সুনামগঞ্জের দোয়ারাবাজারে ১০ বছর বয়সী এক শিশুকে জোরপূর্বক ধর্ষণের চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত ধর্ষক মো. আলী হোসেন (২৮)কে গ্রেপ্তার করেছে। গত শনিবার দুপুরে উপজেলার ১নং বাংলাবাজার ইউনিয়নের কিরণপাড়া গ্রামে এই ধর্ষণের চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। ?পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর আনুমানিক ২টার দিকে ওই শিশুটি তার সহপাঠীদের সঙ্গে একই গ্রামের মো. আলী হোসেনের পুকুরে গোসল করতে যায়। গোসল শেষে ভেজা কাপড় বদলানোর জন্য শিশুটি আলী হোসেনের রান্নাঘরে প্রবেশ করে। ওই সময় আলী হোসেনের স্ত্রী তার সন্তানকে নিয়ে আসার জন্য স্থানীয় একটি মাদ্রাসায় গিয়েছিলেন।
বাড়ি ফাঁকা থাকার এই সুযোগে লম্পট আলী হোসেন শিশুটিকে ফুসলিয়ে তার শোয়ার কক্ষে ডেকে নিয়ে যায় এবং ঘরের দরজা বন্ধ করে তার ওপর জোরপূর্বক পাশবিক নির্যাতন চালিয়ে ধর্ষণ করে। ?পরবর্তীতে শিশুটির পরিবারের পক্ষ থেকে দ্রুত দোয়ারাবাজার থানায় হাজির হয়ে পুলিশকে বিষয়টি অবহিত করা হয়। সংবাদ পাওয়া মাত্রই দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম তালুকদারের নির্দেশে এসআই তানজির আহমেদ একদল পুলিশ ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। পুলিশের চৌকস তৎপরতায় এলাকা ছেড়ে পালানোর আগেই অভিযুক্ত ধর্ষক আলী হোসেনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামি আলী হোসেন কিরণপাড়া গ্রামের মৃত মোতালেব হোসেনের পুত্র। ?ঘটনার সত্যতা নিশ্চিত করে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম তালুকদার জানান, খবর পাওয়া মাত্রই পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসামিকে গ্রেপ্তার করেছে। ভিকটিমের আইনি সুরক্ষা ও ডাক্তারি পরীক্ষার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। এই ঘটনায় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে বলেও প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। এদিকে এই ঘটনার পর কিরণপাড়া এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় এলাকাবাসী ধর্ষক আলী হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
