ভারতের পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনের কাজ এখনও শেষ হয়নি। প্রকাশিত হয়নি চূড়ান্ত ভোটার তালিকা। নির্বাচনের তফসিল ঘোষণারও আরও কিছুদিন বাকি। এরই মধ্যে জাতীয় নির্বাচন কমিশনের সুপারিশে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী পাঠানোর কথা জানিয়েছে। দুই দফায় আপাতত ৪৮০ কোম্পানি বাহিনী রাজ্যে আসবে। এর মধ্যে ১ মার্চ আসবে ২৪০ কোম্পানি। বাকি ২৪০ কোম্পানি আসবে ১০ মার্চের মধ্যে। ফলে সংখ্যার হিসেবে ৩৭৫০০ থেকে ৩৮৪০০ জওয়ান আপাতত নিরাপত্তার দায়িত্ব সামলাবেন।
এত আগে কেন্দ্রীয় বাহিনী নিয়োগ নিয়ে বিস্মিত রাজনৈতিক মহল থেকে আমলারা পর্যন্ত। জ্যেষ্ঠ আমলারা বলেছেন, অতীতে রাজ্যে যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল তা করা হয়েছিল নির্বাচন ঘোষণার পর। এবার সেই প্রথা বদলাল।
পর্যবেক্ষকদের মতে, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সম্প্রতি রাজ্য সরকারকে সতর্ক করেছে সুপ্রিম কোর্ট। নির্বাচন কমিশও এসআইআর চলাকালীন সময়ে হিংসার নানা ঘটনা নিয়ে চিন্তিত ছিল। তাই ভোটার তালিকা প্রকাশের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতেই কমিশন কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সুপারিশ করেছে। সেই মত কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক পদক্ষেপ নিয়েছে।
জানা গেছে, আধাসামরিক বাহিনীর কাজ হবে, এলাকা এলাকায় নজরদারি, মানুষের মধ্যে ভীতি দূর করা, ভোট যন্ত্রের সুরক্ষা ও নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করা। কেন্দ্রীয় বাহিনীর কোঅর্ডিনেটর নিয়োগ করা হয়েছে সিআরপিএফের আইজি সঞ্জয় যাদবকে। রাজ্য সরকারকে বলা হয়েছে কোঅর্ডিনেটরের সঙ্গে আলোচনার ভিত্তিতে বাহিনী মোতায়েনের পরিকল্পনা করার।
নির্বাচনের দিন ঘোষণার আগেই পশ্চিমবঙ্গে আধাসামরিক বাহিনী নিয়োগে বিস্ময়
নিজস্ব প্রতিনিধি, কলকাতা
ভারত
৪ মাস আগে
২২ ফেব্রুয়ারি (রবিবার), ২০২৬, ৩ঃ৪২ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
