ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ের কারাগারে বন্দি ৮২ জন কথিত বাংলাদেশির পরিচয় ও নাগরিকত্ব যাচাইয়ের কাজ করলেন বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা। বর্তমানে শিলংয়ের জেলা কারাগারে বন্দি হিসেবে রয়েছেন ৭০ জন কথিত বাংলাদেশি। আর শিলংয়ের স্পেশাল হোমের রয়েছে ১২ জন শিশু।
জানা গেছে, গুয়াহাটির বাংলাদেশ সহকারি হাইকমিশনের সহকারী হাইকমিশনার জিকরুল হাসান ফাহাদের নেতৃত্বে দূতাবাসের কর্মকর্তারা ১৮ থেকে ২০ ফেব্রুয়ারি কারাগার ও হোম সরজমিনে পরিদর্শন করে কথিত বাংলাদেশি ও হোমের থাকা শিশুদের পরিচয় ও নাগরিকত্ব যাচাইয়ের কাজ করেছেন। এই সাক্ষাৎকারের সময় বন্দিদের সঙ্গে বাংলাদেশে থাকা পরিবারের সঙ্গে অডিও ও ভিডিও কলের মাধ্যমে কথা বলার সুযোগ করে দেয়া হয়েছিল বলে সূত্র মারফত জানা গেছে।
পরিচয় ও নাগরিকত্ব যাচাইয়ের কাজের শেষে যে ১৮ জনের সাজার মেয়াদ শেষ হয়ে গেছে তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য ট্রাভেল পাস কারাগার কর্তৃপক্ষের হাতে তুলে দিয়েছেন দূতাবাসের কর্মকর্তারা। দ্রুত এই ১৮ জনকে বাংলাদেশে ডাউকি দিয়ে ফেরত পাঠাতে বিজিবির কাছে হস্তান্তর করা হবে বলে জানা গেছে।
সূত্রের খবর, মেঘালয়ের কারাগারে বন্দি কথিত বাংলাদেশিদের মামলার দ্রুত নিষ্পত্তির জন্য বাংলাদেশের সহকারি হাইকমিশনার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করেছেন। তিনি বিষয়টি নিয়ে পূর্ব খাসি হিলসের জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল সার্ভিস অথরিটির চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করেছেন। জানা গেছে, বাকি প্রত্যেক বন্দিকে সাজার মেয়াদ শেষে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য নিয়মিত নজর রাখা হবে।
