ক্রিকেট ও ফুটবলে সাফল্য অর্জন করায় হীরাপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী-খেলোয়াড়দের সংবর্ধনা

ফন্ট সাইজ:

আন্তঃস্কুল বালিকা ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন এবং ফুটবল প্রতিযোগিতায় রানার্সআপ হওয়ায় আখাউড়ার হীরাপুর শহীদ নোয়াব মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও খেলোয়াড়দের সংবর্ধনা দিয়েছে ভূঁইয়া গ্লোবাল ফাউন্ডেশন। রোববার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূঁইয়া গ্লোবাল ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি’র নির্বাহী সদস্য আলহাজ কবীর আহমেদ ভূঁইয়া। প্রধান অতিথির বক্তব্যে কবীর আহমেদ ভূঁইয়া বলেন, ‘স্কুল শিক্ষার্থীদের জাতীয় পর্যায়ে নিজেদের মেধা ও প্রতিভা বিকাশের অন্যতম প্ল্যাটফরম ‘নতুন কুঁড়ি’ এখন তাদের জন্য একটি বাতিঘরে পরিণত হয়েছে। নতুন কুঁড়ির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গৌরবময় উদ্যোগের ধারাবাহিকতা ধরে রেখে হীরাপুর শহীদ নোয়াব মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্রীরা জেলা পর্যায়ে সাফল্য অর্জন করে বিদ্যালয় ও এলাকার জন্য গৌরব বয়ে এনেছে।’
তিনি আরও বলেন, ‘খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি তরুণদের মাদক, সন্ত্রাস ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে সহায়তা করে এবং সুস্থ-সবল জাতি গঠনে অপরিসীম অবদান রাখে। গ্রামের শিক্ষার্থীরা অত্যন্ত মেধাবী, পরিশ্রমী এবং খেলাধুলায়ও পারদর্শী। তাদের এই সাফল্যে আমরা গর্বিত।’ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আখাউড়া উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোসলেম উদ্দিন, জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন সরকার তুহিন, উপজেলা বিএনপি’র সভাপতি হাজী জয়নাল আবেদীন আব্দু, সাধারণ সম্পাদক ডা. খোরশেদ আলম ভূঁইয়া, পৌর বিএনপি’র সভাপতি মো. সেলিম ভূঁইয়া, সাধারণ সম্পাদক আখতার খান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহনেওয়াজ খান, জেলা ছাত্রদলের সদস্য সচিব সমীর চক্রবর্তী, জেলা কৃষক দলের সদস্য সচিব মো. জিল্লুর রহমান, যুগ্ম আহ্বায়ক মোখলেসুর রহমান, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. মহসিন ভূঁইয়া, নবীনগর উপজেলা যুবদলের সদস্য সচিব আবু কাউসার এবং ভূঁইয়া গ্লোবাল ফাউন্ডেশনের সমন্বয়ক এডভোকেট আশরাফ আনন্দ। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাসুম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে জেলার চ্যাম্পিয়ন বালিকা ক্রিকেট দল ও কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক, ক্রেস্ট ও উপহার তুলে দেন অতিথিরা।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন