বড় জয়ে মিশন শুরু করলো জার্মানি। ফিফা বিশ্বকাপে গতকাল কুরাসাওকে ৭-১ গোলে হারায় চারবারের চ্যাম্পিয়নরা। ২০১৪’র চ্যাম্পিয়ন জার্মানরা পরের টানা দুই বিশ্বকাপে বিদায় নিয়েছিল গ্রুপ পর্ব থেকেই। এবারও তাদের নিয়ে খুব বেশি আলোচনা ছিল না। কিন্তু তারা দেখালো- এবারের বিশ্বকাপে তাদেরকেও গননায় ধরতে হবে!
হিউস্টন স্টেডিয়ামে জার্মানি-কুরাসাও ম্যাচের শুরুতেই ছিল রোমাঞ্চ। ‘ই’ গ্রুপের এই ম্যাচের ৬ষ্ঠ মিনিটে এগিয়ে যায় জার্মানি। গোল করেন জার্মান মিডফিল্ডার এনমেচা। জনসংখ্যার হিসাবে বিশ্বকাপের ইতিহাসে ক্ষুদ্রতম দেশ কুরাসাও। প্রথমবার খেলছে বিশ্বকাপে। তবে ফুটবলের এই মহামঞ্চে গোলের জন্য খুব অপেক্ষা করতে হয়নি তাদের। নিজেদের প্রথম ম্যাচে জার্মানির মতো দলের বিপক্ষে গোল আদায় করে তারা ম্যাচের মাত্র ২১তম মিনিটে। যদিও শেষ পর্যন্ত চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে বড় ব্যাবধানেই হার দেখে ফিফা র্যাঙ্কিংয়ের ৮২ নম্বরে থাকা দলটি। ২১তম মিনিটে এক চমৎকার আক্রমণ থেকে গোল করে সমতায় ফেরে কুরাসাও। বক্সের ভেতর থেকে কুরাসাও রাইটব্যাক লিভানো কোমেনেসিয়ার বাঁ পায়ের শট ঠেকাতে পারেননি জার্মানি গোলকিপার ম্যানুয়েল নয়্যার। তবে ফের এগিয়ে যেতে মাত্রই ১৭ মিনিট সময় নেয় জার্মানি।
৩৮তম মিনিটে কর্নার থেকে সহজ হেডে গোল করেন জার্মানির ডিফেন্ডার নিকো শ্লটারবেক। আর বিরতিতে যাওয়ার আগমুহূর্তে আরও এক গোল নিয়ে সমর্থকদের উল্লাস ধরে রাখে জার্মানরা। প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে পেনাল্টি পায় জার্মানি। জার্মান মিডফিল্ডার ফেলিক্স এনমেচা কুরাসাওয়ের বক্সে ফাউলের শিকার হন যোগ করা সময়ে। স্পটকিকে ঠাণ্ডা মাথায় বল জালে পাঠান আর্সেনাল ফরোয়ার্ড কাই হাভার্টজ। ৩-১ গোলে এগিয়ে বিরতিতে যাওয়া জার্মানরা মাঠে ফেরে গোলক্ষুধা নিয়েই! ৪৭তম মিনিটে ডানপ্রান্ত দিয়ে এক আক্রমণে কোণাকুনি শটে জার্মানির পক্ষে গোলের হালি পূর্ণ করেন জামাল মুসিয়ালা।
জাতীয় দলের জার্সি গায়ে মুসিয়ালার এটি ৪৪ ম্যাচে ১১তম গোল। এদিন জার্মানির হয়ে পঞ্চম গোলটি করেন নাথানিয়েল ব্রাউন। ম্যাচের ৬৮তম মিনিটে গোলটি করেন এই লেফটব্যাক। ম্যাচের ৭৮ মিনিটে জার্মানির গোলের হাফডজন পূর্ণ করেন ডেনিজ উনদাভ। জার্মানির শুরুর ছয় গোল আসে আলাদা খেলোয়াড়ের কাছ থেকে। পরে দলের সপ্তম ও নিজের দ্বিতীয় গোল আদায় করেন কাই হাভার্টজ। জাতীয় দলের জার্সি গায়ে ৫৯ ম্যাচে হাভার্টজের গোলসংখ্যা এখন ২৪।
ফিফা র্যাঙ্কিংয়ে ১০ নম্বরে থাকা জার্মানি এই বছর অপরাজিত রয়েছে। সবশেষ ২০২৫’র ৫ই সেপ্টেম্বর বিশ্বকাপ বাছাই ম্যাচে স্লোভাকিয়ার কাছে ২-০ গোলে হেরেছিল তারা। এরপর টানা ৯ ম্যাচ জিতে আমেরিকার মাটিতে পা রাখে হুলিয়ান নাগেলসম্যানের দল।
অন্যদিকে ৭৮ বছর বয়সী কোচ ডিক অ্যাডভোকাটের অধীনে বাছাইপর্বে ১০ ম্যাচে ২৮ গোল করে নিজেদের সামর্থ্য দেখিয়েছে কুরাসাও দলটিও। তবে বিশ্বকাপ যে অন্য মাত্রার কঠিন জায়গা!
