নেত্রকোণা ও নাটোরের সিংড়ায় বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। রোববার সকাল এবং শনিবার রাতে এই তিনটি বজ্রপাতের ঘটনা ঘটে।
নেত্রকোণা প্রতিনিধি জানান, নেত্রকোণায় বজ্রপাতে পৃথক স্থানে কৃষকসহ দু’জন নিহত হয়েছে। নিহত কৃষক জামাল মুন্সি (৫৫) আমতলা ইউনিয়নের সাপমারা গ্রামের বাসিন্দা। এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, রোববার সকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে কৃষক জামাল মুন্সি স্থানীয় বাজারে যাচ্ছিলেন। রাস্তায় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
প্রায় একই সময়ে কাইলাটি ইউনিয়নের কুতুবপুর গ্রামের মৃত জয়নাল মিয়ার ছেলে সিএনজিচালক সবুজ মিয়া (৫৩) বাড়ির পাশের রাস্তায় হেঁটে যাওয়ার সময় বজ্রপাতে গুরুতর আহত হন। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নেত্রকোণার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আল মামুন সরকার বজ্রপাতে দু’জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এ ব্যাপারে থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।
নেত্রকোণা জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান বলেন, বজ্রপাতে মৃতদের লাশ দাফন কাফনের জন্য সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক প্রত্যেক পরিবারের কাছে নগদ ২০ হাজার টাকা প্রদান করা হয়েছে।
সিংড়া (নাটোর) প্রতিনিধি জানান, নাটোরের সিংড়ায় মাঠ থেকে গরু নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে জাকিরুল (১৮) নামে এক কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার সন্ধ্যায় উপজেলার হাতিগাড়া গ্রামে এই ঘটনা ঘটে।নিহত জাকিরুল উপজেলার বামিহাল রহমত ইকবাল অনার্স কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী এবং হাতিগাড়া গ্রামের আব্দুল গফুরের ছেলে। স্থানীয়রা জানান, শনিবার বিকালে মাঠে গরু নিয়ে গিয়েছিল জাকিরুল। সন্ধ্যায় ঝড়-বৃষ্টি শুরু হলে মাঠ থেকে গরু নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে ঘটনাস্থলেই সে নিহত হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নেত্রকোণা ও নাটোরে বজ্রপাতে তিনজনের মৃত্যু
বাংলারজমিন ডেস্ক
১৫ জুন (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
