নাটোরের নলডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মেয়াদোত্তীর্ণ ভেজাল ও যৌন উত্তেজক ওষুধ সংরক্ষণ ও বিক্রির দায়ে এক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ অনাদায়ে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে আদেশ দেয়া হয়। রোববার নলডাঙ্গা পৌর বাজারে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের সময় ভ্রাম্যমাণ এক ওষুধ বিক্রেতাকে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ভেজাল ও যৌন উত্তেজক ওষুধ পাওয়া যায়। পরে ভোক্তা অধিকার ও ওষুধ সংক্রান্ত আইন লঙ্ঘনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত ওই জরিমানা আরোপ করেন।
আটক ব্যক্তি হলেন নাটোর সদর উপজেলার হাজরা এলাকার মৃত ফয়েজ উদ্দিন সরদারের ছেলে ফজল সরদার (৪৮)। তিনি একজন ভ্রাম্যমাণ ওষুধ বিক্রেতা। এ সময় নলডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জুনায়েদ আহমেদ লেলিন বলেন, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
