকারী ক্যামেরা, আইন লঙ্ঘন শনাক্তকারী ক্যামেরা, স্বয়ংক্রিয় নম্বর প্লেট শনাক্তকরণ ব্যবস্থা (এএনপিআর), রেড সিগন্যাল ভায়োলেশন ডিটেক্টর এবং কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমে যান চলাচল পর্যবেক্ষণ করা হবে। মেয়র বলেন, এই প্রযুক্তি চালু হলে যানজট কমবে, সড়কে শৃঙ্খলা ফিরবে এবং নাগরিকদের ভোগান্তি উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। একই সঙ্গে নগরীর প্রায় সব গুরুত্বপূর্ণ ট্রাফিক করিডোরকে একটি সমন্বিত ডিজিটাল প্ল্যাটফরমের আওতায় এনে কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করা সম্ভব হবে। সভায় একটি পরামর্শক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা চট্টগ্রাম নগরীর জন্য প্রস্তুতকৃত দু’টি প্রযুক্তিনির্ভর উন্নয়ন প্রকল্পের প্রস্তাবনা উপস্থাপন করেন। এ সময় মেয়র আরও জানান, নগরীর প্রায় ১৩০ কিলোমিটার সড়কে সৌরবিদ্যুৎচালিত এলইডি সড়কবাতি স্থাপন, আধুনিক ইলেকট্রনিক ডিসপ্লে বোর্ড এবং সিসিটিভি ক্যামেরা স্থাপনের পরিকল্পনাও রয়েছে।

এ প্রকল্পের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় ৪৪৫ কোটি টাকা। তিনি বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর এসব প্রকল্প বাস্তবায়িত হলে চট্টগ্রাম নগরীর ট্রাফিক ব্যবস্থাপনা, জননিরাপত্তা ও নাগরিক সেবার মান নতুন উচ্চতায় পৌঁছাবে। সভায় চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব আশরাফুল আমিন, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ফরহাদুল আলম, আবু সাদাত তৈয়বসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ৭ই মে থেকে ঢাকার বিভিন্ন ট্রাফিক পয়েন্টে পরীক্ষামূলকভাবে এআই প্রযুক্তি ব্যবহার শুরু করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। সেই অভিজ্ঞতার আলোকে এবার চট্টগ্রামেও একই ধরনের প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা চালুর উদ্যোগ নেয়া হচ্ছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন