ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বীররামপুর ফুলকুড়ি বালিকা দাখিল মাদ্রাসা থেকে শিক্ষার্থীদের জন্য সরকার থেকে দেয়া বিনামূল্যে বিতরণের এক পিকআপ বই জব্দ করেছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস। রোববার সকাল ১০টার দিকে বইগুলো বিক্রির জন্য বস্তাবন্দি করে পিকআপ ভর্তি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ত্রিশাল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মফিজুল ইসলাম। তিনি জানান, পিকআপে ২০২৫ সালের সরকারিভাবে বিনামূল্যে বিতরণের বইও পাওয়া গেছে।
এলাকাবাসী জানায়, ফুলকুড়ি বালিকা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ইউনুছ আলী মাধ্যমিক শিক্ষা অফিসে চাহিদার তুলনায় প্রায় তিনগুন চাহিদা বাড়িয়ে সরকারি বিনামূল্যের বই সংগ্রহ করে থাকেন। নতুন বইগুলো তিনি খোলা বাজারে কেজি দরে বিক্রি করে থাকেন। রোববার সকাল ১০টায় একটি পিকআপে ২০২৫ সালে বই ভর্তি করে অন্যত্র নিয়ে যাওয়ার সময় এলাকাবাসী বই ভর্তি পিকআপটি আটক করে। পরে থানা থেকে পুলিশ এসে পিকআপটি জব্দ করে নিয়ে যায়।
মাদ্রাসা সুপার মাওলানা ইউনুছ আলী মাদ্রাসা থেকে বই বিক্রির বিষয়টি স্বীকার করে বলেন, তিন বছরের পুরাতন বই বিক্রি করে দেয়া হয়েছিল। পিকআপ ভর্তি করে বইগুলো মাদ্রাসা থেকে অন্যত্র সরানোর সময় এলাকাবাসী আটক করে প্রশাসনকে জানায়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মফিজুল ইসলাম জানান, মাদ্রাসা থেকে পিকআপ ভর্তি করে বিক্রি করা বইগুলোর মধ্যে ২০২৫ সালের বিভিন্ন শ্রেণির বই রয়েছে। পিকআপ ভর্তি বই জব্দ করা হয়েছে। কেউ আটক হয়নি। বিক্রি নিষিদ্ধ বই বিক্রির সঙ্গে মাদ্রাসার সুপার জড়িত রয়েছেন।