এই ম্যাচে দুই দলের ডাগআউটেও রচিত হয় ইতিহাস। এবারের বিশ্বকাপে সবচেয়ে বয়স্ক প্রধান কোচ কুরাসাওয়ের ডিক অ্যাডভোকাট। এই ডাচ্ কোচের বয়স ৭৮ বছর। অন্যদিকে সবচেয়ে কম বয়সী প্রধান কোচ ইউলিয়ান নাগেলসমান, যার বয়স ৩৮। দুজনের বয়সের পার্থক্য ৪০ বছর। ফিফা বিশ্বকাপের ইতিহাসে কোনো ম্যাচে মুখোমুখি হওয়া দুই কোচের মধ্যে এটিই সর্বোচ্চ বয়সের ব্যবধান।
বিশ্বকাপে কুরাসাওয়ের আগমন রূপকথার মতো। মাত্র দেড় লাখ জনসংখ্যার একটি ক্যারিবীয় দ্বীপ। আগে কখনো বিশ্বকাপে সুযোগ না পাওয়া কুরাসাও এবার কনকাকাফ বাছাই পর্ব শেষ করে কোনো ম্যাচ না হেরেই! বিশ্বকাপে খেলার অভিজ্ঞতালব্ধ জ্যামাইকা, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোকে পেছনে ফেলে হয় গ্রুপ চ্যাম্পিয়ন। নেদারল্যান্ডসের অংশ হওয়ায় সেখানকার ফুটবল আবহে বেড়ে উঠেছেন কুরাসাওয়ের অনেক খেলোয়াড়। তাহিথ চং, লিয়ান্দ্রো বাকুনা, জুনিনহো বাকুনার মতো অনেকের রয়েছে ইউরোপিয়ান ফুটবলের অভিজ্ঞতা। ই গ্রুপে তাদের সামেন আরও দুই পরীক্ষা। আগামী ২১শে জুন কানসাস সিটিতে লাতিন শক্তি ইকুয়েডরের মুখোমুখি হবে কুরাসাও। আর ফিলাডেলফিয়ায় আফ্রিকান ফুটবলের পাওয়ার হাউস আইভরি কোস্টের বিপক্ষে লড়াই ২৫শে জুন।
২০১৪ সালে শিরোপা জয়ের পর ২০১৮তে তলানিতে থেকে গ্রুপ পর্ব শেষ করে জার্মানি। প্রথম ম্যাচে মেক্সিকোর কাছে হার, সুইডেনের বিপক্ষে পরের ম্যাচে জিতলেও ভাগ্য নির্ধারণী লড়াইয়ে জার্মানি হেরে গিয়েছিল দক্ষিণ কোরিয়ার কাছে। কাতার বিশ্বকাপেও আরেক এশিয়ান জায়ান্টে স্বপ্নভঙ্গ হয় জার্মানির। সেবার জার্মানদের বিদায় করে জাপান। চলতি বিশ্বকাপে আগামী ২০শে জুন আইভরি কোস্টের মুখোমখি হবে জার্মানি। গ্রুপে নিজেদের শেষ ম্যাচে ২৫শে জুন তারা ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামবে।
