প্রধানমন্ত্রীকে আজ বরণ করবেন চা রাজ্যের বাসিন্দারা

ফন্ট সাইজ:

দীর্ঘ প্রতীক্ষার পর আজ (বুধবার) দুপুরের দিকেই প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান প্রবাসী ও পর্যটন অধ্যুষিত চায়ের রাজধানী খ্যাত মৌলভীবাজার আসছেন। প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান এই প্রথম আসছেন মৌলভীবাজারে। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন করে তাকে বরণ করতে গেল কয়েকদিন থেকে জেলা জুড়ে উৎসবের আমেজ বইছে। চলছে প্রত্যাশা ও প্রাপ্তির হিসাবনিকাশ। জেলাবাসী অধির আগ্রহে অপেক্ষায় প্রায় সাড়ে ১৭ বছর থেকে উন্নয়ন অবহেলিত জেলার গুরুত্বপূর্ণ দাবি সরকারি মেডিকেল কলেজ স্থাপন ও শমসেরনগর বিমানবন্দর চালুর ঘোষণা দিবেন প্রধানমন্ত্রী।

গেল কয়েকদিন থেকে সবার মুখে মুখেই চাউর হচ্ছে ও প্রশ্ন উঠেছে তবে কি ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠান ও জনসভায় জেলাবাসীর জন্য উপহার হিসেবে জেলার শেরপুরের আইনপুরের মাঠে নির্বাচনী জনসভায় দেয়া উন্নয়ন প্রতিশ্রুতির বাস্তবায়নে প্রধানমন্ত্রী ঘোষণা দিবেন মৌলভীবাজার সরকারি মেডিকেল কলেজ স্থাপন ও দীর্ঘদিন থেকে অবহেলায় অযত্নে পড়ে থাকা সম্ভাবনাময়ী শমসেরনগর বিমানবন্দর পুনঃরায় চালুর। এর পাশাপাশি ঘোষণা আসতে পারে এ জেলার সড়ক ও রেলপথসহ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন, যানজট নিরসনে শ্রীমঙ্গল, মৌলভীবাজার, কুলাউড়া বাইপাস সড়ক, ঢাকা-সিলেট রেলের ডাবল লাইন ও ট্রেনের সংখ্যা বৃদ্ধি, ঢাকার সঙ্গে এ জেলার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। এ ছাড়া নদী, হাওর, কৃষক ও জীববৈচিত্র্য রক্ষায় প্রয়োজনীয় উদ্যোগের।

দীর্ঘদিনের এমন কাঙ্ক্ষিত উন্নয়ন প্রাপ্তির ঘোষণার অপেক্ষায় ও প্রত্যাশায় উৎফুল্ল দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের শ্রেণি-পেশার মানুষ। জেলা জুড়ে এখন প্রধানমন্ত্রীর আগমন ও এ জেলার জন্য তার উন্নয়ন কাজের ঘোষণার বিষয়ে চলছে ব্যাপক আলোচনা। প্রধানমন্ত্রীর আগমনে বাসিন্দারা যেমন আনন্দিত। তেমনি দীর্ঘ প্রায় দেড় যুগ থেকে উন্নয়নবঞ্চিত হওয়ায় থাকছে কাঙ্ক্ষিত নানা উন্নয়ন প্রত্যাশার জোরালো দাবি। এ জেলার কৃতী সন্তান সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী মরহুম এম সাইফুর রহমান ও তার পুত্র এম নাসের রহমান এমপি’র করা উন্নয়নের পর দীর্ঘ প্রায় দেড় যুগেরও বেশি সময় পেরিয়ে গেলেও জেলাবাসীর সেই কাঙ্ক্ষিত উন্নয়নের নেই কোনো বাস্তবায়ন। বরং তাদের করে যাওয়া রাস্তাঘাটসহ অন্যান্য উন্নয়ন এগিয়ে নেয়া তো দূরে থাক- এমনকি করা হয়নি তার সংস্কার কাজও।

দীর্ঘদিন থেকে উন্নয়ন বঞ্চনার শিকার জেলার কোথাও নেই দৃশ্যমান উন্নয়নের ছোঁয়া। এমন অভিযোগ জেলার উন্নয়নবঞ্চিত জনগণের। তাই জেলাবাসীর জোর দাবি ও প্রত্যাশা- তাদের সকল প্রয়োজনীয় উন্নয়ন প্রধানমন্ত্রী গুরুত্ব দিয়ে তা বাস্তবায়ন করে উন্নয়ন বৈষম্য দূর করবেন। গেল ক’দিন থেকে প্রতিকূল আবহাওয়ার মধ্যেও মাঠ, গ্রেট, জনসভাস্থল ও মঞ্চ প্রস্তুত হয়েছে। দলীয় নেতাকর্মী এবং প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীরা রাতদিন পরিশ্রম করে অল্প সময়ের মধ্যে সবই প্রস্তুত করেছেন। জনসভাস্থলসহ শহরের গুরুত্বপূর্ণ প্রধান সড়কের আশপাশের এলাকায় হয়েছে সৌন্দর্য বর্ধনের কাজ। সড়কের দু’পাশে ব্যানার, ফেস্টুন, তোরণ নির্মাণ করছেন দলীয় নেতাকর্মীরা। জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন কমিটির দলীয় নেতাকর্মীদের তত্ত্বাবধায়নে চলেছে নিজ নিজ এলাকায় মাইকিং।

প্রধানমন্ত্রী ও দলীয় প্রধানের আগমনকে স্বাগত জানিয়ে মিছিল, মিটিং আর স্লোগানে মুখরিত হচ্ছে জেলার প্রতিটি উপজেলা শহর ও হাট-বাজার। প্রধানমন্ত্রী ও বিএনপি’র দলীয় প্রধানের আগমনে তাকে সরাসরি একনজর দেখতে অপেক্ষার প্রহর গুনছেন উৎফুল্ল ও প্রাণবন্ত নেতাকর্মীরা। উৎসাহ উদ্দীপনার কমতি নেই দলমত নির্বিশেষে নানা শ্রেণি ও পেশার মানুষেরও। মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ ও শ্রীমঙ্গল ভিক্টোরিয়া স্কুল খেলার মাঠ। এই দু’টি স্থানেই হবে প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠান।

প্রধানমন্ত্রী মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ১৫২ জন ও শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ১৫৫ জনসহ ফ্যামিলি কার্ডের পাইলট প্রকল্পের তৃতীয় পর্যায়ের আওতায় ৩০৮ জন উপকারভোগীর মাঝে কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ও বিতরণ করবেন। প্রথমে দুপুর ১টার দিকে শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ ও জনসভা শেষে আড়াইটার দিকে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠানে যোগদান করে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন ও বক্তব্য রাখবেন। বিকাল সাড়ে ৩টার দিকে তিনি সদর উপজেলার গিয়াসনগর নিতেশ্বর এলাকায় প্রয়াত অর্থ ও পরিকল্পনামন্ত্রী মরহুম এম সাইফুর রহমানের স্মৃতি বিজড়িত দুসাই রিসোর্টে পৌঁছানোর পর ৪.৪৫ মিনিটের দিকে সেখানে রাজনৈতিক সভায় অংশগ্রহণ করবেন। তিনি আকাশ পথে সিলেটে পৌঁছানোর পর সড়ক পথে গন্তেব্যে পৌঁছানোর কথা রয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন